র্যাবের জায়গায় এসআরবি, সংসদে আইন পাস
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিরোধী দলের আপত্তির মধ্যেই কণ্ঠভোটে বিলটি পাস হয়। বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
এর আগে ৩ সেপ্টেম্বর বিলটি সংসদে উত্থাপনের পর যাচাই-বাছাইয়ের জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়। বুধবার (৯ সেপ্টেম্বর) কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপন করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
বিলটির ওপর বিরোধী দল সাতটি আপত্তি জানায়। তাদের বক্তব্য, র্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী গঠনের আগে জাতীয় পর্যায়ে যথাযথ পরামর্শ, স্বাধীন নজরদারি ও শক্তিশালী জবাবদিহির ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। র্যাবের জনবল, সম্পদ ও রেকর্ড সরাসরি এসআরবিতে হস্তান্তর, গ্রেপ্তার ও আটকের ক্ষমতা এবং অভিযোগ তদন্তের কাঠামো নিয়েও তারা আপত্তি তোলে।
বিরোধী দলীয় নেতা বলেন, র্যাব বিলুপ্ত করে নতুন নামে একই ধরনের বাহিনী গঠন জনগণ ও বিশ্ব সম্প্রদায়ের প্রত্যাশা পূরণ করবে না। তিনি বিলটি পাস না করার আহ্বান জানান।
পাস হওয়া আইনে জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমন এবং পুলিশ বাহিনীকে সহায়তার জন্য এসআরবি গঠনের বিধান রাখা হয়েছে। ইউনিটটির সদর দপ্তর হবে ঢাকায়। একজন মহাপরিচালকের নেতৃত্বে পরিচালিত হবে এসআরবি।
আইনে এসআরবিকে বেআইনি অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার, মাদক ও সাইবার অপরাধ দমন, গুম ও ভূমিদস্যুতার বিরুদ্ধে ব্যবস্থা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মানবপাচার ও অপহরণসহ বিভিন্ন অপরাধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। আদালত, সরকার বা পুলিশ মহাপরিদর্শকের নির্দেশে ফৌজদারি অপরাধ তদন্তও করতে পারবে ইউনিটটি।
এ ছাড়া এসআরবির সদস্যদের কোনো স্থানে প্রবেশ, তল্লাশি, জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা থাকবে। তবে এসব ক্ষমতা ফৌজদারি কার্যবিধি ও প্রচলিত আইন অনুযায়ী প্রয়োগ করতে হবে। গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা আলামত অনতিবিলম্বে নিকটবর্তী থানার হেফাজতে হস্তান্তরের বিধান রাখা হয়েছে।
শৃঙ্খলা ভঙ্গের জন্য বরখাস্ত, অপসারণ, বাধ্যতামূলক অবসর, পদাবনতি, পদোন্নতি বন্ধসহ বিভিন্ন শাস্তির বিধান রাখা হয়েছে। তবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কোনো সদস্যকে শাস্তি দেওয়া যাবে না। বিভাগীয় আদেশের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিলের সুযোগও থাকবে।
আইনে সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত ও অভ্যন্তরীণ সংক্ষোভ নিরসনে অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। কমিটিতে এসআরবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, বিচার বিভাগ এবং মানবাধিকার বিষয়ে অভিজ্ঞ ব্যক্তির প্রতিনিধিত্ব থাকবে।
আইন কার্যকর হওয়ার সঙ্গে র্যাব গঠনসংক্রান্ত সংশ্লিষ্ট বিধান রহিত হবে। একই সঙ্গে র্যাবের জনবল, ক্ষমতা, সম্পদ, তহবিল, সম্পত্তি, নথিপত্র ও রেকর্ড এসআরবির অনুকূলে স্থানান্তর ও ন্যস্ত করার বিধান রাখা হয়েছে।
বিরোধী সদস্যরা অবশ্য র্যাবের পুরোনো নথি ও রেকর্ড হস্তান্তর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, গুমসহ গুরুতর অপরাধের মামলায় এসব নথি গুরুত্বপূর্ণ আলামত হতে পারে। তাই হস্তান্তরের আগে নথি ও আলামতের তালিকা তৈরি এবং সেগুলো সংরক্ষণের পৃথক বিধানের দাবি জানান তারা।
কালের আলো/এএইচ/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array