দীর্ঘদিন পর পর্যটকের ভিড়ে মুখর কুয়াকাটা
দীর্ঘদিন পর পর্যটকের আনাগোনায় প্রাণচাঞ্চল্য ফিরেছে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কুয়াকাটায়। সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে সৈকতে বেড়েছে পর্যটকদের ভিড়। পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সমুদ্রসৈকত ও আশপাশের পর্যটন স্পটগুলো।
কুয়াকাটার পর্যটন ব্যবসার সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে প্রায় ১৬টি পেশার মানুষ জড়িত। দীর্ঘদিন পর আশানুরূপ পর্যটক আসায় এসব পেশাজীবীর মধ্যে স্বস্তি ফিরেছে। পর্যটকের উপস্থিতিতে হোটেল-মোটেল, রেস্তোরাঁ, পরিবহনসহ পর্যটননির্ভর বিভিন্ন ব্যবসায়ও ব্যস্ততা বেড়েছে।
কুয়াকাটা ট্যুরিস্ট অ্যাসোসিয়েশন (টোয়াক)-এর সেক্রেটারি জেনারেল আসাদুজ্জামান মিরাজ বলেন, ‘অনেক দিন পর কুয়াকাটায় আশানুরূপ পর্যটকের আগমন ঘটেছে। পর্যটকদের আনাগোনায় সৈকত মুখরিত। কুয়াকাটার পর্যটনের ওপর প্রায় ১৬ পেশার মানুষ সরাসরি ও পরোক্ষভাবে নির্ভরশীল। দীর্ঘদিন পর পর্যটক আসায় তাদের মধ্যে স্বস্তি ফিরেছে।’
এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সৈকতসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে ট্যুরিস্ট পুলিশের একাধিক টিম দায়িত্ব পালন করছে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ মো. নাজমুল হাসান বলেন, ‘সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে বিভিন্ন পয়েন্টে একাধিক টিম নিয়োজিত করা হয়েছে। পর্যটকদের সেবা ও আইনি সহায়তায় ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে পর্যটকদের সচেতন করা হচ্ছে।’
পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কালের আলো/এসকে/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array