আইএমএফের প্রতিবেদন
‘গ্র্যাজুয়েট গ্ল্যাট’: উচ্চশিক্ষিত তরুণদের চাকরি নিয়ে আইএমএফের উদ্বেগ
বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হার ৩৬ শতাংশ। অর্থাৎ চাকরির বাজারে প্রবেশ করা প্রতি ১০০ জন উচ্চশিক্ষিত তরুণের মধ্যে ৩৬ জনই বেকার থাকছেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
দক্ষিণ এশিয়ায় যুব বেকারত্ব নিয়ে করা গবেষণাটি আইএমএফের ‘ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট’ সাময়িকীর সেপ্টেম্বর সংখ্যায় প্রকাশিত হয়েছে। গবেষণায় ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণদের অন্তর্ভুক্ত করা হয়েছে। উচ্চ মাধ্যমিক বা তার পরবর্তী স্তরের শিক্ষাকে উচ্চশিক্ষা হিসেবে বিবেচনা করেছে সংস্থাটি।
আইএমএফের হিসাবে, বাংলাদেশে সামগ্রিক যুব বেকারত্বের হার প্রায় ১০ শতাংশ। এর বিপরীতে উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্ব ৩৬ শতাংশ। অর্থাৎ সামগ্রিক যুব বেকারত্বের তুলনায় উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্বের হার উল্লেখযোগ্যভাবে বেশি।
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান
গবেষণায় দেখা যায়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্ব সবচেয়ে বেশি শ্রীলঙ্কায়—৪৩ শতাংশ। এরপর ভারতে ৪২ শতাংশ এবং বাংলাদেশে ৩৬ শতাংশ। অন্যদিকে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ফিলিপিন্সে উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্বের হার ২০ শতাংশের নিচে।
ভারতে সামগ্রিক যুব বেকারত্বের হার ১৮ শতাংশ এবং শ্রীলঙ্কায় ২২ শতাংশ। ফলে এসব দেশেও সামগ্রিক যুব বেকারত্বের তুলনায় উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্ব বেশি।
‘গ্র্যাজুয়েট গ্ল্যাট’
আইএমএফ এই পরিস্থিতিকে ‘গ্র্যাজুয়েট গ্ল্যাট’ বা উচ্চশিক্ষিত গ্র্যাজুয়েটের আধিক্য হিসেবে উল্লেখ করেছে। এর ফলে উচ্চশিক্ষিত তরুণরা তাদের যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চাকরি খুঁজে পেতে সমস্যায় পড়ছেন।
আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন বলেন, উচ্চশিক্ষিত তরুণ কর্মীরা তাদের যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চাকরি খুঁজে পেতে সংগ্রাম করছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অটোমেশনের দ্রুত ব্যবহার প্রাথমিক স্তরের কিছু কারিগরি পদকে প্রভাবিত করছে। জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যানিমেটর ও প্রশাসনিক কর্মীদের মতো পদে আগে নতুন গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের সুযোগ থাকলেও এসব ক্ষেত্রে প্রযুক্তির প্রভাব বাড়ছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশেও উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্ব তুলনামূলক বেশি। ইন্দোনেশিয়ায় এ হার ১৮ শতাংশ, ভিয়েতনামে ১৬ শতাংশ, মালয়েশিয়া ও থাইল্যান্ডে ১৩ শতাংশ এবং ফিলিপিন্সে ১২ শতাংশ। সিঙ্গাপুরে উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্বের হার ৮ শতাংশ।
কালের আলো/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array