জলবায়ু অর্থায়ন ঋণ নয়, অনুদান চায় বাংলাদেশ: শামা ওবায়েদ
জলবায়ু ইস্যুতে আগের কোনো সরকারের রাজনৈতিক অঙ্গীকার ছিল না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, বর্তমান সরকারের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় রাজনৈতিক অঙ্গীকার রয়েছে। এ কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো জলবায়ু পরিবর্তন নিয়ে আলাদা শাখা খোলা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা: জাতিসংঘ সাধারণ পরিষদের পথে’ শীর্ষক গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে সৃষ্ট সংকট এবং বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরা হবে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হলেও এর সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি। তাই ক্ষয়ক্ষতি মোকাবিলায় বৈশ্বিক ফোরামে বড় দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানানো হবে।
তিনি বলেন, জলবায়ু অর্থায়ন ঋণ হিসেবে নয়, অনুদান হিসেবে দেওয়াই বাংলাদেশের অন্যতম প্রধান দাবি থাকবে।
নভেম্বরে অনুষ্ঠিতব্য কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশ নেওয়ার কথা উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, সেখানে জলবায়ু সংকট মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে। একই সঙ্গে পাট ও পাটজাত পণ্যকে পচনশীল ও প্রাকৃতিক তন্তু হিসেবে বিশ্বের সামনে তুলে ধরা হবে।
বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের শুরু করা বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ুর বিরূপ প্রভাব কমাতে ভূমিকা রাখছে।
রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ টেনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এক দশক ধরে ১৩ লাখের বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। তারা পরিবেশগতভাবে অত্যন্ত স্পর্শকাতর এলাকায় বসবাস করছে, যা দেশের জলবায়ু ও পরিবেশের ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে। মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
এ ছাড়া তিনি জানান, এবার প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সভাপতিত্ব করছেন। অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্যেও জলবায়ু পরিবর্তনের বিষয়টি গুরুত্ব পাবে।
কালের আলো/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array