খুঁজুন
                               
, ,
           

তিন মাসে দুই গ্র্যান্ড স্লাম, অবশেষে জভেরেভের স্বপ্নপূরণ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২২ অপরাহ্ণ
তিন মাসে দুই গ্র্যান্ড স্লাম, অবশেষে জভেরেভের স্বপ্নপূরণ

একসময় মনে হচ্ছিল, আলেক্সান্দার জভেরেভের গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্ন হয়তো অপূর্ণই থেকে যাবে। ফাইনালে উঠেও বারবার শেষ ধাপে এসে থেমেছেন জার্মান তারকা। সেই জভেরেভই এবার তিন মাসের ব্যবধানে জিতলেন দুটি গ্র্যান্ড স্লাম। ফ্রেঞ্চ ওপেনের পর এবার তাঁর হাতে উঠল ইউএস ওপেনের ট্রফিও।নিউইয়র্কের ফাইনালে ঘরের ছেলে বেন শেলটনকে ৬–৩, ৭–৬ (৭–২), ৫–৭, ৬–২ গেমে হারিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন জভেরেভ।

একই বছরে প্রথম দুটি গ্র্যান্ড স্লাম জেতা উন্মুক্ত যুগের মাত্র চতুর্থ পুরুষ খেলোয়াড় হলেন তিনি। এর আগে এই কীর্তি গড়েছিলেন জিমি কনর্স, গিয়ের্মো ভিলাস ও ইয়ানিক সিনার।ইউএস ওপেনের এই জয় দিয়ে ছয় বছর আগের আক্ষেপও মুছে ফেললেন জভেরেভ। ২০২০ সালে নিউইয়র্কের ফাইনালে দুই সেটে এগিয়ে থেকেও ডমিনিক থিয়েমের কাছে হেরে শিরোপাবঞ্চিত হয়েছিলেন তিনি।

২০১৪ সালে ইউএস ওপেন দিয়ে গ্র্যান্ড স্লাম ক্যারিয়ার শুরু করা জভেরেভ ২০২৫ সাল পর্যন্ত কোনো গ্র্যান্ড স্লাম ট্রফি জিততে পারেননি। এর মধ্যে তিনবার ফাইনাল ও ছয়বার সেমিফাইনালে উঠেছিলেন।অবশেষে ২০২৬ সাল হয়ে উঠল তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা বছর। অস্ট্রেলিয়ান ওপেনে সেমিফাইনালে থামার পর জুনে ফ্রেঞ্চ ওপেনে জেতেন প্রথম গ্র্যান্ড স্লাম। এরপর উইম্বলডনের ফাইনালে ইয়ানিক সিনারের কাছে হারলেও ইউএস ওপেনে শীর্ষ বাছাই হিসেবে নামেন তিনি।

ফাইনালে ওঠার পথে শীর্ষ ২০-এর কোনো খেলোয়াড়ের মুখোমুখি হতে হয়নি জভেরেভকে। তবে ফাইনালে নবম বাছাই শেলটনই ছিলেন তাঁর প্রথম বড় পরীক্ষা। সেই পরীক্ষাতেও শেষ পর্যন্ত সফল জার্মান তারকা।

শেলটনের স্বপ্ন ভাঙল, যুক্তরাষ্ট্রের অপেক্ষা বাড়ল

জভেরেভের শিরোপা জয়ের বিপরীতে বেন শেলটনের গল্পটা হতাশার। যুক্তরাষ্ট্রের পুরুষ টেনিসে ইউএস ওপেনের একক শিরোপা নেই ২০০৩ সালের পর থেকে। সেবার অ্যান্ডি রডিক নিউইয়র্কে শেষবারের মতো যুক্তরাষ্ট্রের হয়ে এই ট্রফি জিতেছিলেন।শেলটনের সামনে এবার ছিল দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোর বড় সুযোগ। একই সঙ্গে ১৯৬৮ সালে আর্থার অ্যাশের পর ইউএস ওপেনের পুরুষ এককে প্রথম কৃষ্ণাঙ্গ চ্যাম্পিয়ন হওয়ার হাতছানিও ছিল তাঁর সামনে।

কিন্তু ফাইনালে শুরু থেকেই চাপে ছিলেন শেলটন। প্রথম গেমেই ডাবল ফল্ট করে সার্ভিস হারান তিনি। জভেরেভ সেই সুবিধা কাজে লাগিয়ে প্রথম সেট জিতে নেন। দ্বিতীয় সেটেও টাইব্রেকারে ৭–২ ব্যবধানে জিতে ম্যাচে ২–০ ব্যবধানে এগিয়ে যান জার্মান তারকা।তৃতীয় সেটে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন শেলটন। একটি সার্ভিস ব্রেক করে সেটটি জিতে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন তিনি। কিন্তু চতুর্থ সেটের শুরুতেই আবার সার্ভিস হারান। এরপর আর ম্যাচে ফিরতে পারেননি।ফলে ৬–২ ব্যবধানে শেষ সেট জিতে ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম নিশ্চিত করেন জভেরেভ। আর শেলটনের হাতছোঁয়া দূরত্বে থাকা ইতিহাসের অপেক্ষা আরও দীর্ঘ হলো।

কালের আলো/এসএ

রুদ্ধশ্বাস লড়াইয়ে উজবেকিস্তানকে হারাল বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ মেয়েরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১:১৯ পূর্বাহ্ণ
রুদ্ধশ্বাস লড়াইয়ে উজবেকিস্তানকে হারাল বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ মেয়েরা

