খুঁজুন
                               
, ,
           

যুদ্ধের খরচ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করার পথে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ণ
যুদ্ধের খরচ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করার পথে ইউক্রেন

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ব্যয় মেটাতে নতুন রাজস্বের উৎস খুঁজছে ইউক্রেন। এর অংশ হিসেবে দেশটিতে পর্নোগ্রাফি বা প্রাপ্তবয়স্কদের কনটেন্ট তৈরির ব্যবসাকে আইনি কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আইনপ্রণেতাদের ধারণা, এই খাত বৈধ হলে সরকার প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ কর আদায় করতে পারবে, যা যুদ্ধের ব্যয়ে ব্যবহার করা সম্ভব হবে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের পার্লামেন্টের অর্থবিষয়ক কমিটির চেয়ারম্যান ইয়ারোস্লাভ ঝেলেজনিয়াকের সমর্থিত একটি বিলে প্রাপ্তবয়স্কদের বিনোদনশিল্পকে বৈধ অর্থনীতির আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। ঝেলেজনিয়াকের হিসাব অনুযায়ী, এই খাত থেকে বছরে সর্বোচ্চ ২ কোটি ৫০ লাখ ডলার কর আদায় হতে পারে।

এই অর্থ দিয়ে প্রায় ৩০ হাজার ড্রোন কেনা সম্ভব বলে জানিয়েছেন তিনি। যুদ্ধের সময়ে ইউক্রেনের জন্য এমন রাজস্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট আইনপ্রণেতারা।

বর্তমানে ইউক্রেনে পর্নোগ্রাফি তৈরি, সংরক্ষণ বা ছড়িয়ে দেওয়া বেআইনি। এসব কর্মকাণ্ডের জন্য সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। তবে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশটিতে অনলাইনভিত্তিক প্রাপ্তবয়স্কদের কনটেন্টের ব্যবসা চলছে।

সমস্যা আরও জটিল হয়েছে কর আদায়ের উদ্যোগকে ঘিরে। কারণ, কোনো কনটেন্ট নির্মাতা নিজের আয় সরকারকে জানালে একই সঙ্গে তিনি এমন একটি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার বিষয়ও প্রকাশ করছেন, যা বর্তমান আইনে অপরাধ।

ঝেলেজনিয়াকের ভাষায়, কনটেন্ট নির্মাতাদের কেউ কর না দিলে কর ফাঁকির অভিযোগে পড়তে পারেন, আবার কর দিলে বেআইনি কনটেন্ট তৈরির অভিযোগে ফৌজদারি মামলার মুখোমুখি হওয়ার ঝুঁকি রয়েছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে ইউক্রেনের কয়েকটি অঞ্চলে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগের কথাও বলা হয়েছে। দেশটির প্রধান প্রসিকিউটরের কার্যালয় এমন কয়েকটি ঘটনা শনাক্ত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অভিযোগ রয়েছে, কোনো কোনো কর্মকর্তা সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত ঘুষ নিয়েছেন।

এদিকে ইউক্রেনে অনলাইন প্রাপ্তবয়স্কদের কনটেন্টের বাজারও বেশ বড়। জার্নালের উদ্ধৃত তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশটির প্রায় ৭ হাজার ৯০০ জন কনটেন্ট নির্মাতা অনলি ফ্যানসের মাধ্যমে ১৩ কোটি ১০ লাখ ডলারের বেশি আয় করেছেন।

কর কর্তৃপক্ষের নজরদারি ও আইনি জটিলতার কারণে কয়েকজন কনটেন্ট নির্মাতা ইতোমধ্যে সমস্যায় পড়েছেন। কারও কারও বিরুদ্ধে কর ফাঁকির পাশাপাশি বেআইনি কনটেন্ট তৈরির অভিযোগও আনা হয়েছে।

অনলি ফ্যানসের কনটেন্ট নির্মাতা স্বিতলানা দভোরনিকোভা দাবি করেছেন, পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে নগদ অর্থ, ল্যাপটপ ও হার্ডড্রাইভ নিয়ে যায়। তাঁর অভিযোগ, মামলা বন্ধ করার বিনিময়ে তাঁকে ঘুষ দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল।

পরে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে আবেদন করেন। নিজেকে একজন ‘সচেতন করদাতা’ হিসেবে উল্লেখ করে তিনি জানান, প্রায় ৯ লাখ ডলার কর দিতে প্রস্তুত তিনি। তবে কর দেওয়ার পরও যেন তাঁকে অপরাধী হিসেবে বিবেচনা করা না হয়—এমন দাবি জানান তিনি।

ওই আবেদনে দ্রুত ব্যাপক সাড়া পড়ে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মাত্র এক সপ্তাহে ২৫ হাজারের বেশি মানুষ এতে স্বাক্ষর করেন।

আবেদনে ব্যাপক সাড়া পাওয়ার পর প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, পর্নোগ্রাফি বৈধ করার বিষয়ে ঝেলেজনিয়াকের প্রস্তাব পার্লামেন্টে বিবেচনা করা হবে। কয়েকজন আইনপ্রণেতা যৌথভাবে এ বিষয়ে বিলটি তৈরি করেছেন।

