খুঁজুন
                               
, ,
           

ডিসেম্বরেই সংবিধান সংশোধনের রিপোর্ট সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ
ডিসেম্বরেই সংবিধান সংশোধনের রিপোর্ট সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী ডিসেম্বরের মধ্যেই সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির চূড়ান্ত রিপোর্ট জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধনের বিশেষ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ। এরপর আলোচনা-পর্যালোচনার ভিত্তিতে সংবিধানের ১৮তম সংশোধনী বিল সংসদে আনা হবে বলে জানান তিনি।

রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে কমিটির দ্বিতীয় বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের কাজ দ্রুত এগিয়ে নিতে প্রতি সপ্তাহে একটি করে বৈঠক করা হবে। ডিসেম্বরের শেষ নাগাদ আলোচনা শেষ করে রিপোর্ট প্রণয়নের কাজ চূড়ান্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি জানান, কমিটির চূড়ান্ত রিপোর্টের ভিত্তিতে আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সংবিধান সংশোধনী বিল সংসদে উপস্থাপন করা হবে।

২৬ দলের মধ্যে ১৫ দলের অংশগ্রহণ

কমিটির বৈঠকে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাই জাতীয় সনদে’ স্বাক্ষরকারী ২৬টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এর মধ্যে ১৫টি দল তাদের প্রতিনিধির মাধ্যমে সরাসরি বৈঠকে অংশ নিয়েছে। এবি পার্টি লিখিত বক্তব্য দিয়েছে।

জাতীয় গণফ্রন্টের নেতারা পারিবারিক অসুস্থতার কারণে শেষ মুহূর্তে বৈঠকে অংশ নিতে না পারলেও টেলিফোনে সমর্থন জানিয়েছেন। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি এখনো কমিটিতে অংশ নেয়নি বলে জানান তিনি।

অর্থবছর ও দ্বিকক্ষ সংসদ নিয়ে আলোচনা

সংবিধানের কাঠামোগত পরিবর্তনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদ্যমান শাসনব্যবস্থা, নির্বাচন, বিচার, জনপ্রশাসন ও পুলিশ ব্যবস্থায় সংস্কারের বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ।

অর্থবছর পরিবর্তনের বিষয়টিও সংবিধান সংশোধনের আলোচনায় রয়েছে বলে জানান তিনি। উন্নয়ন প্রকল্প সুচারুভাবে বাস্তবায়ন ও অপচয় রোধে জুলাই-জুনের পরিবর্তে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত অর্থবছর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি বাস্তবায়নে সংবিধানে পরিবর্তন প্রয়োজন হবে বলেও জানান তিনি।

এ ছাড়া ১০০ সদস্য নিয়ে দ্বিকক্ষবিশিষ্ট সংসদের উচ্চকক্ষ গঠনের একটি রূপরেখার কথা তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ। তার ভাষ্য অনুযায়ী, উচ্চকক্ষের সদস্যরা সরাসরি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন না; বরং সংসদে পাওয়া আসনের আনুপাতিক হারে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের নিয়ে উচ্চকক্ষ গঠনের বিষয়ে অনেক দল একমত হয়েছে। তবে উচ্চকক্ষের সংবিধান সংশোধনের ক্ষমতা থাকবে না।

নোট অব ডিসেন্ট’ প্রসঙ্গ

জুলাই সনদে বিভিন্ন দলের দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ প্রসঙ্গে কমিটির সভাপতি বলেন, যেসব বিষয়ে ভিন্নমত ছিল, সেগুলো নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে উল্লেখ করে জনগণের ম্যান্ডেট নেওয়া হয়েছে। জনগণের ম্যান্ডেট ও প্রতিশ্রুতি অনুযায়ী এসব বিষয় বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

সংস্কার নিয়ে বিএনপি সংখ্যাগরিষ্ঠতার কারণে আগ্রহী নয়—এমন প্রচারকে অসত্য বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেটি সেভাবেই বাস্তবায়ন করা হবে।

ভবিষ্যতে সংশোধনী বাতিলের শঙ্কা নেই

সংবিধানের প্রস্তাবিত সংশোধনী ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান কোনো চিরস্থায়ী অপরিবর্তনীয় গ্রন্থ নয়; সমাজের প্রয়োজন অনুযায়ী এতে পরিবর্তন আনা হয়।

