‘ভেতো বাঙালি’ দীঘির ভাত এখন সপ্তাহে মাত্র এক দিন!
হঠাৎ ওজন বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছিলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। পর্দায় নিজেকে আগের তুলনায় কিছুটা বেশি ‘বাল্কি’ মনে হচ্ছিল তাঁর। তাই সময় নষ্ট না করে শুরু করেন ওজন কমানোর মিশন। দুই মাসের মধ্যে ছয় কেজি ওজন কমিয়েছেন তিনি। এবার লক্ষ্য আরও চার কেজি কমানো।
একসময় নিজেকে ‘ভেতো বাঙালি’ বলে পরিচয় দেওয়া দীঘি এখন ভাত খাচ্ছেন সপ্তাহে মাত্র এক দিন। পাশাপাশি নিয়মিত ব্যায়ামও করছেন। নিজের পরিবর্তন নিয়ে অভিনেত্রী বলেন, গত দুই মাসে ছয় কেজি ওজন কমিয়েছেন তিনি। আরও চার কেজি কমানোর ইচ্ছা রয়েছে।
ওজন কমানোর জন্য খাবারের তালিকা থেকেও কার্বোহাইড্রেট অনেকটাই বাদ দিয়েছেন দীঘি। তিনি বলেন, ‘আমি ছিলাম একেবারে ভেতো বাঙালি। কিন্তু দুই মাস ধরে ভাত জীবন থেকে নেই হয়ে গেছে বলতে পারেন। এখন সপ্তাহে একটা দিন ভাত খাই।’
ভাতের বদলে সেদ্ধ খাবার
বর্তমানে তাঁর খাবারের তালিকায় রয়েছে সেদ্ধ ডিম, সেদ্ধ সবজি এবং তেল ছাড়া ওভেনে রান্না করা চিকেন। দীঘির ভাষায়, ‘আমার জীবনটা এখন তেলছাড়া, সবজিময়। সেদ্ধ ডিম খাই, সেদ্ধ ভেজিটেবল খাই। ওভেনে তেলছাড়া সেদ্ধ চিকেন খাই।’
দুই মাস ধরে এই নিয়ম মেনে চলছেন অভিনেত্রী। আপাতত ডিসেম্বর পর্যন্ত ওজন কমানোর এই প্রক্রিয়া চালিয়ে যেতে চান তিনি। তবে আগে তাঁর ওজন কত ছিল, তা প্রকাশ করতে চাননি।
দীঘি জানান, ওজন বেড়ে যাওয়ার কারণে পর্দায় নিজেকে কিছুটা ভারী মনে হচ্ছিল। তাই নিজের কাছেই ভালো লাগছিল না। নিজের চেহারা ও ফিটনেস নিয়ে সন্তুষ্ট থাকতেই মূলত এই পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন তিনি।
নতুন কাজের প্রস্তুতি
শুধু ব্যক্তিগত ভালো লাগার জন্য নয়, নতুন কাজের প্রস্তুতিও রয়েছে দীঘির ওজন কমানোর পেছনে। সামনে একটি নতুন কাজের পরিকল্পনা চলছে। সেই কাজের জন্য নিজেকে আরও ফিট করে তুলতে চান তিনি।
দীঘির মতে, ফিট থাকলে পর্দায় নিজেকেও ভালো লাগে। আর পর্দায় নিজেকে ভালো লাগলে কাজের প্রস্তাবও বাড়ে। তাই নিজের ফিটনেসের দিকে এখন বাড়তি মনোযোগ দিচ্ছেন এই অভিনেত্রী।
কক্সবাজারে শুটিং
সম্প্রতি কক্সবাজার সমুদ্রসৈকত থেকে নতুন লুকে ছবি প্রকাশ করে ভক্তদের কৌতূহল বাড়িয়েছেন দীঘি। ছবি দেখে অনেকে ভেবেছিলেন, অবকাশযাপনে গেছেন তিনি। তবে আসলে শুটিংয়ের কাজেই কক্সবাজারে গিয়েছিলেন অভিনেত্রী।
শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পরিচিতি পাওয়া দীঘি পরবর্তী সময়ে নায়িকা হিসেবেও অভিনয় করেছেন। মেহেদি হাসান হৃদয় পরিচালিত তাঁর অভিনীত ‘বিদায়’ সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায়। এ ছাড়া সুমন ধর পরিচালিত একটি ওয়েব ফিল্মের শুটিংও শেষ করেছেন তিনি। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array