খুঁজুন
                               
, ,
           

জাল সনদে চাকরি করে ১৯ বছরে নিলেন ৪২ লাখ, ফেরতের নির্দেশ

আদালত প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৩ অপরাহ্ণ
জাল সনদে চাকরি করে ১৯ বছরে নিলেন ৪২ লাখ, ফেরতের নির্দেশ

জাল শিক্ষাগত সনদ দিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে চাকরি নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক অফিস সহকারী মোহাম্মদ গোলাম মাওলাকে চাকরিকালীন উত্তোলন করা ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ১৭ সেপ্টেম্বর এ বিষয়ে অফিস আদেশ জারি করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাধারণ ও সংস্থাপন শাখা।

আদেশ সূত্রে জানা যায়, রাজধানীর হাতিরপুলের বাসিন্দা মোহাম্মদ গোলাম মাওলা ২০০৭ সালের ৩১ জানুয়ারি সুপ্রিম কোর্টে অফিস সহকারী পদে চাকরিতে যোগ দেন। দীর্ঘদিন চাকরি করার পর তার শিক্ষাগত যোগ্যতার সনদ জাল ও জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় ২০২১ সালে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। মামলা নম্বর ০৯/২০২১। বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় চলতি বছরের ২১ জানুয়ারি তাকে চাকরি থেকে অপসারণ করা হয়।

অফিস আদেশে বলা হয়, জাল ও জালিয়াতির মাধ্যমে সৃজিত শিক্ষাগত যোগ্যতার সনদের ভিত্তিতে তিনি অফিস সহকারী পদে চাকরি নিয়েছেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে তার চাকরি শুরু থেকেই বাতিল হিসেবে গণ্য হবে।

আদেশে আরও বলা হয়, চাকরি শুরু থেকেই বাতিল হিসেবে গণ্য হওয়ায় চাকরিকালে তিনি কোনো বেতন-ভাতা পাওয়ার অধিকারী নন। কিন্তু ২০০৭ সালের ৩১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তিনি বেতন-ভাতা বাবদ মোট ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা উত্তোলন করেছেন।

এ কারণে উত্তোলন করা ওই অর্থ আগামী ৩০ দিনের মধ্যে অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কালের আলো/এমএসআইপি 

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪ হাজার ৫১০ কোটি ডলার ছাড়িয়েছে, আরও বাড়ার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪ হাজার ৫১০ কোটি ডলার ছাড়িয়েছে, আরও বাড়ার আশঙ্কা

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ইতিমধ্যে ৪ হাজার ৫১০ কোটি ডলার ছাড়িয়েছে। মার্কিন কংগ্রেসকে এ তথ্য জানিয়েছে পেন্টাগন।

পেন্টাগনের হিসাব অনুযায়ী, ৩ সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধসংক্রান্ত ব্যয় ছিল ৪ হাজার ৩৬০ কোটি ডলার। এর সঙ্গে অতিরিক্ত জ্বালানি বাবদ আরও ১৫০ কোটি ডলার যোগ হয়েছে। তবে এই হিসাবকে যুদ্ধের পূর্ণাঙ্গ ব্যয় বলা হচ্ছে না। ক্ষতিগ্রস্ত মার্কিন ঘাঁটি ও স্থাপনা মেরামতের খরচ এতে অন্তর্ভুক্ত হয়নি।

এর আগে জুলাইয়ে পেন্টাগন জানিয়েছিল, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় ৩ হাজার ৭৫০ কোটি ডলার। অর্থাৎ কয়েক সপ্তাহের ব্যবধানে ব্যয়ের হিসাব আরও বেড়েছে।

সিবিওর হিসাবও ছাড়াল পেন্টাগনের নতুন ব্যয়

মার্কিন কংগ্রেসের নির্দলীয় বাজেট গবেষণা প্রতিষ্ঠান কংগ্রেসনাল বাজেট অফিস (CBO) জানিয়েছিল, ১ আগস্ট পর্যন্ত ইরান যুদ্ধে প্রতিরক্ষা বিভাগের খরচ প্রায় ৩ হাজার ৮০০ কোটি ডলার। পেন্টাগনের নতুন হিসাব সেই প্রাক্কলনকে ছাড়িয়ে গেছে।

