পবিত্র মক্কা নগরী অভিমুখে ইয়েমেনের হুতিরা একটি ড্রোন পাঠিয়েছিল বলে অভিযোগ করেছে সৌদি আরব। সৌদি কর্তৃপক্ষের দাবি, ড্রোনটি মক্কার সংরক্ষিত আকাশসীমায় প্রবেশের আগেই শনাক্ত করে ভূপাতিত করা হয়েছে। তবে মক্কা বা অন্য কোনো পবিত্র স্থাপনা লক্ষ্য করে হামলার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে হুতিরা।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী শত্রুপক্ষের একটি ড্রোন শনাক্ত করে। পরে সেটি সংরক্ষিত আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়।
আল-মালিকি অভিযোগ করেন, মুসল্লিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং বেসামরিক মানুষের ক্ষতি করার উদ্দেশ্যেই এমন হামলার চেষ্টা করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, মুসলিমদের পবিত্র দুই মসজিদ—মসজিদুল হারাম ও মসজিদে নববি—এবং মুসল্লিদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
এর আগে মঙ্গলবার মক্কায় নিরাপত্তা সতর্কতা জারি করেছিল সৌদি সরকার। তবে কয়েক মিনিটের মধ্যেই সেই সতর্কতা প্রত্যাহার করা হয়। একই ধরনের সতর্কতা জারি করা হয়েছিল তাইফ ও জেদ্দাতেও।
অন্যদিকে, মক্কা ও অন্যান্য পবিত্র স্থানকে লক্ষ্য করে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে হুতিরা। ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা প্রকাশিত এক বিবৃতিতে হুতিদের একটি সামরিক সূত্র বলেছে, ইয়েমেন থেকে মক্কা বা অন্য কোনো পবিত্র স্থানের প্রতি হুমকি রয়েছে—এমন অভিযোগ ‘ভুল তথ্য’।
সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও হুতিদের মধ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে। ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে হুতিদের সংঘাতের পাশাপাশি সৌদি নেতৃত্বাধীন জোটও হুতিদের অবস্থানে হামলা চালাচ্ছে। এর জবাবে হুতিরা সৌদি আরবের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করছে বলে সৌদি পক্ষের দাবি।
সৌদি নেতৃত্বাধীন জোটের ভাষ্য অনুযায়ী, সোমবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত, আবহা ও তাইফ শহরে হুতিদের হামলায় ১৩ জন বেসামরিক মানুষ আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বাড়ি ও গাড়ি।
ইয়েমেনে ২০১৫ সাল থেকে হুতিদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘাত চলছে। ওই বছর হুতিরা রাজধানী সানা দখল করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতার কেন্দ্র থেকে সরিয়ে দেয়। পরে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্ত হয় সৌদি আরবের নেতৃত্বাধীন জোট।
সাম্প্রতিক উত্তেজনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো লোহিত সাগর ও বাব আল-মানদেব প্রণালির কৌশলগত গুরুত্ব। অঞ্চলটিতে হুতিদের সামরিক তৎপরতা ও নিয়ন্ত্রণ বিস্তারের দাবি ঘিরে সৌদি আরবসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে উদ্বেগ বেড়েছে।
কালের আলো/এসএ
