খুঁজুন
                               
, ,
           

আধুনিক সড়কের পাশে বাঁশের সাঁকো, নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ১০ পরিবার

কাজিপুর(সিরাজগঞ্জ)প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ণ
আধুনিক সড়কের পাশে বাঁশের সাঁকো, নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ১০ পরিবার

সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিয়ারা চরপাড়ায় একটি সেতুর অভাবে দীর্ঘ ৪০ বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন ১০টির বেশি পরিবার। পাকা সড়ক থেকে মাত্র ৩০ ফুট দূরে হলেও মাঝখানে থাকা খালের কারণে বর্ষাকালে পুরো এলাকা প্রায় ছয় মাস বিচ্ছিন্ন হয়ে পড়ে।

স্থানীয়রা জানান, শুকনো মৌসুমেও খাল পারাপারে ভোগান্তি রয়েছে। আর বর্ষায় খালে ১০ ফুটের বেশি পানি জমলে চরপাড়াটি চারদিক থেকে পানিতে ঘেরা হয়ে যায়। তখন শিশু, শিক্ষার্থী, নারী, বয়োবৃদ্ধ ও প্রতিবন্ধীদের ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো কিংবা পানি পেরিয়ে চলাচল করতে হয়।

প্রতিবছর স্থানীয়দের নিজেদের উদ্যোগে খালের ওপর বাঁশের সাঁকো তৈরি করতে হয়। তবে সরু ও ঝুঁকিপূর্ণ এই সাঁকো দিয়ে চলাচলের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, এরই মধ্যে অনেক শিশু ও বয়োবৃদ্ধ সাঁকো থেকে পড়ে আহত হয়েছেন।

চরপাড়ার বাসিন্দা আব্দুল কাদের জানান, প্রায় ৪০ বছর আগে তার বাবা কুড়ান মণ্ডল খালের ওপারে বাড়ি করেন। পরে যমুনার ভাঙনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার মানুষ সেখানে বসতি গড়েন। বর্তমানে চরপাড়ায় ১০টির বেশি পরিবার রয়েছে। এসব পরিবারের মধ্যে প্রায় ১৫ জন শিক্ষার্থীসহ শিশু, প্রতিবন্ধী, অসুস্থ ও বয়োবৃদ্ধ মানুষ রয়েছেন।

তিনি বলেন, বর্ষার শুরু থেকে প্রায় ছয় মাস খালে পানি থাকে। তখন পুরো পাড়াটি দ্বীপের মতো বিচ্ছিন্ন হয়ে পড়ে। নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করলেও সেটি নিরাপদ নয়।

স্থানীয় বাসিন্দা ফজলার রহমান বলেন, ‘আমার জীবন তো চলেই গেল। কিন্তু নাতি-নাতনিরা খুব দুর্ভোগে আছে। ওরা স্কুলে যায়।’

পিয়ারা খাতুন জানান, একটি সেতুর জন্য গত কয়েক বছরে পৌরসভার মেয়রের কাছে একাধিকবার লিখিত আবেদন করেছেন। সর্বশেষ গত ২৬ জুলাই পৌর প্রশাসকের কাছেও আবেদন করা হয়েছে। প্রায় ৪০ বছর ধরে অপেক্ষার পর এবার অন্তত পরবর্তী প্রজন্মের জন্য একটি সেতু চান তারা।

আরেক বাসিন্দা জোৎস্না খাতুন বলেন, ‘রিলিফ চাই না, ব্রিজ চাই। হাত-পা ভালো আছে, খাইটা খাইতে পারি। এটা আমার প্রাণের দাবি।’

সেতুর অভাবে শুধু চলাচল নয়, সামাজিক ও পারিবারিক জীবনেও প্রভাব পড়ছে বলে জানান স্থানীয়রা। বিউটি খাতুন বলেন, বাড়িঘরের উন্নয়ন করা যায় না। এমনকি বিয়ের উপযুক্ত ছেলে-মেয়ে থাকলেও যোগাযোগব্যবস্থার দুরবস্থা দেখে অনেক সময় বিয়ের সম্বন্ধও এগোয় না।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, কাজিপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে প্রায় ১ হাজার ৩০৩ মানুষের বসবাস। এখানে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চারটি মসজিদ রয়েছে। তবে পৌরসভার অন্যান্য এলাকার তুলনায় নাগরিক সুযোগ-সুবিধা কম বলে অভিযোগ তাদের।