তিনি বলেন, কোনো রাজনৈতিক দল জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করে এবং সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে জনগণের চাহিদা অনুযায়ী সংবিধানের বিধান পরিবর্তন করতে পারে।

বিরোধী দলগুলো সংসদে না থাকলেও সংবিধান সংশোধনী বিল উত্থাপনের সময় তারা সংসদে অংশ নেবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

কালের আলো/এমএসআইপি 

 তিন দফা দাবিতে শেকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের মানববন্ধন

ক্যাম্পাস ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ
 তিন দফা দাবিতে শেকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের মানববন্ধন

প্রস্তাবিত ‘সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার’ পদে শুধু রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানদের নিয়োগসহ তিন দফা দাবিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের শিক্ষার্থীরা।

রোববার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এম. মহবুবুজ্জামান একাডেমিক ভবনের সামনে আয়োজিত কর্মসূচিতে অনুষদের ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার পদে শুধু রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান নিয়োগ, ভেটেরিনারিয়ান ও ডিপ্লোমাধারীদের দায়িত্ব ও পদোন্নতিতে সুস্পষ্ট সীমারেখা এবং প্রতিটি উপজেলায় চারটি করে ভেটেরিনারি সার্জনের পদ সৃষ্টি করে দ্রুত নিয়োগ দেওয়া।

শিক্ষার্থী মিনহাজ আহমেদ নাইম বলেন, এলডিডিপি প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় অনেক ভেটেরিনারিয়ান বেকারত্বের মুখে পড়েছেন। একই সময়ে ডিপ্লোমাধারীদের জন্য নতুন পদ সৃষ্টি হওয়ায় দায়িত্ব ও পদোন্নতির ক্ষেত্রে সুস্পষ্ট সীমারেখা প্রয়োজন।

তিনি আরও বলেন, একজন ভেটেরিনারিয়ান দিয়ে উপজেলা পর্যায়ের সব সেবা পরিচালনা করা সম্ভব নয়। তাই উপজেলা পর্যায়ে পর্যাপ্ত নিয়োগের পাশাপাশি ধাপে ধাপে ইউনিয়ন পর্যায়েও ভেটেরিনারি সেবা সম্প্রসারণ করা প্রয়োজন।

কালের আলো/এসএ

জবিতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে রিকশাচালক আটক

ক্যাম্পাস ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১১ অপরাহ্ণ
জবিতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে রিকশাচালক আটক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে এক রিকশাচালককে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রিকশাচালকটি ফটকের সামনে দিয়ে যাওয়ার সময় স্লোগান দিলে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তি নিজের নাম মনির বলে জানিয়েছেন। তিনি বরগুনার বাসিন্দা বলে জানা গেছে। তবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কোতোয়ালি থানার ওসি রবিউল ইসলাম জানান, ছাত্রদলের নেতাকর্মীরা একজনকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। আটকের পর তাকে মারধর করা হয়ে থাকতে পারে। বর্তমানে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। সুস্থ হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

পুলিশ বা অন্য কোনো সূত্র থেকে ওই রিকশাচালকের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

কালের আলো/এসএ

জবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত কয়েকজন

ক্যাম্পাস ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
জবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত কয়েকজন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ক্যাম্পাসে এ সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, জবি ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফীন ও ১৭ নম্বর যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের একটি চায়ের দোকানের পাশে প্রথমে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে তা ক্যাম্পাসের কাঠালতলা এলাকায় ছড়িয়ে পড়ে। সেখানে কয়েকজনকে রড ও পাইপ নিয়ে হামলা করতে দেখা যায়।

আহতদের মধ্যে অর্থনীতি বিভাগের মাদুদ ও লোকপ্রশাসন বিভাগের ইমনের নাম জানা গেছে। তবে আহতের সংখ্যা ও তাদের শারীরিক অবস্থার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংঘর্ষের সুনির্দিষ্ট কারণও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান বলেন, দুই গ্রুপের নাম তিনি জানেন না। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ডাকা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, উল্লেখযোগ্যভাবে কেউ আহত হয়নি; কয়েকজন সামান্য আঘাত পেয়ে থাকতে পারেন।

কালের আলো/এসএ