যোগ করা সময়ের গোলে স্বাগতিক উজবেকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন আরও উজ্জ্বল করেছে বাংলাদেশ। তাসখন্দে বৃহস্পতিবারের ম্যাচে শেষ মুহূর্তে রুনা আক্তারের গোলে রোমাঞ্চকর জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

দোস্তলিক স্টেডিয়ামের অনুশীলন মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সাইফুল বারী টিটুর দল। এর ফলও আসে দ্রুত। ম্যাচের চতুর্থ মিনিটে ফাতেমা আক্তারের বাড়ানো পাস থেকে বল পেয়ে ডান প্রান্তের পূর্ণিমা মারমা উজবেক গোলরক্ষককে পরাস্ত করে চিপ শটে বল জালে পাঠান। তাতে ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি সফরকারীরা। ১৭ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুল পাস থেকে বল পেয়ে গোল করেন উজবেকিস্তানের লারাঙ্গিজ লাকায়েভা। এতে ১-১ গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।

বিরতির পর দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে গোলের চেষ্টা চালায়। ডান দিক দিয়ে বক্সে ঢুকে আলপি আক্তার ভালো সুযোগ তৈরি করলেও উজবেক গোলরক্ষক তা আটকে দেন। ম্যাচের শেষ দিকে স্বাগতিকরা চাপ বাড়ালেও বাংলাদেশের রক্ষণভাগ দৃঢ়তা দেখায়।

নির্ধারিত ৯০ মিনিট শেষে যখন ম্যাচটি ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখনই আসে বাংলাদেশের জয়সূচক গোল। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে, অর্থাৎ ৯০+৩ মিনিটে, সুরভী রানির থ্রু পাস ধরে উজবেকিস্তানের বক্সে ঢুকে নিখুঁত শটে বল জালে জড়ান রুনা আক্তার। তার গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এই হারে বাছাইপর্ব থেকে বিদায় নিয়েছে উজবেকিস্তান। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ফিলিপাইনের কাছে ৪-০ গোলে হেরেছিল দলটি।

আগামী বছর চীনে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের মূল পর্বে জায়গা পেতে বাছাইপর্বের আটটি গ্রুপের চ্যাম্পিয়ন হতে হবে দলগুলোকে। ‘এইচ’ গ্রুপে বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ ফিলিপাইন। আগামী রোববারের ম্যাচে জয় পেলেই মূল পর্বের টিকিট নিশ্চিত হবে বাংলাদেশের মেয়েদের।

কালের আলো/এসকে/এমএসআইপি 

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১:১২ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বসংশ্লিষ্ট বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে কাজ করবেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটে—সে পর্যন্ত তার এ নিয়োগ কার্যকর থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত আদেশে আরও বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

ইংল্যান্ডে বড় স্বীকৃতি পেলেন বাংলাদেশের তরুণ ফুটবলার ফারহান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ
ইংল্যান্ডে বড় স্বীকৃতি পেলেন বাংলাদেশের তরুণ ফুটবলার ফারহান

বাংলাদেশের ফুটবলে নতুন করে আলোচনায় উঠে এসেছেন তরুণ উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। ইংলিশ ক্লাব ফুলহামের ২০২৬ সালের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। সতীর্থদের ভোটে মর্যাদাপূর্ণ এ পুরস্কার জিতেছেন বাংলাদেশের এই ফুটবলার।

বর্তমানে ধারে ইংল্যান্ডের পঞ্চম স্তরের ক্লাব বোরহামউডে খেলছেন ফারহান। চলতি সপ্তাহে ফুলহামের অনুশীলন কেন্দ্র মটস্পার পার্কে গিয়ে তার হাতে পুরস্কার তুলে দেয় ফুলহাম সাপোর্টার্স ট্রাস্ট।

ফুলহামের হয়ে গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করেন ফারহান। ক্লাবটির অনূর্ধ্ব-২১ দলের হয়ে ২১ ম্যাচে ১৭ গোলে অবদান রাখেন তিনি। গত বছরের নভেম্বরে জেতেন মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার। মৌসুম শেষে ক্লাবের সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্যও মনোনয়ন পেয়েছিলেন এই তরুণ।

তার পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে চলতি মৌসুমে তাকে ধারে দলে নেয় বোরহামউড। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত চারটি ম্যাচে শুরু থেকে মাঠে নেমেছেন ফারহান। ১২ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বোরহামউড, দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে সাত পয়েন্ট এগিয়ে আছে তারা।

ক্লাব ফুটবলে সাফল্যের পাশাপাশি বাংলাদেশের জাতীয় দলেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ফারহান। গত মাসে জাতীয় দলে ডাক পাওয়ার পর মালয়েশিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তার। এরপর ইন্দোনেশিয়ার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে বাংলাদেশের হয়ে নিজের প্রথম আন্তর্জাতিক গোল করেন এই তরুণ উইঙ্গার।

সতীর্থদের ভোটে পাওয়া জনি হেইনস ট্রফি জিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফারহান। ফুলহামের ওয়েবসাইটে তিনি বলেন, সতীর্থদের ভোটে এই পুরস্কার জেতা তার জন্য দারুণ আনন্দের। সতীর্থদের সমর্থন, অনুপ্রেরণা এবং নিজেদের মধ্যে প্রতিযোগিতা তাকে আরও ভালো খেলোয়াড় হতে সাহায্য করেছে বলেও জানান তিনি।

ইংল্যান্ডের ক্লাব ফুটবলে এমন স্বীকৃতি এবং বাংলাদেশের জাতীয় দলের হয়ে গোল—দুই অর্জনই ফারহানের ক্যারিয়ারে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি