গাজার শিশুদের সহায়তায় হামজার স্বাক্ষরিত জার্সি নিলামে
বাংলাদেশ ফুটবল দলের তারকা হামজা চৌধুরী এবার যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের পাশে দাঁড়িয়েছেন। শিশুদের সহায়তায় নিজের স্বাক্ষর করা জার্সি চ্যারিটি নিলামে তুলছেন জাতীয় দলের এই মিডফিল্ডার।
মুসলিম ক্রীড়াবিদদের প্ল্যাটফর্ম নুজুম স্পোর্টসের উদ্যোগে আয়োজিত এই নিলামে হামজার স্বাক্ষরিত জার্সির পাশাপাশি আরও কয়েকজন মুসলিম খেলোয়াড়ের স্বাক্ষর করা জার্সি, পদক ও বিভিন্ন ক্রীড়া স্মারক রাখা হয়েছে। নিলাম থেকে পাওয়া অর্থ গাজার শিশুদের সহায়তায় ব্যয় করা হবে।
সংগৃহীত অর্থ ব্যয় হবে ‘চিলড্রেন নট নাম্বার্স’ নামের একটি দাতব্য সংস্থার কার্যক্রমে। সংঘাতের মধ্যে গাজার শিশুদের প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।
ফিলিস্তিনের মানুষের প্রতি হামজার সমর্থন অবশ্য নতুন নয়। ২০২১ সালে লেস্টার সিটির হয়ে এফএ কাপ জয়ের পর সতীর্থ ওয়েসলি ফোফানার সঙ্গে ফিলিস্তিনি পতাকা হাতে উদযাপন করেছিলেন তিনি। সেই সময় থেকেই ফিলিস্তিন ইস্যুতে তার অবস্থান নিয়ে আলোচনা রয়েছে।
বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর দেশের ফুটবলপ্রেমীদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন হামজা। এবার গাজার শিশুদের জন্য মানবিক উদ্যোগে যুক্ত হয়ে মাঠের বাইরেও নিজের অবস্থানের জানান দিলেন তিনি।
এদিকে লেস্টার সিটি ছেড়ে সম্প্রতি শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন হামজা। আসন্ন এশিয়ান কাপের জন্য বাংলাদেশ দলে যোগ দিতে ইংল্যান্ড থেকে সরাসরি ইন্দোনেশিয়ায় যাওয়ার কথা রয়েছে তার। বাংলাদেশ দল আগামী ১৯ সেপ্টেম্বর টমাস ডুলির অধীনে ঢাকা থেকে ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা হবে।
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array