ডনের রিমান্ডে ক্ষোভ প্রকাশ করেন নীলা চৌধুরী
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের চার দিনের রিমান্ড শেষ হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। তবে ডনের জিজ্ঞাসাবাদ নিয়ে সন্তুষ্ট নন সালমান শাহর মা নীলা চৌধুরী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) যুক্তরাজ্য থেকে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নীলা চৌধুরী দাবি করেন, ডনের রিমান্ড শেষে হত্যাকাণ্ড নিয়ে নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে বলে তিনি মনে করেন না।
তিনি বলেন, ‘রিমান্ডে নতুন কী কিছু হয়েছে? রিমান্ড শেষে বলা হলো, জড়িত পাওয়ার কথা জানা গেছে। এটা কী ধরনের অনুসন্ধান? সে তো ইমন (সালমান শাহ) হত্যার সঙ্গে যুক্ত। ডনের কাছ থেকে বের করতে হবে—কীভাবে সে ইমনকে হত্যা করেছে, কে কী স্বার্থে এই হত্যার সঙ্গে যুক্ত, সেই তথ্য।’
রিমান্ড দ্রুত শেষ করার অভিযোগ
ডনের রিমান্ড দ্রুত শেষ করা হয়েছে বলেও অভিযোগ করেন নীলা চৌধুরী। তাঁর দাবি, প্রথমে সাত দিনের রিমান্ডের কথা বলা হলেও আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। কিন্তু চার দিন পরই ডনকে কারাগারে পাঠানো হয়েছে।
রিমান্ড শেষে ডনের আদালত থেকে বের হওয়ার ধরন নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
নীলা চৌধুরীর ভাষায়, ‘ডনকে দেখে বোঝার উপায় নেই সে রিমান্ড ফেরত। রিমান্ড ফেরত কেউ ওভাবে হাঁটে না।’
ডনের অসুস্থতার বিষয়টিও উল্লেখ করেন সালমান শাহর মা। তাঁর দাবি, অসুস্থতার কারণে রিমান্ডের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল বলে তিনি শুনেছেন। তবে ৩০ বছর আগের এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আসামির কাছ থেকে প্রয়োজনীয় তথ্য বের করা জরুরি বলে মনে করেন তিনি।
জিজ্ঞাসাবাদে থাকতে চান নীলা
ডনের রিমান্ডে কী হয়েছে, তা জানতে তদন্তসংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছিলেন বলেও জানান নীলা চৌধুরী। তবে এখনো বিস্তারিত কিছু জানতে পারেননি তিনি।
তিনি বলেন, ‘কথা হয়েছে। শুধু এটাই বলেছে, আমরা রিমান্ড করছি। কিন্তু কখন কী হচ্ছে, আমাদের তো জানা উচিত। এত বছর পর যদি এমন রিমান্ড হয়, সেটা আমাকে কখনোই সন্তুষ্ট করবে না। আমি এই রিমান্ডে সন্তুষ্ট নই।’
তদন্তের প্রয়োজনে ডনের জিজ্ঞাসাবাদের সময় বাদী হিসেবে উপস্থিত থাকার আগ্রহও প্রকাশ করেন নীলা চৌধুরী। প্রয়োজনে ভার্চ্যুয়ালি যুক্ত হওয়ার কথাও জানান তিনি।
তাঁর ভাষায়, ‘ডন খুনি, আমরা রিমান্ডের মাধ্যমে সব জানতে চাই, সে কী বলেছে। কর্মকর্তারা তদন্তের প্রয়োজনে চাইলে, সেখানে আমরা বাদী হিসেবে থাকব। আমার ভাইকে ডনের মুখোমুখি বসিয়ে দিক। আমিও ভার্চ্যুয়ালি যুক্ত থাকব। তাহলে তো আরও ভালো।’
অন্য আসামিদের গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন
সালমান শাহ হত্যা মামলায় ডন ছাড়াও আরও কয়েকজনের সম্পৃক্ততার কথা শুরু থেকেই বলে আসছেন নীলা চৌধুরী। কিন্তু এখন পর্যন্ত ডন ছাড়া অন্য কাউকে গ্রেপ্তার না করায়ও প্রশ্ন তুলেছেন তিনি।
তিনি বলেন, ‘অদ্ভুত বিষয় হচ্ছে, এই মামলায় এখনো ডন ছাড়া অন্য কাউকে গ্রেপ্তার করতে পারল না। এটা বিশ্বাসযোগ্য কোনো কথা বলে আমার মনে হয় না। আমরা আশা করেছিলাম পরে আরও আসামি ধরা পড়বে। সেটাও হলো না।’
ডনের রিমান্ড, অসুস্থতা এবং রিমান্ড শেষে তাঁর স্বাভাবিকভাবে বের হয়ে আসার বিষয়গুলো নিয়েও ক্ষোভ প্রকাশ করেন নীলা চৌধুরী।
তিনি বলেন, ‘ডনকে রিমান্ডে নেওয়া, অসুস্থতা, গতকাল রিমান্ড শেষে উৎফুল্লভাবে হেঁটে যাওয়া—সবই ফানি মনে হচ্ছে। মানুষ একটি সত্যের বিচার চায়। আশা করছি, কর্তৃপক্ষ সেদিকে নজর দেবে।’
আদালতের আদেশ অনুযায়ী, গত ৬ সেপ্টেম্বর ডনকে রিমান্ডে নেওয়া হয়। পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হলেও চার দিনের রিমান্ড শেষে বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সূত্র: এনএটি
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array