কাজিপুর পৌরসভায় দীর্ঘদিন দায়িত্ব পালন করা প্রকৌশলী রফিকুল ইসলাম (লিটন) জানান, ‘টেকসই উন্নয়ন’ প্রকল্পের আওতায় কয়েকটি সেতু ও কালভার্ট নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বর নাগাদ প্রকল্পটি অনুমোদন হতে পারে।

তবে চরপাড়ার নির্দিষ্ট সেতুর বিষয়ে কাজিপুর পৌরসভার নবনিযুক্ত প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীনের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘ চার দশকের দুর্ভোগের অবসান ঘটিয়ে দ্রুত খালের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হবে।

কালের আলো/এএইচ/এমএসআইপি

পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও জেলায় বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, এসবি ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল হোসেন সরকারকে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার, এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এবং গাজীপুরের কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে কিশোরগঞ্জের কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।

এ ছাড়া কিশোরগঞ্জের কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেনকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, এসবির অতিরিক্ত পুলিশ সুপার মাহিন ফারাজীকে বরিশালের গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার তানজিনা চৌধুরীকে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার এবং র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আরিফ রাইয়ানকে চট্টগ্রামের পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।

অন্যদিকে, গাইবান্ধার বি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলামকে গাজীপুরের কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং বরিশালের গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ মো. আনসার উদ্দীনকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে।

নির্ধারিত সময়ে দায়িত্বভার অর্পণ না করলে ২০ সেপ্টেম্বর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

সৌদিতে সড়ক দুর্ঘটনায় চালকসহ ৪ বাংলাদেশি নিহত

সিলেট প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৯ অপরাহ্ণ
সৌদিতে সড়ক দুর্ঘটনায় চালকসহ ৪ বাংলাদেশি নিহত

সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চালকসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত চারজনের সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। এরই মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন—করিম উদ্দিন ও খালিদ মিয়া। নিহত অপর দুজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

জানা গেছে, জেদ্দা বিমানবন্দরের উদ্দেশে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই চার বাংলাদেশির মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় কনস্যুলেটের কর্মকর্তারা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

কালের আলো/এসকে/এমএসআইপি 

যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি ইসরাইলি মন্ত্রীদের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৪ অপরাহ্ণ
যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি ইসরাইলি মন্ত্রীদের

ফিলিস্তিনের দখলকৃত এলাকায় ইসরাইলি বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ সরকারের এমন উদ্যোগের প্রতিক্রিয়ায় দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন ইসরাইলের দুই মন্ত্রী।

ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন। ব্রিটেন ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নিয়ে ‘ইহুদিবিদ্বেষী সরকারের’ মতো আচরণ করছে বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, ইসরাইলের নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি যুক্তরাজ্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। এ সময় তিনি দক্ষিণ আটলান্টিকের ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা বিরোধের বিষয়টিও সামনে আনেন।

বেন-গভির দাবি করেন, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার ভূখণ্ড এবং ব্রিটেন সেখানে ‘দখলদারত্ব’ বজায় রেখেছে। দ্বীপপুঞ্জে আর্জেন্টিনার সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়া এবং ব্রিটিশ নিয়ন্ত্রণ অব্যাহত থাকা পর্যন্ত যুক্তরাজ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান তিনি।

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে বিরোধ রয়েছে। প্রায় ৩ হাজার ৬০০ বাসিন্দার এই দ্বীপপুঞ্জের অধিকাংশ মানুষ ব্রিটিশ শাসনের পক্ষে বলে জানা যায়।

এদিকে, ব্রিটিশ সরকারের নতুন পদক্ষেপের মধ্যে ইসরাইলি বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করার পরিকল্পনাও রয়েছে। এর আগে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার সতর্ক করে বলেছিলেন, যুক্তরাজ্য ইসরাইলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে তারাও পাল্টা ব্যবস্থা নেবে।

ব্রিটিশ সরকারের পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনও আপত্তি জানাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের কাছে ইসরাইলি মন্ত্রীদের বক্তব্যের বিষয়ে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

কালের আলো/ডিএইচ/এমএসআইপি