জুলাইয়ে বিলটি ইউক্রেনের পার্লামেন্টে প্রথম দফায় অনুমোদনও পেয়েছে। এটি চূড়ান্তভাবে পাস হলে দেশটির প্রাপ্তবয়স্কদের বিনোদনশিল্প একটি আইনি কাঠামোর মধ্যে আসতে পারে। একই সঙ্গে সরকার এ খাত থেকে নিয়মিত কর আদায়ের সুযোগ পাবে।

যুদ্ধের ব্যয় মেটাতে ইউক্রেন যখন নতুন অর্থের উৎস খুঁজছে, তখন বিতর্কিত এই খাতকে বৈধ করার উদ্যোগ দেশটিতে নতুন করে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক তৈরি করেছে।

কালের আলো/এসএ

 

মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে গিয়ে কয়েকটি যানবাহনে আঘাত করেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা সংকটজনক।

স্থানীয় সময় রোববার দুপুর ২টার কিছু আগে প্রাইম এয়ারের ফ্লাইট ৭৫৯৮ বিমানবন্দরের একটি রানওয়ে থেকে বেরিয়ে পাশের সড়কে চলে যায়। এরপর এটি কয়েকটি যানবাহনে আঘাত করে এবং আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় বিমানটির পাইলট ও কো-পাইলট ককপিটে আটকা পড়েছিলেন। কয়েকটি গাড়ির আরোহীকেও উদ্ধার করতে হয়েছে।

মায়ামি-ডেড ফায়ার রেসকিউয়ের প্রধান রে জাদাল্লাহ জানান, দুর্ঘটনার পর ৬০টির বেশি উদ্ধারকারী ইউনিট এবং প্রায় ২০০ জন কর্মী ঘটনাস্থলে কাজ শুরু করেন। উড়োজাহাজটি থেকে জ্বালানি চুইয়ে পড়ায় উদ্ধারকাজের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণেও কাজ করতে হয় জরুরি বিভাগের কর্মীদের।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। উড়োজাহাজে থাকা পাইলট ও কো-পাইলটের অবস্থা সম্পর্কেও প্রাথমিক পর্যায়ে বিস্তারিত জানানো হয়নি।

দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি ছিল ৩২ বছর পুরোনো বোয়িং ৭৬৭-৩০০ ফ্রেইটার। এটি পুয়ের্তো রিকোর সান জুয়ান থেকে মায়ামিতে যাচ্ছিল। ১৯৯৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত উড়োজাহাজটি বিভিন্ন এয়ারলাইনসে যাত্রীবাহী বিমান হিসেবে ব্যবহৃত হয়। পরে এটিকে কার্গো বিমানে রূপান্তর করা হয়।

অ্যামাজনের পক্ষ থেকে জানানো হয়েছে, কার্গো এয়ারলাইন ২১ এয়ার উড়োজাহাজটি অ্যামাজনের হয়ে পরিচালনা করছিল। ২১ এয়ার দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং তদন্তে সহযোগিতার কথা বলেছে।

ফ্লাইট ট্র্যাকিং প্রতিষ্ঠান ফ্লাইটরেডার২৪-এর তথ্য অনুযায়ী, রানওয়ে ছাড়ার সময় বিমানটির গতি ছিল ঘণ্টায় প্রায় ১২৯ মাইল বা ১১২ নট। দুর্ঘটনার পর পাওয়া ছবিতে উড়োজাহাজটির সামনের অংশ মাটিতে পড়ে থাকতে এবং পেছনের অংশ উঁচু হয়ে থাকতে দেখা যায়। বিমানটির ডান পাশে পোড়া দাগও দেখা গেছে।

দুর্ঘটনার পর মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে সন্ধ্যার দিকে চারটি রানওয়ের মধ্যে দুটি আবার চালু করা হয়। দুর্ঘটনার প্রভাবে ১৬০টির বেশি ফ্লাইট বাতিল এবং প্রায় ৩২৫টি ফ্লাইট বিলম্বিত হয় বলে এপি জানিয়েছে।

দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) তদন্ত শুরু করেছে। তদন্তে উড়োজাহাজটির অবতরণের ধরন, আবহাওয়া, রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হবে। দুর্ঘটনার সময় এলাকায় বজ্রঝড় ও ঘণ্টায় প্রায় ৩০ মাইল পর্যন্ত দমকা বাতাস ছিল বলেও এপি জানিয়েছে।

এটি অ্যামাজন প্রাইম এয়ারের হয়ে পরিচালিত উড়োজাহাজের প্রথম প্রাণঘাতী দুর্ঘটনা নয়। ২০১৯ সালে অ্যামাজনের হয়ে পরিচালিত অ্যাটলাস এয়ারের একটি বোয়িং ৭৬৭ টেক্সাসে বিধ্বস্ত হলে উড়োজাহাজটিতে থাকা তিনজনই নিহত হয়েছিলেন।

সূত্রঃ রয়টার্স

কালের আলো/এসএ

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত দেওয়া শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত দেওয়া শুরু

