৫১তম বিসিএস বিশেষ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক
এক বছরের মধ্যে বিসিএস পরীক্ষা শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী বিসিএস সাধারণ হবে নাকি বিশেষ—এ নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তার অবসান হয়েছে। চিকিৎসকদের নিয়োগ দিতে ৫১তম বিসিএসকে বিশেষ বিসিএস হিসেবে ঘোষণা করে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশ করেছে পিএসসি।
পিএসসি সূত্রে জানা গেছে, এই বিশেষ বিসিএসের মাধ্যমে মোট ৫ হাজার চিকিৎসককে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন/মেডিক্যাল অফিসার এবং ৩০০ জন ডেন্টাল সার্জন হিসেবে নিয়োগ পাবেন।
চিকিৎসক সংকট মোকাবিলায় বিশেষ নিয়োগ
দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের ঘাটতি রয়েছে। এই সংকট মোকাবিলায় সম্প্রতি বিশেষ বিসিএসের মাধ্যমে ৫ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার।
এ জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় চাহিদাপত্র ও নির্দেশনা পিএসসিতে পাঠানো হয়। চিঠি পাওয়ার পর দ্রুত দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে কমিশন।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান জানান, সংশ্লিষ্ট চিঠি পাওয়ার পর কমিশন প্রয়োজনীয় বোর্ড সভা ও পর্যালোচনা শেষ করে বিশেষ বিসিএসের আনুষ্ঠানিকতা চূড়ান্ত করে। সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের আগেই চিকিৎসকদের বিশেষ বিসিএসের প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় এটিকে ৫১তম বিসিএস হিসেবে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
৫ হাজার পদে যেভাবে নিয়োগ
৫১তম বিশেষ বিসিএসে চিকিৎসকদের জন্য মোট ৫ হাজার ক্যাডার পদ রয়েছে।
- সহকারী সার্জন/মেডিক্যাল অফিসার: ৪,৭০০ পদ
- ডেন্টাল সার্জন: ৩০০ পদ
- মোট: ৫,০০০ পদ
চিকিৎসকদের দ্রুত নিয়োগ দেওয়ার লক্ষ্যেই পরীক্ষার প্রক্রিয়াও তুলনামূলক সংক্ষিপ্ত রাখা হচ্ছে।
লিখিত পরীক্ষার দীর্ঘ প্রক্রিয়া থাকছে না
পিএসসি সূত্রের তথ্য অনুযায়ী, এই বিশেষ বিসিএসে সাধারণ বিসিএসের মতো দীর্ঘ লিখিত পরীক্ষার ধাপ থাকবে না। প্রার্থীদের বাছাই করা হবে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষার মাধ্যমে।
এর ফলে পরীক্ষার বিভিন্ন ধাপ দ্রুত শেষ করে চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্য রয়েছে কমিশনের। নিয়োগপ্রক্রিয়া শেষ হলে নতুন চিকিৎসকদের দেশের সরকারি হাসপাতালগুলোতে পদায়ন করা হবে।
বিশেষ করে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকের ঘাটতি পূরণে এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
স্বাস্থ্য খাতে বড় বরাদ্দ
চিকিৎসকদের এই বিশেষ বিসিএসের উদ্যোগ এমন সময়ে নেওয়া হলো, যখন স্বাস্থ্য খাতের সক্ষমতা বাড়ানো এবং তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। স্বাস্থ্যসেবার সক্ষমতা বৃদ্ধি ও চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নীতিগত লক্ষ্য সামনে রেখেই চিকিৎসক নিয়োগের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সাধারণ বিসিএস হবে ৫২তম
৫১তম বিসিএস বিশেষ বিসিএস হওয়ায় সাধারণ ক্যাডারপ্রত্যাশীদের নজর এখন ৫২তম বিসিএসের দিকে।
পিএসসির পূর্বঘোষিত বিসিএস ক্যালেন্ডার বা রোডম্যাপ অনুযায়ী, ২০২৬ সালের নভেম্বরেই নতুন সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে। অর্থাৎ চিকিৎসকদের জন্য বিশেষ ৫১তম বিসিএসের পর সাধারণ চাকরিপ্রার্থীদের জন্য ৫২তম বিসিএসের বিজ্ঞপ্তি আসার কথা।
বর্তমানে ৫০তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডার পদের মৌখিক পরীক্ষা চলছে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী নভেম্বরের মধ্যে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে পিএসসি।
৫০তম বিসিএসের ফল প্রকাশের পর অথবা এর সঙ্গে সামঞ্জস্য রেখে পিএসসির ক্যালেন্ডার অনুযায়ী নভেম্বরেই ৫২তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।
ফলে ৫১তম বিসিএসের মাধ্যমে চিকিৎসকদের নিয়োগপ্রক্রিয়া শুরু হওয়ার পাশাপাশি সাধারণ ক্যাডারপ্রত্যাশীদের জন্যও পরবর্তী বিসিএসের প্রস্তুতির সময়সূচি এখন অনেকটাই স্পষ্ট হলো।
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array