শুটিংয়ে ক্যাচ ধরতে গিয়ে চোট, ভারতের সিরিজে অনিশ্চিত রাচিন
ক্যাচ ধরতে গিয়ে ক্রিকেটারদের চোট পাওয়ার ঘটনা নতুন নয়। তবে প্রচারণামূলক শুটিংয়ে ক্যাচ ধরতে গিয়ে চোট পাওয়ার ঘটনা বেশ বিরল। এমনই অদ্ভুত এক দুর্ঘটনার শিকার হয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র।
অকল্যান্ডে একটি প্রচারণামূলক শুটিংয়ে ডাইভ দিয়ে ক্যাচ ধরতে গিয়ে চোট পান রবীন্দ্র। ক্যাচটি ধরার পর নিরাপত্তার জন্য রাখা ম্যাটের ওপর অস্বাভাবিকভাবে পড়ে যান তিনি। এতে তাঁর ডান কাঁধের হাড়ের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
প্রাথমিক পরীক্ষায় অবশ্য বড় ধরনের কোনো সমস্যা ধরা পড়েনি। তবে কবে মাঠে ফিরতে পারবেন, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। পুনর্বাসনের প্রথম কয়েক সপ্তাহে তাঁর অগ্রগতি পর্যবেক্ষণ করার পর ফেরার সময় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।
রবীন্দ্রর চোটে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আগামী মাসে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাঁকে পাওয়া যাবে কি না। ২২ অক্টোবর ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড। এ সিরিজের দল আগামী সপ্তাহে ঘোষণা করার কথা।
নিউজিল্যান্ডের পারফরম্যান্স ম্যানেজার মাইক স্যান্ডল ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এখন তাদের মূল লক্ষ্য রবীন্দ্র যেন ভালোভাবে সুস্থ হয়ে যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে পারেন।
শুটিংয়ের নিরাপত্তাব্যবস্থা নিয়েও কথা বলেছেন স্যান্ডল। তাঁর ভাষ্য, খেলোয়াড়দের নিয়ে সব বাণিজ্যিক শুটিং সংশ্লিষ্ট সবার সম্মতিতে আগে থেকেই পরিকল্পনা করা হয় এবং এ ক্ষেত্রেও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা ছিল। তবে ঘটনাটিকে অপ্রত্যাশিত দুর্ঘটনা উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের আয়োজনের প্রক্রিয়া আরও পর্যালোচনার কথা জানিয়েছেন তিনি।
রবীন্দ্রকে দ্রুত মাঠে ফেরানোর ঝুঁকি নিতে চান না নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টারও। আগামী ছয় মাসে নিউজিল্যান্ডের ব্যস্ত টেস্ট সূচি রয়েছে। তাই পুরোপুরি সুস্থ হওয়ার আগে রবীন্দ্রকে ফেরানোর কোনো তাড়া নেই বলে জানিয়েছেন তিনি।
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে ১ নভেম্বর। এরপর দুই দল পাঁচটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে। নভেম্বরেই অনুষ্ঠিত হওয়ার কথা ওয়ানডে ও টেস্ট সিরিজ।
কালের আলো/এসএ


আপনার মতামত লিখুন
Array