খুঁজুন
                               
, ,
           

সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির পর শ্রমিকদের মজুরি নিয়ে নতুন দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৬ অপরাহ্ণ
সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির পর শ্রমিকদের মজুরি নিয়ে নতুন দাবি

সরকারি কর্মচারীদের জন্য নবম পে-স্কেল কার্যকর ও প্রজ্ঞাপন জারির পর বেসরকারি খাতের শ্রমিক-কর্মচারীদের মজুরি বাড়ানোর দাবি জোরালো হয়েছে। শ্রমিক নেতারা বলছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমূল্যের মধ্যে সরকারি কর্মচারীদের বেতন বাড়লেও বেসরকারি খাতের শ্রমিকদের আয় একই থাকলে তাদের ওপর জীবনযাত্রার ব্যয়ের চাপ আরও বাড়বে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয় জারি করা আদেশ অনুযায়ী, নতুন বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডে বেতন বৃদ্ধির মোট অঙ্কের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডে ৫০ শতাংশ দেওয়ার কথা বলা হয়েছে। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত এ হার যথাক্রমে ৭০ ও ৭৫ শতাংশ হবে। ২০২৭ সালের ১ জুলাই থেকে ইনক্রিমেন্টসহ পুরো বর্ধিত মূল বেতন কার্যকর হবে।

সরকারের এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন পে-স্কেল একটি যৌক্তিক সিদ্ধান্ত। এর মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড, সরবরাহ ব্যবস্থা ও বিনিয়োগে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তবে বেসরকারি খাতের শ্রমিকদের মজুরি নিয়েও দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু বলেন, সরকারি কর্মচারীদের বেতন বাড়ার প্রভাব বাজারে পড়বে। এতে শ্রমিকদের ওপর মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে।

তিনি গার্মেন্টস শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানান। পাশাপাশি চা, চামড়া, টেক্সটাইলসহ অন্যান্য খাতের শ্রমিকদের জন্য জাতীয়ভাবে ৩৫ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি করেন। চলতি সেপ্টেম্বরের মধ্যেই মজুরি বোর্ড গঠন এবং আগামী ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি ঘোষণা করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিনও নতুন পে-স্কেলকে স্বাগত জানিয়ে বেসরকারি শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে উদ্যোগ নেওয়ার দাবি জানান।

তিনি বলেন, শ্রম আইন অনুযায়ী তিন বছর পরপর মজুরি পুনর্নির্ধারণের কথা রয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে গার্মেন্টস খাতে মজুরি বৃদ্ধি করা হয়েছিল। সে হিসাবে ২০২৬ সালের ডিসেম্বরে পুনরায় মজুরি বৃদ্ধির সময় হলেও এখনো নতুন মজুরি বোর্ড গঠন করা হয়নি।

শ্রমিক নেতাদের দাবি, সরকারি ও বেসরকারি খাতের আয়-বৈষম্য কমাতে দ্রুত নতুন মজুরি বোর্ড গঠন করে শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করা প্রয়োজন।

কালের আলো/এমএসআইপি 

ডিসি-ওসির পর গুলশানের এডিসিকেও সরানো হলো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ
ডিসি-ওসির পর গুলশানের এডিসিকেও সরানো হলো

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পর এবার গুলশান জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সরোয়ার হোসেনকে বদলি করা হয়েছে।

তার স্থলাভিষিক্ত করা হয়েছে ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আমিনুল হক বাপ্পীকে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

চার এডিসির দায়িত্বে রদবদল

একই অফিস আদেশে ডিএমপির চারজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের দায়িত্বে রদবদল করা হয়েছে।

আদেশ অনুযায়ী, ডিএমপির ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালিসিস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলামকে মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফারজিনা নাসরিনকে গোয়েন্দা-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।

গুলশানে মিছিলের পর ধারাবাহিক বদলি

সম্প্রতি রাজধানীর গুলশানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিলের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের গোয়েন্দা কার্যক্রম নিয়ে প্রশ্ন ওঠে।

এরপর পর্যায়ক্রমে গুলশান বিভাগের ডিসি, ওসি এবং এবার এডিসিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো।