সিবিওর হিসাবে, যুদ্ধ অব্যাহত থাকলে আগস্টের পর প্রতি মাসে যুক্তরাষ্ট্রের আরও ২০০ থেকে ৩০০ কোটি ডলার ব্যয় হতে পারে। সংঘাত তীব্র হলে মাসিক ব্যয় আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

যুদ্ধের প্রভাব পড়তে পারে মূল্যস্ফীতিতেও

সিবিও সতর্ক করেছে, ইরান যুদ্ধ চলতে থাকলে ২০২৭ সালের প্রথম প্রান্তিকে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়তে পারে। যুদ্ধের ব্যয়ের পাশাপাশি জ্বালানি ও সামরিক সরঞ্জামের ব্যয়ও অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে।

তবে পেন্টাগনের ৪ হাজার ৫১০ কোটি ডলারের হিসাব এখনো চূড়ান্ত নয়। সামরিক ঘাঁটি ও ভবন মেরামত এবং কিছু পরোক্ষ সামরিক ব্যয় এতে ধরা হয়নি। ফলে সংঘাত দীর্ঘ হলে যুক্তরাষ্ট্রের মোট ব্যয় আরও বাড়তে পারে।

সূত্র: CNN, CBO

কালের আলো/এসএ

৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ
৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দেবেন তিনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) চার মন্ত্রীসহ ৩৫ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে মার্কিন মুলুকে উড়ে যাবেন প্রধানমন্ত্রী।

দেশের বর্তমান সরকারপ্রধানের এই সফর এবং তার সফরসঙ্গীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চলছে।

রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের বিষয়ে তিনি বলেন, এবারের সফরে জাতিসংঘের কর্মসূচিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা ৩৫ জন। এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এবং ওয়াশিংটনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন। এছাড়া চারজন মন্ত্রী ও দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব সফরসঙ্গী হিসেবে থাকছেন।

আসাদ আলম সিয়াম বলেন, নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিনিধিদের নিরাপত্তার দায়িত্বের একটি অংশ যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপরও রয়েছে। এ বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে, যাতে সফরসঙ্গীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

প্রধানমন্ত্রীর নিউইয়র্কে অবস্থানের সময়সীমা নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, কার্যকর সফরের জন্য যতটুকু সময় প্রয়োজন, প্রধানমন্ত্রী ততটুকুই অবস্থান করবেন সেখানে। সফরের সময়ের দৈর্ঘ্যের চেয়ে সময়ের যথাযথ ব্যবহারই বেশি গুরুত্বপূর্ণ।

জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এছাড়া থাকছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে চলেছেন তারেক রহমান। এর আগে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউপর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়েছেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

আল-আকসার কাছে নেতানিয়াহু, জড়ো হলেন হাজারো ইসরায়েলি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪০ অপরাহ্ণ
আল-আকসার কাছে নেতানিয়াহু, জড়ো হলেন হাজারো ইসরায়েলি

মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণের কাছে পশ্চিম দেয়াল এলাকায় কয়েকজন মন্ত্রী ও হাজারো ইসরায়েলিকে নিয়ে গিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তিনি আল-আকসা মসজিদে প্রবেশ করেননি; দখলকৃত পূর্ব জেরুজালেমের পশ্চিম দেয়াল প্রাঙ্গণে প্রার্থনা করেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে কড়া নিরাপত্তার মধ্যে নেতানিয়াহু ও তার সঙ্গীরা সেখানে যান বলে জানিয়েছে ফিলিস্তিনের জেরুজালেম গভর্নরেট।

