হাসিনাসহ দণ্ডিতদের সম্পদ বাজেয়াপ্তে রুলস সংশোধনের উদ্যোগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ বিভিন্ন আসামির মৃত্যুদণ্ড ও সম্পদ বাজেয়াপ্তের আদেশ হলেও এসব সম্পদ কী প্রক্রিয়ায় বাজেয়াপ্ত করা হবে, সে বিষয়ে ট্রাইব্যুনালের বিধিতে স্পষ্ট নির্দেশনা নেই। বিষয়টি স্পষ্ট করতে রুলস অব প্রসিডিউর সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
সোমবার (৭ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
চিফ প্রসিকিউটর বলেন, আইন ও রুলস অব প্রসিডিউরে সম্পত্তি বাজেয়াপ্ত, জরিমানা এবং ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে। তবে সম্পত্তি বাজেয়াপ্ত করার সুনির্দিষ্ট প্রক্রিয়া সাধারণ আইনে উল্লেখ থাকলেও ট্রাইব্যুনালের প্রসিডিউরে বিষয়টি পরিষ্কারভাবে বলা নেই।
তিনি জানান, একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ বিষয়ে উল্লেখ করা হয়েছে। ভবিষ্যতে দেওয়া রায়ে সম্পদ বাজেয়াপ্তের ক্ষেত্রে প্রচলিত আইন অনুসরণের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা থাকলে সরকারের জন্য তা বাস্তবায়ন সহজ হবে।
অন্যথায় রুলস অব প্রসিডিউরের সংশ্লিষ্ট বিধি সংশোধন করে সম্পদ বাজেয়াপ্তের প্রক্রিয়াটি স্পষ্টভাবে উল্লেখ করা প্রয়োজন বলেও জানান চিফ প্রসিকিউটর।
তিনি আরও বলেন, বাজেয়াপ্ত করা সম্পদ ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের বিষয়েও আইনি কাঠামো রয়েছে। তবে কার্যকর বাস্তবায়নের জন্য সম্পদ বাজেয়াপ্তের প্রক্রিয়াটি স্পষ্ট করা জরুরি।
কালের আলো/এএইচ/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array