শিশুদের ক্যান্সার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দিলেন মেসি
ফুটবল মাঠের বাইরে মানবিক উদ্যোগেও পাশে দাঁড়ালেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। শিশুদের জন্য ক্যান্সার হাসপাতাল নির্মাণে তাঁর দাতব্য প্রতিষ্ঠান ‘মেসি ফাউন্ডেশন’ ২৬ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ কোটি ৬৩ লাখ টাকা, অনুদান দিয়েছে।
স্পেনের বার্সেলোনায় নির্মাণ করা হবে হাসপাতালটি। শহরটির সঙ্গে মেসির দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। ২০২১ সালে বার্সেলোনা ছাড়লেও শহরটির প্রতি তাঁর টান এখনো অটুট। এবার শিশু ক্যান্সার রোগীদের চিকিৎসায় বড় ধরনের সহায়তা দিয়ে সেই সম্পর্কের আরেকটি দৃষ্টান্ত তৈরি করলেন তিনি।
ফরাসি ওয়েবসাইট ‘ফুট মার্কাতো’র প্রতিবেদনের বরাতে জানা গেছে, হাসপাতাল নির্মাণ প্রকল্পে মেসির ফাউন্ডেশন এই অর্থ সহায়তা দিয়েছে। ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম ‘গোল’-এর তথ্য অনুযায়ী, হাসপাতালটিতে বছরে প্রায় ৪০০ শিশু ক্যান্সার রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব হবে।
প্রকল্পটির লক্ষ্য হলো ক্যান্সারে আক্রান্ত শিশুরা যেন একই জায়গায় প্রয়োজনীয় চিকিৎসা ও অন্যান্য সহায়তা পেতে পারে। হাসপাতালটি শিশুদের চিকিৎসার পাশাপাশি তাদের পরিবারের জন্যও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও খেলাধুলায় সহায়তার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন উদ্যোগে যুক্ত মেসি। তাঁর ‘মেসি ফাউন্ডেশন’-এর মাধ্যমে এর আগেও শিশুদের লিউকেমিয়া গবেষণায় সহায়তা, আর্জেন্টিনার রোজারিওর একটি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম প্রদান এবং মোজাম্বিকে শিশুদের অপুষ্টি মোকাবিলায় সহায়তা করা হয়েছে।
ফুটবল মাঠে অসংখ্যবার সতীর্থদের গোলের সুযোগ তৈরি করেছেন মেসি। এবার মাঠের বাইরেও তাঁর এই উদ্যোগ ক্যান্সারে আক্রান্ত শিশুদের চিকিৎসার সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array