খুঁজুন
                               
, ,
           

‘বিপিএল শুরু হতে যাচ্ছে শুনলেই আলাদা রোমাঞ্চ কাজ করে’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ
‘বিপিএল শুরু হতে যাচ্ছে শুনলেই আলাদা রোমাঞ্চ কাজ করে’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর নিয়ে অনিশ্চয়তা থাকলেও দেশের ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর মতে, ক্রিকেটারদের নিজেদের প্রমাণ করার পাশাপাশি তরুণ প্রতিভাদের উঠে আসার ক্ষেত্রেও বিপিএল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিপিএলের অফিসিয়াল পেজে প্রকাশিত এক ভিডিওতে টুর্নামেন্ট নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান শান্ত। দীর্ঘদিন ধরে বিপিএলে খেলার কারণে প্রতিবারই আসর শুরুর আগে তাঁর মধ্যে আলাদা রোমাঞ্চ কাজ করে বলে জানান তিনি।

শান্ত বলেন, ‘আল্লাহর রহমতে বিপিএলে অনেক বছর ধরেই খেলছি। প্রতিবছর যখনই শুনি বিপিএল শুরু হতে যাচ্ছে, তখনই একটি আলাদা রোমাঞ্চ কাজ করে।’

জাতীয় দলের এই ব্যাটারের মতে, বিপিএল ক্রিকেটারদের জন্য নিজেদের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ। এই টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স ব্যক্তিগত ক্যারিয়ারেও ইতিবাচক প্রভাব ফেলে।

তিনি বলেন, ‘খেলোয়াড় হিসেবে আমাদের জন্য এটি অনেক বড় একটি মঞ্চ। সেখানে ভালো পারফর্ম করতে পারলে নিজের জন্য এবং ক্যারিয়ারের জন্য সবসময়ই ইতিবাচক কিছু হয়।’

তবে বিপিএলকে শুধু ব্যক্তিগত সাফল্যের মঞ্চ হিসেবে দেখছেন না শান্ত। দেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্যও এই টুর্নামেন্টের গুরুত্ব রয়েছে বলে মনে করেন তিনি। বিশেষ করে তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের নিজেদের মেলে ধরার সুযোগ করে দেয় বিপিএল।

শান্ত বলেন, ‘আমাদের দেশের জন্য বিপিএল অনেক বড় একটি টুর্নামেন্ট। প্রতিবছরই দেখা যায় বেশ কয়েকজন উদীয়মান তরুণ খেলোয়াড় এখানে খেলার সুযোগ পায়। তাই এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মঞ্চ।’

বিপিএলের মতো বড় প্রতিযোগিতায় খেলার অভিজ্ঞতা তরুণ ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াতে পারে বলেও মনে করেন শান্ত। একই সঙ্গে নিয়মিত ভালো পারফরম্যান্সের মাধ্যমে জাতীয় দলের জন্য নতুন ক্রিকেটার উঠে আসার পথ তৈরি হয়।

কালের আলো/এসএ

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৯ অপরাহ্ণ
সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে দেশের চার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলেও জানিয়েছে তিনি।

কালের আলো/আরডি/এমডিএইচ

সরকারের বিভিন্ন খাতের অগ্রগতি তুলে ধরলেন মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
সরকারের বিভিন্ন খাতের অগ্রগতি তুলে ধরলেন মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশ পরিচালনায় বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি অর্জন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গত এক মাসে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও অর্জনের চিত্র তুলে ধরেন তিনি।

মাহদী আমিন বলেন, তরুণদের ক্ষমতায়ন, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, প্রবাসী কল্যাণ এবং জুলাই গণঅভ্যুত্থানের ন্যায়বিচারসহ বিভিন্ন খাতে সরকার কাজ করছে।

তিনি জানান, আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিজ বাংলাদেশকে নেতিবাচক থেকে স্থিতিশীল অবস্থায় উন্নীত করেছে। একই সঙ্গে মূল্যস্ফীতি কমানো, নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং শিল্পকারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় ৫০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠনের কথা জানিয়ে তিনি বলেন, এ তহবিল থেকে প্রতিবছর ৫ হাজার তরুণকে জামানতবিহীন ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্রিল্যান্সারদের জন্য আইটি পার্ক ও মাস্টারপ্ল্যান এবং সরকারি চাকরিজীবীদের জন্য অভিন্ন বয়সসীমা ও বেতন কাঠামোর কথাও তুলে ধরেন তিনি।

শিক্ষাক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে কারিগরি শিক্ষা, মেধাবী শিক্ষার্থীদের সরকারি বৃত্তি এবং এসএসসির শীর্ষ মেধাবীদের বিনামূল্যে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্তের কথা জানান মাহদী আমিন। কওমি ও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পুষ্টিকর খাবারের রূপরেখা এবং সেরা শিক্ষকদের পুরস্কারের উদ্যোগের কথাও বলেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়া এবং জুলাই-সংশ্লিষ্ট মামলার বিচারিক অগ্রগতির কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরেন তিনি।

প্রবাসী কল্যাণের বিষয়ে মাহদী আমিন বলেন, গত ছয় মাসে রেমিট্যান্স ১৩ দশমিক ১ শতাংশ বেড়েছে। পাশাপাশি ১০ হাজার বাংলাদেশি কর্মীকে বিনামূল্যে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ এবং বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের কথাও জানান তিনি।

এ ছাড়া সরকারি দাপ্তরিক যোগাযোগে আনুষ্ঠানিক সম্বোধনের প্রচলন কমানো, ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি’ প্রকল্প, পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ, এক্সপ্রেসওয়েতে ক্যাশলেস টোল ব্যবস্থা এবং সৌরবিদ্যুৎ সম্প্রসারণের মতো বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র।

মাহদী আমিন বলেন, দল-মত-পথের বিভেদ পেরিয়ে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।

কালের আলো/এম/এসআইপি 

হুতিদের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র: ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৬ অপরাহ্ণ
হুতিদের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র: ভ্যান্স

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা শুরু করেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ওয়াশিংটন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

লোহিত সাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ ময়ুন বা পেরিম দ্বীপ হুতিদের দখলে যাওয়ার পরই ভ্যান্স এ তথ্য জানালেন। বাব আল-মানদেব প্রণালির কাছে অবস্থিত দ্বীপটির নিয়ন্ত্রণ আঞ্চলিক নৌপথ ও বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

ভ্যান্স বলেন, “আমরা হুতিদের সঙ্গেও সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছি। তাই আমাদের মনে হচ্ছে, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণেই রয়েছে। তবে পরিস্থিতি খুবই দ্রুত ও নাটকীয়ভাবে পরিবর্তিত হচ্ছে।”

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ ওই অঞ্চলের সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। ওয়াশিংটন পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।

এদিকে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে সংঘাতও তীব্র হয়েছে। হুতিরা সৌদি আরবের জ্বালানি স্থাপনাসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত শুক্রবার বাব আল-মানদেব প্রণালির মাঝখানে অবস্থিত পেরিম দ্বীপের নিয়ন্ত্রণ নেয় হুতিরা। এরপর গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে গোষ্ঠীটি।

বাব আল-মানদেব হলো লোহিত সাগর ও এডেন উপসাগরের মধ্যকার গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রবেশপথ। বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথ হওয়ায় এর নিরাপত্তা বিঘ্নিত হলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

এরই মধ্যে ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যের দুটি গুরুত্বপূর্ণ নৌপথ একই সময়ে চাপের মুখে পড়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ আরও বেড়েছে।

সূত্র:আনাদোলু এজেন্সি

কালের আলো/এসএ