কঙ্গোতে স্কুলে ভয়াবহ আগুন,পদদলিত হয়ে ২৪ শিক্ষার্থীর মৃত্যু
পূর্ব আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে দুটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর প্রাণ বাঁচাতে পালানোর সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্তত ২৪ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। স্থানীয়দের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
বিবিসির প্রতিবেদনে স্থানীয় কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দক্ষিণ কিভু প্রদেশের ঘনবসতিপূর্ণ কাদুতু কমিউনে এ দুর্ঘটনা ঘটে। আগুনে কয়েকজন প্রাপ্তবয়স্কও নিহত হয়েছেন বলে জানা গেছে।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলের ভিডিওতে হাসপাতালের মেঝেতে আহত শিশুদের যন্ত্রণায় কাতর অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।
পুড়ে গেছে ৩০০ বাড়ি
অগ্নিকাণ্ডে প্রায় ৩০০টি বাড়ি পুড়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিদ্রোহীদের নিয়োগ দেওয়া স্থানীয় প্রশাসন বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত এক প্রাথমিক প্রতিবেদনে ২৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। তবে ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের উদ্ধৃত এক প্রত্যক্ষদর্শী জানান, বিকেলের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও ধ্বংসস্তূপ ও টিনের চালার ভেতর থেকে তখনো ধোঁয়া বের হচ্ছিল।
এম২৩ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে বুকাভু
দক্ষিণ কিভু প্রদেশের রাজধানী বুকাভু গত বছরের ফেব্রুয়ারিতে এম২৩ (এম-২৩) বিদ্রোহীদের দখলে যায়। এরপর থেকে শহরটি বিদ্রোহী গোষ্ঠীটির নিয়ন্ত্রণে রয়েছে।
অন্যদিকে রাজধানী কিনশাসাভিত্তিক কঙ্গো সরকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। তবে বিবৃতিতে হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।
দেশটির জাতীয় শিক্ষা ও নতুন নাগরিকত্ব মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতের সংখ্যা এখনো চূড়ান্ত নয়। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থা মূল্যায়ন করে দ্রুত শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হয়েছে।
পরপর অগ্নিকাণ্ড ও পদদলিত হওয়ার ঘটনায় উদ্বেগ
এর আগে গত সপ্তাহান্তে রাজধানী কিনশাসায় একটি বিয়ের অনুষ্ঠানস্থলে অগ্নিকাণ্ডের পর সৃষ্ট পদদলিত হওয়ার ঘটনায়ও কয়েকজন নিহত হন।
পরপর দুটি দুর্ঘটনার পর জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদার এবং নিরাপত্তা মানদণ্ড নিশ্চিত করতে দেশজুড়ে বিশেষ দল মোতায়েনের নির্দেশ দিয়েছে কঙ্গো সরকার।
সূত্র: বিবিসি
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array