খুঁজুন
                               
, ,
           

জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকছেন তিন মন্ত্রীসহ ৩৫ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪০ অপরাহ্ণ
জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকছেন তিন মন্ত্রীসহ ৩৫ জন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ৩৫ জন সফরসঙ্গী যাচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী থাকছেন। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও নিউইয়র্কের স্থায়ী প্রতিনিধি নিউইয়র্ক থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন।

সফরসঙ্গীদের মধ্যে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান রয়েছেন। এছাড়া বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক এবং জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরামও সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন।

সানফ্রান্সিসকোতে প্রধানমন্ত্রীর কোনো কর্মসূচি রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব জানান, সেখানে একটি অনুষ্ঠানে মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি অংশ নেবেন।

প্রধানমন্ত্রী ও প্রতিনিধি দলের নিরাপত্তার বিষয়ে পররাষ্ট্র সচিব বলেন, প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সফররত প্রতিনিধিদের নিরাপত্তার বিষয়টি যুক্তরাষ্ট্রের দায়িত্বের সঙ্গেও সম্পৃক্ত। এ বিষয়ে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান নিউইয়র্ক থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন।

আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন। সফরে তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। নিউইয়র্কের কর্মসূচি শেষে আগামী ২৫ সেপ্টেম্বর রাতে তার দেশে ফেরার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

কালের আলো/এমএসআইপি 

কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ পদে নিয়োগ

চাকরি ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ পদে নিয়োগ

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) ১০ম থেকে ২০তম গ্রেডে ৩০১ জনকে নিয়োগ দেওয়া হবে। স্থায়ী ও অস্থায়ী রাজস্বখাতের এসব পদে আগ্রহী প্রার্থীরা ২১ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩৪টি পদে এই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে গ্রন্থাগারিক, উপসহকারী প্রকৌশলী, এস্টিমেটর, ফোরম্যান, বৈজ্ঞানিক সহকারী, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী, গাড়িচালক, বিভিন্ন ধরনের ড্রাইভার, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরীসহ বিভিন্ন পদ রয়েছে।

সবচেয়ে বেশি ৭৮ জন নিয়োগ দেওয়া হবে বৈজ্ঞানিক সহকারী পদে। এ পদে বেতন ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। এছাড়া ২৫টি গাড়িচালক এবং ২৮টি নিরাপত্তা প্রহরী পদ রয়েছে। অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হবে ৪৬ জনকে।

পদ ও গ্রেড অনুযায়ী বেতন ৮,২৫০ থেকে ৩৮,৬৪০ টাকা পর্যন্ত। প্রার্থীর বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের বারির অনলাইন আবেদন পোর্টালে আবেদন করতে হবে।

আবেদন শুরু: ২১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ১১ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা

পদের ধরন অনুযায়ী আবেদন ফি ৫৬ থেকে ২২৩ টাকা।

উল্লেখ্য, বারির ১১ মার্চ ২০২৬-এর নিয়োগ বিজ্ঞপ্তিতে যাঁরা আগে আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

কালের আলো/এসএ

এআই তদারকিতে ‘এআই ফোর্স’ গড়বেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ণ
এআই তদারকিতে ‘এআই ফোর্স’ গড়বেন ট্রাম্প

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির তদারকি ও উন্নয়নের জন্য ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে শিগগিরই একজন ‘এআই জার’ নিয়োগের কথাও জানিয়েছেন তিনি।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তাঁর প্রথম মেয়াদে গঠিত স্পেস ফোর্সের আদলে নতুন এই বাহিনী গঠন করা হবে। এ জন্য শিগগিরই এআই জার নিয়োগের ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি।

বিশ্বজুড়ে এআইয়ের দ্রুত বিকাশ নিয়ে উদ্বেগ বাড়লেও প্রযুক্তিটির উন্নয়ন ধীর করার পক্ষে নন ট্রাম্প। তাঁর প্রশাসনের কর্মকর্তারা মনে করেন, যুক্তরাষ্ট্র এআই প্রযুক্তির বিকাশে পিছিয়ে পড়লে চীন এ ক্ষেত্রে এগিয়ে যেতে পারে।

