হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করতে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আলোচনায় ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক ও নিরাপদ করতে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (১১ সেপ্টেম্বর) জানিয়েছে, আগামী সোমবার ওমানের সালালাহ শহরে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে ইরান, ওমান, ইরাকসহ পারস্য উপসাগরের অন্যান্য তীরবর্তী দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিতে পারেন। আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে ওমান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, বৈঠকের লক্ষ্য হলো আঞ্চলিক দেশগুলোর মধ্যে বোঝাপড়া বাড়ানো এবং হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য একটি অস্থায়ী নিরাপদ ব্যবস্থা তৈরি করা।
হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি নিয়ে কয়েক মাস ধরেই উত্তেজনা চলছে। যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের কারণে এ পথে জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ এই নৌপথে অস্থিরতা বাড়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর নতুন বিধিনিষেধ আরোপের হুমকিও দিয়েছে তেহরান। ইরানের দাবি, দেশটির ওপর সামরিক হামলা অব্যাহত থাকলে উপসাগরীয় অঞ্চলে মার্কিন জ্বালানি অবকাঠামোও ঝুঁকির মুখে পড়তে পারে।
ফলে সামরিক উত্তেজনার পাশাপাশি হরমুজ ইস্যুতে কূটনৈতিক তৎপরতাও বাড়ছে।
লোহিত সাগরেও নতুন করে উত্তেজনা
এদিকে ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের সাম্প্রতিক তৎপরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র ১৮ ঘণ্টার সামরিক অভিযানে লোহিত সাগরের উপকূলে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত কয়েকটি এলাকা দখল করেছে হুথিরা।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগত বন্দরনগরী মোখা থেকে সরকারি বাহিনী সরে যাওয়ার পর হুথিরা দক্ষিণ দিকে দ্রুত অগ্রসর হয়। পরে তারা ধুবাব ও মুরাদ দখল করে নেয়। মুরাদ ছিল লোহিত সাগর উপকূলে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ শহর।
স্থল অভিযানের পাশাপাশি সমুদ্রপথেও তৎপরতা চালিয়েছে হুথিদের বাহিনী। বাব আল-মান্দাব প্রণালিতে প্রবেশ করে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মায়ুন দ্বীপের নিয়ন্ত্রণ নেয়। এরপর জুকার দ্বীপের দিকে অগ্রসর হলে সেখানে প্রতিপক্ষ বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বাড়ছে তেলের দাম
হরমুজের পর বাব আল-মান্দাব প্রণালিতেও অস্থিরতা তৈরি হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। সাম্প্রতিক পরিস্থিতির মধ্যে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০৪ ডলারের ওপরে উঠে গেছে।
বিশ্বের গুরুত্বপূর্ণ দুই নৌপথে অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ ও পরিবহন ব্যয়ের ওপর আরও চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আলজাজিরা
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array