ভেনিসে বাঁধনের ওপর হামলার অভিযোগ, ক্ষোভে ফেটে পড়লেন পরীমনি
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পৃথক স্ট্যাটাসে ঘটনার প্রতিবাদ জানান তিনি।
ভেনিসে অবস্থানকালে এক ভিডিওবার্তায় নিজের ওপর হামলার অভিযোগ করেন বাঁধন। তার দাবি, সেখানে কয়েকজন ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং শারীরিকভাবে আঘাত করেন। একই সঙ্গে তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
বাঁধন আরও জানান, এ সময় তার সঙ্গে থাকা ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ও বাঁধনের বক্তব্য ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়।
ঘটনার প্রতিবাদ জানিয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ফেসবুক পেজে প্রকাশিত খবর শেয়ার করেন পরীমনি। সেখানে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘বেশি কিছু না। কতগুলা কুত্তার বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে।’
এরপর দেওয়া আরেকটি পোস্টে পরীমনি লেখেন, ‘এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না। করেও নাই।’
পরীমনির এসব মন্তব্যের পর বিষয়টি নিয়ে শোবিজ অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে বাঁধনের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য বা ঘটনার বিস্তারিত তদন্তসংক্রান্ত তথ্য এখনো সামনে আসেনি।
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array