স্পেনে ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্স উপভোগ করার কয়েক ঘণ্টা পরই হৃদয়বিদারক খবর পেলেন ব্রাজিলের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গী ভার্জিনিয়া ফনসেকা। তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী রোজেরিও ক্যামিলো রামোস ও তাঁর স্ত্রী পাউলা রেজিনা রোদার্টে ক্যামিলো মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।
রোববার সকালে ব্রাজিলের গোয়াস রাজ্যের গুয়াপো পৌরসভার রিবেইরাও দাস পোস এলাকায় বিআর-০৬০ মহাসড়কের ২০১ কিলোমিটার পয়েন্টে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম ও জরুরি সেবা বিভাগের তথ্য অনুযায়ী, রোজেরিও মোটরসাইকেল চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়। তাঁর স্ত্রী পাউলাকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হলেও তাঁর হৃদযন্ত্র ও শ্বাসযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা পুনরুজ্জীবিত করার চেষ্টা করলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
দুর্ঘটনার সময় ভার্জিনিয়া স্পেনের মাদ্রিদে ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সের অনুষ্ঠানে ছিলেন। পরিবারের সদস্যদের দুর্ঘটনার খবর জানানোর পর ইনস্টাগ্রামে শোক প্রকাশ করেন তিনি।
ভার্জিনিয়া জানান, পরিবারের সবাইকে খবরটি জানানোর আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট করতে চাননি। খবরটি পাওয়ার পর থেকে তিনি স্বাভাবিক কোনো কাজ করতে পারছেন না বলেও জানান।
রোজেরিওকে স্মরণ করে ভার্জিনিয়া বলেন, তাঁদের পরিবারের প্রতি তাঁর যত্ন, সুরক্ষা, প্রজ্ঞা ও ভালোবাসার জন্য তাঁরা চিরকাল কৃতজ্ঞ থাকবেন। তাঁর উপস্থিতি পরিবারের কাছে নিরাপদ আশ্রয়ের মতো ছিল বলেও উল্লেখ করেন তিনি।
রোজেরিও ও পাউলার আকস্মিক মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন ভার্জিনিয়ার অনুসারীরাও।
কালের আলো/এসএ













-20261121140412.jpg)






