আগস্ট মাসে দেশের ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে। উৎপাদন ও সেবা খাতে সংকোচন হলেও কৃষি ও নির্মাণ খাত ইতিবাচক ধারায় রয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) প্রকাশিত আগস্টের পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ের তুলনায় আগস্টে দেশের সার্বিক পিএমআই সূচক ৭ দশমিক ৯ পয়েন্ট কমে ৪৯ দশমিক ৯-এ নেমেছে। সূচক ৫০-এর নিচে থাকলে সংশ্লিষ্ট অর্থনৈতিক কর্মকাণ্ডে সংকোচনের ইঙ্গিত পাওয়া যায়।
উৎপাদন খাতে সবচেয়ে বড় পতন দেখা গেছে। আগস্টে এ খাতের পিএমআই ১৮ পয়েন্ট কমে ৪৭ দশমিক ৪-এ নেমেছে। নতুন অর্ডার, রপ্তানি আদেশ, উৎপাদন, কাঁচামাল ক্রয়, আমদানি ও কর্মসংস্থান—প্রায় সব সূচকেই সংকোচন হয়েছে।
সেবা খাতও দীর্ঘ ২২ মাস পর প্রথমবারের মতো সংকুচিত হয়েছে। এ খাতের সূচক ৬ দশমিক ৮ পয়েন্ট কমে ৪৯ দশমিক ২-এ দাঁড়িয়েছে। বিশেষ করে কর্মসংস্থানে উল্লেখযোগ্য পতন দেখা গেছে।
অন্যদিকে, কৃষি খাত টানা প্রায় ১২ মাস সম্প্রসারণের ধারা ধরে রেখেছে। আগস্টে কৃষির পিএমআই ১ দশমিক ৩ পয়েন্ট বেড়ে ৫৬ দশমিক ৫ হয়েছে। একইভাবে নির্মাণ খাতও সংকট কাটিয়ে সম্প্রসারণের ধারায় ফিরেছে; এ খাতের সূচক দাঁড়িয়েছে ৫২ দশমিক ৪-এ।
ব্যবসায়ীরা ব্যাংকঋণ পাওয়া কঠিন হওয়া, বিদ্যুৎ ও গ্যাসের ঘাটতি এবং তৈরি পোশাক খাতে বৈশ্বিক অর্ডার কমে যাওয়াকে উৎপাদন খাতের মন্থরতার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও ড. এম. মাসরুর রিয়াজ বলেন, আগস্টে পিএমআই ৫০-এর নিচে নামলেও দেশের অর্থনীতির অন্তর্নিহিত স্থিতিস্থাপকতা রয়েছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা, সহজ শর্তে অর্থায়ন নিশ্চিত করা এবং ব্যবসাবান্ধব নীতি গ্রহণ করা গেলে অর্থনীতি আবারও গতি ফিরে পেতে পারে।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি













-20261121140412.jpg)