কালের আলো/এমএসআইপি 

ধর্মমন্ত্রী

মক্কা-মদিনার নিরাপত্তায় বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ধর্মমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
মক্কা-মদিনার নিরাপত্তায় বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ধর্মমন্ত্রীর

পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি কিংবা সেখানে যেকোনো ধরনের হামলার চেষ্টা করা হলে বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

শনিবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে পবিত্র দুই নগরীর নিরাপত্তার প্রতি হুমকি ও হামলার অপচেষ্টার প্রতিবাদ জানান তিনি।

ধর্মমন্ত্রী বলেন, পবিত্র মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারা বিশ্ব মুসলিমের কাছে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ইবাদত ও পবিত্রতার স্থান। এ দুই নগরী সমগ্র মুসলিম উম্মাহর আবেগ, বিশ্বাস ও ভালোবাসার কেন্দ্র। সেখানে কোনো ধরনের হামলা, আগ্রাসন বা নিরাপত্তার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়।

পবিত্র আল-হারামাইনের দুই ইমামের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, মক্কা ও মদিনার পবিত্রতা ও নিরাপত্তা রক্ষা করা সমগ্র মুসলিম উম্মাহর সম্মিলিত দায়িত্ব। পবিত্র ভূমির বিরুদ্ধে যেকোনো আগ্রাসন বা ষড়যন্ত্র বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ পবিত্র দুই নগরীর নিরাপত্তা, মর্যাদা ও পবিত্রতা রক্ষার প্রশ্নে আপসহীন। বিশ্বের সব মুসলিম রাষ্ট্র ও মুসলিম উম্মাহকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

ধর্মমন্ত্রী বলেন, বর্তমানে ও ভবিষ্যতে মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারার বিরুদ্ধে যেকোনো হুমকি বা হামলার অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।

বিবৃতির শেষে তিনি পবিত্র মক্কা ও মদিনার সার্বিক নিরাপত্তা এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সংহতি ও কল্যাণ কামনা করেন।

কালের আলো/এমএসআইপি 

১৭ বছরে শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত হয়েছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৪ অপরাহ্ণ
১৭ বছরে শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে। এর ফলে জাতির মেরুদণ্ড দুর্বল হয়ে পড়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, একটি জাতির জন্য শিক্ষা ও লেখাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও গত ১৭ বছরে বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হয়নি। শিক্ষাব্যবস্থার বিভিন্ন পর্যায়ে অনিয়ম ও অব্যবস্থাপনার নেতিবাচক প্রভাব শিক্ষার্থীসহ পুরো জাতির ওপর পড়েছে।

তিনি অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে খাতায় শুধু প্রশ্ন লেখা হয়েছে এবং ক্ষমতাশালী মহল থেকে ফোন করে শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের কারণে দীর্ঘ সময়ে দেশের শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্ব

প্রযুক্তির বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের আধুনিক ও দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন বিএনপির এই নেতা। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তিগত প্রতিযোগিতা বাড়লেও বাংলাদেশের শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ যথেষ্টভাবে তৈরি করা হয়নি।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আধুনিক সুযোগ-সুবিধা ও প্রযুক্তিগত সরঞ্জাম দিয়ে সজ্জিত করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, শিক্ষার্থীদের শুধু প্রচলিত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের আধুনিক প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে হবে।

নারীর শিক্ষায় গুরুত্ব

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে নারীর ক্ষমতায়ন ও শিক্ষার প্রসারে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারীদের অবৈতনিক শিক্ষার সুযোগ স্নাতক (অনার্স) পর্যায় পর্যন্ত সম্প্রসারণের কথা বলেছেন।

তিনি বলেন, নারীদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তোলা হলে পরিবার, সমাজ ও রাষ্ট্র—সব ক্ষেত্রেই এর ইতিবাচক প্রভাব পড়বে।

শিক্ষায় যথাযথ প্রণোদনা ও বিনিয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় অবকাঠামো, প্রযুক্তি ও উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়।

কালের আলো/এমএসআইপি