খুঁজুন
                               
, ,
           

মানিক মিয়া এভিনিউ থেকে রংপুরের পথে ১১ দল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ
মানিক মিয়া এভিনিউ থেকে রংপুরের পথে ১১ দল

রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর সকাল ৮টায় সহস্রাধিক গাড়ির বহর নিয়ে রংপুরের উদ্দেশে যাত্রা করবেন জোটের নেতাকর্মীরা।

লংমার্চের বহর টঙ্গী, গাজীপুর ও টাঙ্গাইল হয়ে সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধা অতিক্রম করে রংপুরে পৌঁছাবে। পথে বিভিন্ন এলাকায় সাতটি জনসভা ও পাঁচটি পথসভা করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

শুক্রবার ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে নেতারা জানান, কর্মসূচিকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। তারা সরকার, প্রশাসন, রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেছেন।

নেতারা জানান, বিপুলসংখ্যক মানুষ ও সহস্রাধিক গাড়ির অংশগ্রহণের কারণে সড়কে যান চলাচল, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কর্মকাণ্ডে সাময়িক ভোগান্তি হতে পারে। এ জন্য তারা আগাম দুঃখ প্রকাশ করেছেন।

লংমার্চে অংশ নেওয়া নেতাকর্মীদেরও সংযম বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো উসকানি বা বাধার মুখে প্রতিক্রিয়া না দেখিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করার ওপর গুরুত্ব দিয়েছেন জোটের নেতারা।

এদিকে রংপুর অভিমুখী লংমার্চে মোট আট দফা দাবি তুলে ধরছে ১১ দলীয় ঐক্য। আগের চট্টগ্রাম অভিমুখী লংমার্চের ছয় দফার সঙ্গে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধের দাবি যুক্ত করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবি হিসেবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টিও যুক্ত হয়েছে।

জোটের নেতাদের দাবি, তিস্তা মহাপরিকল্পনা উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও কৃষির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই এ বিষয়ে দ্রুত কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

লংমার্চকে ঘিরে ঢাকা থেকে রংপুর পর্যন্ত মহাসড়কের বিভিন্ন এলাকার নেতাকর্মী ও সহযোগী সংগঠনের সঙ্গে সমন্বয় করা হয়েছে। স্থানীয় জনগণ, রাজনৈতিক দল ও প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস পাওয়ার কথা জানিয়েছেন জোটের নেতারা।

কালের আলো/এমএসআইপি 

দেশীয় উৎসে বাড়ছে গ্যাস, কয়েক মাসে মিলতে পারে ৬৭.৫ মিলিয়ন ঘনফুট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
দেশীয় উৎসে বাড়ছে গ্যাস, কয়েক মাসে মিলতে পারে ৬৭.৫ মিলিয়ন ঘনফুট

দেশে চলমান গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্রিডে বাড়তি গ্যাস যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন কূপ খনন এবং পুরোনো গ্যাসক্ষেত্রের উন্নয়নের মাধ্যমে আগামী কয়েক মাসে পাঁচটি কূপ থেকে দৈনিক সর্বোচ্চ প্রায় ৬৭ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস পাওয়ার আশা করছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)।

এরই অংশ হিসেবে শনিবার (১৯ সেপ্টেম্বর) তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হওয়ার কথা রয়েছে। প্রায় ১৩ হাজার ফুট গভীর এই কূপের খননকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। উদ্বোধনের পর প্রসেস প্ল্যান্টের মাধ্যমে কূপটি থেকে সরাসরি জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হবে।

বিজিএফসিএল সূত্র জানায়, তিতাস-২৯, ৩০ ও ৩১ নম্বর কূপ থেকেও দৈনিক সর্বোচ্চ প্রায় ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার প্রত্যাশা রয়েছে। তিতাস-২৯-এর মূল খননকাজ শেষ হয়েছে এবং পরীক্ষা-নিরীক্ষা চলছে। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে কূপটি উৎপাদনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তিতাস-৩০-এর কাজ তিন থেকে চার মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে, তিতাস-৩১ নম্বর গভীর অনুসন্ধান কূপের খননকাজও এগিয়ে চলছে। সফল হলে এই কূপ থেকে দৈনিক প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে। এরপর বাখরাবাদ গ্যাসক্ষেত্রের ১১ নম্বর গভীর কূপ থেকে আরও প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার প্রত্যাশা রয়েছে।

বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। এর বিপরীতে সরবরাহ রয়েছে প্রায় ২৬৫ থেকে ২৭০ কোটি ঘনফুট। ফলে শিল্প, বিদ্যুৎ ও আবাসিক খাতে দীর্ঘদিন ধরেই গ্যাসের ঘাটতি রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পাঁচটি কূপ থেকে সম্ভাব্য বাড়তি গ্যাস দেশের মোট চাহিদার তুলনায় খুব বেশি না হলেও এলএনজি আমদানির ওপর চাপ কিছুটা কমাতে এবং গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতিতে ভূমিকা রাখতে পারে।

কালের আলো/এমএসআইপি 

মিরপুরে বাসে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ
মিরপুরে বাসে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

রাজধানীর মিরপুরের কাফরুলে ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টার পর কাফরুল থানাসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ জানায়, রাত ১০টা ১৭ মিনিটে বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস সদর দপ্তর। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ১০টা ২৩ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

প্রাথমিকভাবে বাসে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এদিকে, বাসে আগুন দেওয়ার কয়েক ঘণ্টা আগে শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী, মালিবাগ, আগারগাঁও ও মহাখালীসহ বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

কালের আলো/এমএসআইপি 

মসজিদে গোপন বৈঠকের অভিযোগ, ফার্মগেটে আটক ২৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
মসজিদে গোপন বৈঠকের অভিযোগ, ফার্মগেটে আটক ২৩

রাজধানীর ফার্মগেটের তেজগাঁও মসজিদে গোপন বৈঠকের অভিযোগে ২৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কি না, তা যাচাই করা হচ্ছে। তাদের বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই চলছে।

তেজগাঁও বিভাগের এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মসজিদে অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করা হয়েছে। তবে তারা কোন সংগঠনের সঙ্গে যুক্ত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের উগ্রবাদী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে সন্দেহ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সিটিটিসির একাধিক টিম কাজ করছে।

তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, গোপন বৈঠক চলাকালে সন্দেহজনক ২৩ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।

পুলিশ জানিয়েছে, যাচাই শেষে আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালের আলো/এম/এসআইপি