মেসির ‘লাস্ট ড্যান্স’: আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামছেন কবে?
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের মঞ্চ প্রস্তুত। আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এ ম্যাচের জন্য ঘোষিত দলে রাখা হয়েছে ৩৯ বছর বয়সী মেসিকে।
গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন আর্জেন্টাইন মহাতারকা। এরপর থেকেই তাঁকে ঘরের মাঠে আনুষ্ঠানিক বিদায় জানানোর পরিকল্পনা করছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। শেষ পর্যন্ত সেই পরিকল্পনাই বাস্তবায়িত হচ্ছে।
এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, মেসিকে তাঁর প্রাপ্য বিদায় দিতে ম্যাচটি বিশেষভাবে আয়োজন করা হবে। ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্যদেরও পরিবারসহ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি হবে জাতীয় দলের হয়ে তাঁর ২০৮তম। বর্তমানে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ২০৭ ম্যাচ খেলা এবং ১২৫ গোল করার রেকর্ড তাঁর দখলে।
বিশ্বকাপের পর আর্জেন্টিনা তিনটি প্রীতি ম্যাচ খেলবে। ৩০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে কর্দোবায় এবং ৩ অক্টোবর বুয়েনস এইরেসে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে তারা। এরপর ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়েই শেষ হবে মেসির আর্জেন্টিনা অধ্যায়।
মনুমেন্তাল স্টেডিয়ামে প্রায় ৮৫ হাজার দর্শকের সামনে মেসির বিদায়ী ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা। ফলে দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়টি ঘরের মাঠেই লিখতে যাচ্ছেন আর্জেন্টিনার কিংবদন্তি অধিনায়ক।
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array