ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর, মনোনয়ন ২৭ সেপ্টেম্বর
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরদিন ২১ আগস্ট বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর ২২ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, ২১ আগস্ট রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকেই আসনটি শূন্য হয়েছে বলে জানানো হয়।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array