জলাবদ্ধতা নিরসনে ভোর থেকেই মাঠে ডিএসসিসি
ভোর থেকে বজ্রসহ মুষলধারে বৃষ্টিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন বিভিন্ন নিচু এলাকা ও ঢালু সড়কে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জমে থাকা পানি দ্রুত সরিয়ে নিতে ভোর থেকেই পরিচ্ছন্নতাকর্মী ও ইমার্জেন্সি রেসপন্স টিম কাজ করছে।
রোববার (২০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএসসিসি।
সিটি কর্পোরেশন জানায়, ভোর ৪টা থেকে বজ্রসহ মুষলধারে বৃষ্টি শুরু হয়। এতে ডিএসসিসির আওতাধীন কিছু নিচু এলাকা ও ঢালু সড়কে পানি জমে যায়। জলাবদ্ধতার কারণে নগরবাসীর ভোগান্তি কমাতে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতাকর্মী ও ইমার্জেন্সি রেসপন্স টিম বিভিন্ন এলাকায় কাজ শুরু করে।
ড্রেনেজ লাইনে পানি প্রবাহের প্রতিবন্ধকতা দূর করার পাশাপাশি পানি নিষ্কাশনে কাজ করছেন রেসপন্স টিমের সদস্য ও পরিচ্ছন্নতাকর্মীরা। দ্রুত পানি সরিয়ে যানবাহন ও পথচারীদের চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে ডিএসসিসি।
পরিস্থিতি পর্যবেক্ষণে সকাল থেকে ডিএসসিসির প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন।
জলাবদ্ধতার কারণে সৃষ্ট ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে নগরবাসীর সহযোগিতা চেয়েছে সিটি কর্পোরেশন। একই সঙ্গে জলমগ্ন এলাকায় চলাচলের সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
বিশেষ করে জলমগ্ন সড়কে উন্মুক্ত বা ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তার এবং ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। পাশাপাশি পানির নিচে খোলা ম্যানহোল বা ড্রেন থাকতে পারে উল্লেখ করে পথচারী ও যানবাহনের চালকদের সতর্কভাবে চলাচলের পরামর্শ দিয়েছে ডিএসসিসি।
জলাবদ্ধতা সংক্রান্ত তথ্য জানাতে বা জরুরি প্রয়োজনে ডিএসসিসির নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯-৯০০৮৮৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
কালের আলো/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array