জাতিসংঘ অধিবেশনে উচ্চপর্যায়ের বিতর্কে যোগ দিলেন তারেক রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত অধিবেশনের উদ্বোধনী পর্বে তিনি যোগ দেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবের তথ্য অনুযায়ী, সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে তিনি জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে পৌঁছান। পরে সাধারণ পরিষদ মিলনায়তনে প্রবেশ করলে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
সাধারণ পরিষদের আসনগুলো ইংরেজি বর্ণানুক্রমে সাজানো থাকায় বাংলাদেশের প্রতিনিধিদল ‘বি’ আদ্যাক্ষরের ভিত্তিতে প্রথম সারিতে আসন পায়। প্রধানমন্ত্রী অধিবেশনস্থলে প্রবেশের পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমানকে অভিবাদন জানান এবং নিজ আসনে বসেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন। অধিবেশনের উদ্বোধনী বক্তব্য দেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
এবারের সাধারণ বিতর্কে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক সংঘাত নিরসন, টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা ও বিশ্ব শান্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু গুরুত্ব পাচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে তাঁর প্রথম ভাষণ।
সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন। বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু এসব বৈঠকে আলোচনায় আসার কথা রয়েছে।
জাতিসংঘের এবারের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণের বাড়তি গুরুত্ব রয়েছে। কারণ, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
কালের আলো/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array