রাজশাহীতে উপ-অঞ্চল ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রাজশাহীতে ৫৩তম গ্রীষ্মকালীন উপ-অঞ্চল পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চলের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় কাবাডি, হ্যান্ডবল, সাঁতার ও দাবাসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিযোগিতায় বালকদের কাবাডিতে চাঁপাইনবাবগঞ্জ চ্যাম্পিয়ন এবং রাজশাহী রানারআপ হয়। বালিকাদের কাবাডিতে জয়পুরহাট চ্যাম্পিয়ন ও নওগাঁ রানারআপ হয়। বালকদের হ্যান্ডবলে চাঁপাইনবাবগঞ্জ চ্যাম্পিয়ন এবং রাজশাহী রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। বালিকাদের হ্যান্ডবলে চাঁপাইনবাবগঞ্জ চ্যাম্পিয়ন ও জয়পুরহাট রানারআপ হয়।
বড় বালকদের সাঁতারে ২০ পয়েন্ট পেয়ে পাবনা চ্যাম্পিয়ন এবং ১৫ পয়েন্ট পেয়ে চাঁপাইনবাবগঞ্জ রানারআপ হয়। মধ্যম বালকদের সাঁতারে ১৫ পয়েন্ট পেয়ে চাঁপাইনবাবগঞ্জ চ্যাম্পিয়ন এবং ১৩ দশমিক ৫ পয়েন্ট পেয়ে বগুড়া রানারআপ হয়।
বড় বালিকাদের সাঁতারে বগুড়া ২১ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং ২০ পয়েন্ট পেয়ে রানারআপ হয়। মধ্যম বালিকাদের সাঁতারে বগুড়া ১৮ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং চাঁপাইনবাবগঞ্জ ১৫ পয়েন্ট পেয়ে রানারআপ হয়।
দাবায় বড় বালকদের বিভাগে বগুড়া চ্যাম্পিয়ন ও নাটোর রানারআপ, মধ্যম বালকদের বিভাগে পাবনা চ্যাম্পিয়ন ও রাজশাহী রানারআপ হয়। বড় বালিকাদের বিভাগে রাজশাহী চ্যাম্পিয়ন ও নওগাঁ রানারআপ এবং মধ্যম বালিকাদের বিভাগে জয়পুরহাট চ্যাম্পিয়ন ও সিরাজগঞ্জ রানারআপ হয়।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চলের উপপরিচালক মোহা. আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিচালক প্রফেসর মো. হুমায়ুন কবীর এবং সচিব প্রফেসর ড. মো. আব্দুর রউফ।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কালের আলো/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array