স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ সবার: প্রতিমন্ত্রী
দলীয় প্রতীক ও মনোনয়ন ছাড়া স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আইন অনুযায়ী যোগ্যতা থাকা যেকোনো দলের প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলম বৈঠক করেন।
নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হলে বিএনপির অবস্থান কী হবে—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এখানে আওয়ামী লীগ হিসেবে কেউ নির্বাচন করবে না। কারণ, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন ও প্রতীক থাকছে না।
তিনি বলেন, সরকারের অবস্থান পরিষ্কার—এটি দলীয় নির্বাচন নয়। তাই আইন অনুযায়ী বৈধ প্রার্থী হিসেবে যাদের যোগ্যতা রয়েছে, তারা সবাই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
মীর শাহে আলম জানান, স্থানীয়ভাবে দল সমর্থিত প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। উপজেলা বিএনপি সংশ্লিষ্ট ইউনিয়নে একজন সমর্থিত প্রার্থী ঠিক করে দিতে পারে। সব ইউনিয়নে একক সমর্থিত প্রার্থী রাখার জন্য দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকেও স্থানীয় নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোনো আলাদা অবস্থান নেবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব হবে নির্বাচন কমিশনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করা।
তিনি আরও বলেন, বৈধ প্রার্থীরা যাতে নিরাপদে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারেন এবং সুষ্ঠুভাবে ভোটে অংশ নিতে পারেন, সে জন্য নির্বাচন কমিশনকে স্থানীয় প্রশাসন ও কেন্দ্রীয় প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা করবে।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array