লুট হওয়া অস্ত্র উদ্ধারে র্যাবের বিশেষ অভিযান, তথ্যদাতাকে পুরস্কার
দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে র্যাব। একই সঙ্গে হারানো সরকারি অস্ত্রের সন্ধান দিতে তথ্যদাতাদের সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালিত হবে। এ অভিযানে র্যাবকে প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
র্যাব জানিয়েছে, হারানো সরকারি অস্ত্রের বিষয়ে সঠিক তথ্য দিলে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং নিরাপদে পুরস্কার দেওয়া হবে। তথ্য দিতে র্যাবের হটলাইন নম্বর ০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩, ০১৭৭৭৭১১৪৪৪ ও ০২৫৫৬৬৯৯৯৯-এ যোগাযোগ করা যাবে। এসব নম্বরে ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ভাইবারের মাধ্যমেও তথ্য দেওয়া যাবে।
এর আগে গত ২৯ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ একটি ইউনিট কাজ শুরু করেছে। তিনি বলেছিলেন, ভারী অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা এবং পিস্তল, রিভলভার ও শটগানের মতো অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
এ ছাড়া সাউন্ড গ্রেনেড, লুট হওয়া টিয়ারগ্যাস সেলসহ অন্যান্য অস্ত্র উদ্ধারে সহযোগিতার ক্ষেত্রে ১০ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার কথাও জানানো হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে। নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়া বাতিল অস্ত্রের লাইসেন্সধারীদের অস্ত্রগুলো অবৈধ হিসেবে গণ্য করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array