এদিকে এআইয়ের সম্ভাব্য ঝুঁকি ও জননিরাপত্তার ওপর এর প্রভাব নিয়ে প্রযুক্তি খাতের বিভিন্ন ব্যক্তি সতর্ক করেছেন। যুক্তরাষ্ট্রের কিছু রিপাবলিকান নেতাও এআইয়ের উন্নয়ন ধীর করার পক্ষে মত দিয়েছেন।

তবে ট্রাম্প এআই নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন আশঙ্কাকে ‘ধাপ্পাবাজি’ হিসেবে বর্ণনা করেছেন। তাঁর দাবি, এআই প্রযুক্তির বিকাশে তাঁর প্রশাসন কোনো বাধা দেবে না। তবে প্রযুক্তির অপব্যবহার হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি আইনে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি।

ট্রাম্প আরও বলেন, উচ্চমাত্রার মেধাসম্পন্ন ব্যক্তিদেরই নতুন এআই জার পদে আবেদন করা উচিত।

সূত্র: দ্য গার্ডিয়ান

সন্ধানী বার্তা/এসএ

এআইয়ের ভুলে চীনা জাহাজে হামলার প্রস্তুতি!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৬ অপরাহ্ণ
এআইয়ের ভুলে চীনা জাহাজে হামলার প্রস্তুতি!

চীনের একটি কার্গো জাহাজে পারমাণবিক কর্মসূচির উপকরণ রয়েছে—এআইয়ের দেওয়া ভুল তথ্যের ভিত্তিতে জাহাজটিতে অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছিল মার্কিন সামরিক বাহিনী। শেষ মুহূর্তে তথ্য যাচাই করতে গিয়ে ভুলটি ধরা পড়ে।

সিএনএনের এক বিশেষ প্রতিবেদনে চারটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, চলতি বছরের বসন্তে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতের সময় এ ঘটনা ঘটে। গোয়েন্দা প্রতিবেদনে চীনা জাহাজটিতে পারমাণবিক অস্ত্র কর্মসূচির উপকরণ থাকার কথা বলা হলে মার্কিন সেনারা জাহাজে ওঠার প্রস্তুতি নেয়। অভিযানের জন্য একটি সশস্ত্র দল ও সামরিক বিমানও প্রস্তুত ছিল বলে সূত্রগুলো জানিয়েছে।

পরে ওই গোয়েন্দা প্রতিবেদন আরও যাচাই করা হয়। তখন জানা যায়, প্রতিবেদনটি তৈরিতে একজন বিশ্লেষক কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নিয়েছিলেন। চীনা জাহাজে থাকা পণ্য সম্পর্কে ব্যবহৃত এআই চ্যাটবটটি ভুল তথ্য দিয়েছিল। এক সূত্রের ভাষায়, এআই দিয়ে তৈরি প্রতিবেদনটি ছিল ‘পুরোপুরি মিথ্যা’।

তথ্যটি ভুল প্রমাণিত হওয়ায় অভিযান স্থগিত করা হয়। তবে ঘটনাটি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্ভাব্য সামরিক উত্তেজনার ঝুঁকি নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।

বর্তমানে মার্কিন সামরিক বাহিনী গোয়েন্দা তথ্য বিশ্লেষণ, লক্ষ্যবস্তু নির্ধারণ, রসদ ব্যবস্থাপনা ও সামরিক সিদ্ধান্ত গ্রহণসহ বিভিন্ন ক্ষেত্রে এআইয়ের ব্যবহার বাড়াচ্ছে। মার্কিন কর্মকর্তাদের মতে, চীনসহ প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় পিছিয়ে না পড়তে এআই ব্যবহারের গতি ধরে রাখা জরুরি।

তবে এ ঘটনার পর এআই-নির্ভর সামরিক সিদ্ধান্তের ঝুঁকি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ডেমোক্রেটিক পার্টির একদল মার্কিন সিনেটর সামরিক বাহিনীতে এআই ব্যবহারের সাম্প্রতিক ভুলগুলো তদন্তের আহ্বান জানিয়েছেন।

সূত্র: সিএনএন

কালের আলো/এসএ