খুঁজুন
                               
, ,
           

রিয়াদে হামলার সতর্কতার পরপরই বিকট বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
রিয়াদে হামলার সতর্কতার পরপরই বিকট বিস্ফোরণ

সৌদি আরবের রাজধানী রিয়াদে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাজধানীতে বিমান হামলার সতর্কবার্তা জারির পরপরই বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন এএফপির সাংবাদিকেরা। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

রাত ৩টার কিছু আগে রিয়াদের বাসিন্দাদের মুঠোফোনে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়। এতে পুরো এলাকা শত্রুপক্ষের বিমান, ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার হুমকিতে রয়েছে জানিয়ে নাগরিকদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়।

সতর্কবার্তা জারির কিছুক্ষণ পর এএফপির সাংবাদিকেরা দুটি বড় বিস্ফোরণের শব্দ শুনতে পান। প্রায় ৩০ মিনিট পর হামলার ঝুঁকি কমে গেলে জরুরি সতর্কতা প্রত্যাহার করা হয়।

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী বর্তমানে সৌদি আরবে নিয়মিত হামলা চালাচ্ছে। তবে জুলাইয়ে ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ার পর এবারই প্রথম সৌদি রাজধানী সরাসরি হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চলতি মাসে হুতিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিতে অভিযান জোরদার করেছে। এর ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ আরও শক্ত হয়েছে।

হুতিদের নৌ অবরোধের কারণে সৌদি আরবের জ্বালানি তেল রপ্তানিও বাধাগ্রস্ত হচ্ছে। সামুদ্রিক জাহাজ চলাচলের তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কেপলারের হিসাবে, গত জুলাই থেকে বাব আল-মানদেব দিয়ে সৌদি আরবের তেল রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে গত সপ্তাহেও তেলবাহী পাঁচটি জাহাজ ওই জলপথ অতিক্রম করেছে।

এদিকে জাতিসংঘ জানিয়েছে, নতুন করে শুরু হওয়া সংঘাতের কারণে ইয়েমেনে ১ লাখ ১২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আরও প্রায় ৩ হাজার মানুষ সমুদ্রপথে পার্শ্ববর্তী জিবুতিতে আশ্রয় নিয়েছেন।

হুতিরা অবশ্য দাবি করে আসছে, সৌদি আরবের জাহাজ ছাড়া অন্য দেশের বাণিজ্যিক জাহাজের জন্য আন্তর্জাতিক এই জলপথ উন্মুক্ত ও নিরাপদ থাকবে।

সূত্রঃএএফপি

কালের আলো/এসএ

পরীক্ষার সময় গুগলের জেমিনাই ঢুকে পড়েছিল ৩ প্রতিষ্ঠানের সিস্টেমে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৫ অপরাহ্ণ
পরীক্ষার সময় গুগলের জেমিনাই ঢুকে পড়েছিল ৩ প্রতিষ্ঠানের সিস্টেমে

সাইবার নিরাপত্তা নিয়ে পরীক্ষা চালানোর সময় Google-এর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জেমিনাই বাস্তব তিনটি প্রতিষ্ঠানের সিস্টেমে প্রবেশ করেছিল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গুগল এ তথ্য জানিয়েছে।

গুগলের নিরাপত্তা প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিদার অ্যাডকিনস এএফপিকে বলেন, নিয়মিত পরীক্ষার সময় জেমিনাই অনলাইনে বিভিন্ন তথ্য খুঁজে পায়। এরপর পরীক্ষার অংশ বলে মনে হওয়া কয়েকটি ওয়েবসাইটে প্রবেশের জন্য প্রয়োজনীয় লগইন তথ্য অনুমান করে মডেলটি।

ঘটনাগুলো গত মে মাসে ঘটে বলে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানানো হয়েছে। গুগল বিষয়টি জানতে পারে জুলাইয়ে। তবে কোন তিন প্রতিষ্ঠানের সিস্টেমে জেমিনাই প্রবেশ করেছিল, তা প্রকাশ করা হয়নি।

অ্যাডকিনস জানান, তিনটি ঘটনাতেই জেমিনাই একপর্যায়ে নিজে থেকে থেমে যায়। পরে গুগল সংশ্লিষ্ট তিন প্রতিষ্ঠানকে বিষয়টি জানায় এবং তাদের প্রশিক্ষণ অংশীদারের সঙ্গে কাজ করে পরীক্ষার পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনে।

এ ঘটনা এআই ব্যবহারের মাধ্যমে সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এর আগে OpenAI-এর দুটি মডেল নিয়ন্ত্রিত পরিবেশের বাইরে গিয়ে ইন্টারনেটে প্রবেশ এবং এআই প্ল্যাটফর্ম হাগিং ফেসের অভ্যন্তরীণ সিস্টেমে ঢোকার ঘটনা প্রকাশ্যে এসেছিল।

এ ছাড়া Anthropic এবং চীনের মুনশট এআইয়ের ক্ষেত্রেও এ ধরনের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গুগলের কর্মকর্তা হিদার অ্যাডকিনস বলেন, এসব ঘটনা শক্তিশালী এআই মডেলকে আরও দায়িত্বশীলভাবে কাজ করার প্রশিক্ষণ দেওয়ার গুরুত্ব তুলে ধরে। তিনি জানান, মডেলটি যে তথ্য পেয়েছিল এবং যে ধরনের ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করেছিল, সেগুলোকে পরীক্ষার অংশ মনে করেই এ ধরনের আচরণ করেছিল।