গভর্নরেটের বিবৃতিতে বলা হয়, পুরোনো শহরের ওয়াদি স্ট্রিট হয়ে হাজার হাজার ইসরায়েলি পশ্চিম দেয়াল প্রাঙ্গণে প্রবেশ করেন। এ সময় পুরো এলাকায় জোরদার নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।

ইহুদিদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ইয়ম কিপ্পুর সামনে রেখে আল-আকসা মসজিদের একটি প্রবেশপথ বাব আল-রহমার কাছে প্রার্থনা ও ধর্মীয় আচার পালনের আহ্বান জানিয়েছিল কয়েকটি ইসরায়েলি গোষ্ঠী। সেই আহ্বানের পরই বিপুলসংখ্যক ইসরায়েলি সেখানে জড়ো হন বলে জানায় জেরুজালেম গভর্নরেট।

অন্যদিকে, একই সময়ে বিপুলসংখ্যক ফিলিস্তিনিও নামাজ আদায় ও পুরোনো শহরের বাজারে কেনাকাটার জন্য এলাকায় আসেন। ইয়ম কিপ্পুর সামনে ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে জেরুজালেম গভর্নরেট।

পশ্চিম দেয়াল নিয়ে বিরোধ

পশ্চিম দেয়ালকে ইহুদিরা গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করে এবং বর্তমানে এলাকাটি ইসরায়েলি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে। তবে জেরুজালেমের ইসলামিক ওয়াকফ প্রশাসন ও ফিলিস্তিনের জেরুজালেম গভর্নরেটের বক্তব্য, পশ্চিম দেয়াল আল-আকসা মসজিদ-সংলগ্ন ইসলামী পবিত্র স্থাপনাগুলোর অংশ।

ইসরায়েলি কর্তৃপক্ষ পশ্চিম দেয়াল প্রাঙ্গণ ২৪ ঘণ্টা খোলা রাখে। সেখানে নিয়মিত ধর্মীয় অনুষ্ঠান, প্রার্থনা ও সরকারি আয়োজন অনুষ্ঠিত হয়। প্রবেশপথে নিরাপত্তা তল্লাশি ও পরিচয় যাচাই করা হয়।

ইয়ম কিপ্পুরের আগে ‘সেলিখোট’ নামে বিশেষ প্রার্থনা পালনের জন্য বাব আল-রহমার বাইরে সমবেত হওয়ার আহ্বানও জানিয়েছিল কয়েকটি ইসরায়েলি গোষ্ঠী। চলতি বছর ২১ সেপ্টেম্বর ইয়ম কিপ্পুর পালিত হওয়ার কথা।

সামনে আরও কয়েকটি ধর্মীয় উৎসব

ইহুদি ধর্মীয় উৎসবের মৌসুম শুরু হয়েছে ১২ ও ১৩ সেপ্টেম্বর হিব্রু নববর্ষের মধ্য দিয়ে। এরপর ২১ সেপ্টেম্বর পালিত হবে ইয়ম কিপ্পুর বা প্রায়শ্চিত্ত দিবস।

২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে সুক্কোট বা ফিস্ট অব ট্যাবারন্যাকলস। এরপর ৩ অক্টোবর পালিত হবে সিমখাত তোরাহ, যেদিন ইহুদিদের বার্ষিক তোরাহ পাঠচক্রের সমাপ্তি উদ্‌যাপন করা হয়।

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলিদের প্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ রয়েছে। জেরুজালেম গভর্নরেটের দাবি, ২০০৩ সাল থেকে ইসরায়েলি পুলিশ একতরফাভাবে ইসরায়েলিদের আল-আকসা প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দিয়ে আসছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে আরও প্রায় ১০০ ইসরায়েলি আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন বলেও জানিয়েছে জেরুজালেম গভর্নরেট। তাদের ইসরায়েলি পুলিশের নিরাপত্তায় প্রাঙ্গণে ঢুকে ধর্মীয় আচার পালনের অভিযোগ করা হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

কালের আলো/এসএ