ভারতের কোচ হওয়ার গুঞ্জনে মুখ খুললেন নেহরা, বললেন ‘আমার কোনো প্ল্যান নেই’
ভারতের প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে যখন নানা আলোচনা চলছে, তখন সম্ভাব্য বিকল্প হিসেবে সামনে এসেছে একাধিক নাম। এর মধ্যে ভিভিএস লক্ষ্মণের পাশাপাশি সাবেক ভারতীয় পেসার আশীষ নেহরার নামও আলোচনায় রয়েছে। তবে জাতীয় দলের কোচ হওয়া নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নেহরা।
বর্তমানে আইপিএলের দল গুজরাট টাইটান্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন নেহরা। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে ভারতের কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেন তিনি।
নেহরা বলেন, “আমি কখনো উচ্চাকাঙ্ক্ষা শব্দটা বিশ্বাস করি না। আমার কোনো প্ল্যান নেই। তবে দেশের কোচ হতে পারা সম্মানের হবে। কিন্তু এসব নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই। ভবিষ্যতে কী হবে, সেটা দেখা যাবে। আমি যেখানে আছি, সেটা নিয়ে খুশি।”
আইপিএলে গুজরাট টাইটান্সকে প্রথমবার কোচিং করিয়েই সাফল্য এনে দেন নেহরা। পরবর্তী সময় শুভমান গিলকে সঙ্গে নিয়েও দলকে সাফল্যের পথে রাখেন তিনি। এর ফলে কোচ হিসেবে তার গ্রহণযোগ্যতা আরও বেড়েছে।
তবে দলের সাফল্যকে নিজের একার কৃতিত্ব হিসেবে দেখতে চান না নেহরা। তার মতে, ক্রিকেটে সাফল্যের জন্য কোচ ও অধিনায়কের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, “গুজরাট টাইটান্সের প্রসঙ্গ এলে অনেকে বলেন, আমি কোচিংয়ে ভালো করছি। কিন্তু সাফল্য শুধু আমার একার জন্য আসছে না, এটা পুরো দলের সাফল্য। সব সময় অধিনায়ক ও কোচকে একসঙ্গে কাজ করতে হবে। ভারতীয় দলেও এরকম হওয়া উচিত।”
ভারতের কোচ হওয়ার বিষয়ে অবশ্য শেষ পর্যন্ত মজার ছলেই উত্তর দেন নেহরা। তিনি বলেন, “কোচ হব কি না, সেই বিষয়ে উত্তর দেওয়ার জন্য এখনই সঠিক সময় নয়। আমাকে হাইকমিশনারের সঙ্গে কথা বলতে হবে—যেটা আমার স্ত্রী। না বললে ডিভোর্স হয়ে যাবে।”
এরপর আন্তর্জাতিক ক্রিকেটের কোচিংয়ের কঠিন দিক তুলে ধরে নেহরা বলেন, বছরে আট-নয় মাস ভ্রমণ করতে হয় বলে দীর্ঘ সময় জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করাও সহজ নয়। তার মতে, এ কারণেই কোনো কোচের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে তিন-চার বছরের বেশি সময় থাকা কঠিন হয়ে পড়ে।
এদিকে গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে ভারতীয় ক্রিকেটে আলোচনা চললেও নেহরার বক্তব্যে আপাতত স্পষ্ট, জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে নিজের পক্ষ থেকে কোনো আগ্রহের ঘোষণা দিচ্ছেন না তিনি।
কালের আলো/এসএ



আপনার মতামত লিখুন
Array