এআই মডেলগুলো ক্রমেই ইন্টারনেট ব্রাউজিং, কোড লেখা ও বিভিন্ন স্বয়ংক্রিয় কাজ করতে সক্ষম হওয়ায় এ ধরনের ঘটনা মডেলের স্বায়ত্তশাসন ও সাইবার নিরাপত্তা নিয়ন্ত্রণ নিয়ে নতুন প্রশ্ন তৈরি করছে।

কালের আলো/এসএ

নতুন প্রজন্মকে পেশায় রাখতে সরকারি সহায়তা চান মৃৎশিল্পীরা

ঈশ্বরদী (পাবনা)সংবাদদাতা
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৩ অপরাহ্ণ
নতুন প্রজন্মকে পেশায় রাখতে সরকারি সহায়তা চান মৃৎশিল্পীরা

দেশের ঐতিহ্যবাহী শিল্পগুলোর অন্যতম মৃৎশিল্প। একসময় গ্রামবাংলার মানুষের দৈনন্দিন জীবনে মাটির তৈরি নানা সামগ্রীর ব্যাপক ব্যবহার থাকলেও আধুনিকতার প্রভাবে এ শিল্প এখন নানা সংকটে পড়েছে। কাজের অভাব, উৎপাদন খরচ বৃদ্ধি এবং পণ্যের বাজার সংকুচিত হওয়ায় অনেক মৃৎশিল্পী পেশা পরিবর্তনের কথা ভাবছেন।

স্থানীয় মৃৎশিল্পীরা জানান, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ঐতিহ্যবাহী এ শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব। বিশেষ করে প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ এবং উৎপাদিত পণ্য বাজারজাতকরণে সহায়তা পেলে তারা নতুন করে আশাবাদী হতে পারেন। পাশাপাশি নতুন প্রজন্মকেও এ পেশায় ধরে রাখা সম্ভব হবে বলে মনে করছেন তারা।

মৃৎশিল্পীদের ভাষ্য, বর্তমানে অনেকেই নিয়মিত কাজ পান না। ফলে মাটির তৈরি পণ্য উৎপাদন করে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। প্রয়োজনীয় সহায়তা না থাকায় অনেকে বাধ্য হয়ে অন্য পেশায় চলে যাচ্ছেন। এ অবস্থায় সরকারি উদ্যোগে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার পাশাপাশি মৃৎপণ্যের বাজার সম্প্রসারণের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব জানিয়েছেন, মৃৎশিল্পীদের জন্য সরাসরি সরকারি সহযোগিতার সুযোগ নেই। তবে বিভিন্ন সমিতি ও যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে তাদের প্রশিক্ষণ দেওয়ার সুযোগ রয়েছে। একই সঙ্গে স্বল্প সুদে ঋণের ব্যবস্থাও করা যেতে পারে।

স্থানীয় মৃৎশিল্পীদের প্রত্যাশা, সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিত উদ্যোগ নিলে হারিয়ে যেতে বসা এ ঐতিহ্যবাহী শিল্পকে আবারও ঘুরে দাঁড় করানো সম্ভব হবে।

কালের আলো/এমএসআইপি 

সৌদি আরব রক্ষায় ‘সবকিছু করতে’ প্রস্তুত পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ
সৌদি আরব রক্ষায় ‘সবকিছু করতে’ প্রস্তুত পাকিস্তান

সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় পাকিস্তান সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তাঁর ভাষায়, সৌদি আরবের নিরাপত্তার প্রতি পাকিস্তানের প্রতিশ্রুতি ‘শর্তহীন’।

আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কূটনৈতিক ও সরাসরি—দুইভাবেই পাকিস্তান সৌদি আরবের পাশে রয়েছে। হারামাইন শরিফাইন—মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ—এবং সৌদি আরবের নিরাপত্তার জন্য প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

বর্তমানে সৌদি আরব ও ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চলছে। হুতিদের নিয়ন্ত্রণাধীন ইয়েমেনের লোহিত সাগর উপকূলীয় এলাকাগুলো কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি। একই সময়ে সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিযোগ রয়েছে; জবাবে রিয়াদও হুতিদের অবস্থানে বিমান হামলা চালাচ্ছে।

চলতি সপ্তাহে সৌদি নেতৃত্বাধীন জোট হুতিদের বিরুদ্ধে মক্কা লক্ষ্য করে হামলার অভিযোগ তোলে। তবে হুতিরা এ অভিযোগ প্রত্যাখ্যান করে একে ‘মিথ্যা’ বলে দাবি করেছে।

আহমেদ শরীফ চৌধুরী বলেন, সৌদি আরবের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন মোকাবিলায় পাকিস্তান দেশটির পাশে থাকবে। তাঁর মতে, এ বিষয়ে পাকিস্তানের জনগণের অবস্থানও স্পষ্ট।

পাকিস্তানের এই সামরিক মুখপাত্র জানান, দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সৌদি আরবের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে আঞ্চলিক দেশগুলোসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সহযোগিতায় বর্তমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজা হচ্ছে।

সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মধ্যে ফোনালাপ নিয়েও তাঁকে প্রশ্ন করা হয়। জবাবে আহমেদ শরীফ বলেন, এ বিষয়েও পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সৌদি আরবের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

কালের আলো/এসএ