অনিয়ম ও জালিয়াতির কারণে সংকটে পড়া পাঁচটি ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের জমা টাকার মূল অংশ ফেরত দেওয়া শুরু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে সংশ্লিষ্ট শাখা ও উপশাখার মাধ্যমে গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হচ্ছে।

আমানতের অর্থ ফেরত দিতে গত ১ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত গ্রাহকদের কাছ থেকে আবেদন নেওয়া হয়। ছয় দিনে মোট ৭৫ হাজার গ্রাহক টাকা ফেরতের জন্য আবেদন করেছেন। এসব আবেদনের বিপরীতে গ্রাহকদের চাহিদার পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৯২৫ কোটি টাকা।

ব্যাংক সূত্রে জানা গেছে, গ্রাহকদের অর্থ ফেরত দিতে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ৫ হাজার কোটি টাকা সরবরাহ করেছে। আবেদন যাচাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে গ্রাহকদের চাহিদা অনুযায়ী সংশ্লিষ্ট শাখায় অর্থ পাঠানো হচ্ছে। এরপর গ্রাহকরা নিজ নিজ শাখা বা উপশাখা থেকে টাকা তুলতে পারবেন।

তবে আপাতত ব্যক্তি আমানতকারীদের শুধু জমার মূল টাকা ফেরত দেওয়া হচ্ছে। আমানতের ওপর অর্জিত মুনাফা পরবর্তী সময়ে পরিশোধ করা হবে। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ঘোষিত স্কিমের বাইরে এখনই অর্থ উত্তোলনের সুযোগ থাকছে না।

সংকটাপন্ন পাঁচটি ব্যাংক—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক—একীভূত করে অন্তর্বর্তী সরকারের সময়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়।

ব্যাংকগুলোর প্রায় ৭৬ লাখ আমানতকারীর মোট জমার পরিমাণ প্রায় ১ লাখ ৪২ হাজার কোটি টাকা। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের সঞ্চয়ী হিসাবে রয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা। অন্যদিকে ব্যাংকগুলোর মোট প্রায় ১ লাখ ৯২ হাজার কোটি টাকা ঋণের প্রায় ৮৬ শতাংশই খেলাপি হয়ে পড়েছে।

নবগঠিত ব্যাংকটির ৩০ হাজার কোটি টাকার মূলধনের মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা দিয়েছে। দীর্ঘদিন ধরে আমানতের অর্থ ফেরত না পাওয়ায় গ্রাহকদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছিল, টাকা ফেরত দেওয়ার এই উদ্যোগে তা কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

কালের আলো/এসকে/এমএসআইপি 

স্থায়ীভাবে এআই নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ণ
স্থায়ীভাবে এআই নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর

মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যেতে পারে-এমন ‘সুপারইন্টেলিজেন্ট’ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থা স্থায়ীভাবে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। একই সঙ্গে উন্নত এআই প্রযুক্তির বিকাশ সাময়িকভাবে স্থগিত রাখারও দাবি জানিয়েছেন তিনি।

এ উদ্দেশ্যে গত বৃহস্পতিবার একটি নতুন বিল উপস্থাপন করেছেন স্যান্ডার্স। প্রস্তাবিত বিলটি আইনে পরিণত হলে নিষিদ্ধ ঘোষিত সুপারইন্টেলিজেন্ট এআই ব্যবস্থা তৈরির সঙ্গে যুক্ত নির্বাহী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় এআই প্রতিষ্ঠানগুলো ক্রমাগত আরও শক্তিশালী মডেল ও প্রযুক্তি তৈরি করছে। এর ফলে অত্যন্ত ক্ষমতাধর এআই ব্যবস্থাকে কীভাবে নিয়ন্ত্রণে রাখা হবে এবং এসব প্রযুক্তি ভবিষ্যতে কী ধরনের ঝুঁকি তৈরি করতে পারে, তা নিয়ে উদ্বেগও বাড়ছে। এমন পরিস্থিতিতেই স্যান্ডার্সের এই উদ্যোগ সামনে এসেছে।

স্যান্ডার্স দীর্ঘদিন ধরেই উন্নত এআই প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক করে আসছেন। তাঁর মতে, মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে—এমন অত্যন্ত শক্তিশালী এআই প্রযুক্তির বিকাশের আগে এর সম্ভাব্য ঝুঁকি ও সামাজিক প্রভাব নিয়ে যথেষ্ট সতর্কতা প্রয়োজন।

এআই নিয়ে উদ্বেগের কারণ হিসেবে স্যান্ডার্স ওপেনএআইয়ের এআই এজেন্টের কথাও উল্লেখ করেছেন। তাঁর দাবি, এ ধরনের প্রযুক্তি ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত বা বেআইনি কর্মকাণ্ডে ব্যবহৃত হওয়ার ঝুঁকি তৈরি করতে পারে।

স্যান্ডার্সের প্রস্তাবিত বিলটি মূলত মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাওয়া এআই ব্যবস্থার বিকাশ ঠেকানো এবং উন্নত এআই প্রযুক্তির ওপর কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যেই আনা হয়েছে। তবে বিলটি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাস হয়ে আইনে পরিণত হবে কি না, তা এখনো অনিশ্চিত।

কালের আলো/এসএ