খুঁজুন
                               
, ,
           

ডিজিটাল ব্যাংকিংয়ে নতুন অধ্যায়, অনুমোদন পেল ৫ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
ডিজিটাল ব্যাংকিংয়ে নতুন অধ্যায়, অনুমোদন পেল ৫ ব্যাংক

দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত পাঁচ ডিজিটাল ব্যাংকের লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন দেওয়া হয়।

প্রাথমিক অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো—ডিজিটাল ব্যাংকিং অব ভুটান, বিকাশ ডিজিটাল ব্যাংক, নোভা ডিজিটাল ব্যাংক ও বুস্ট ডিজিটাল ব্যাংক। পাশাপাশি আগে প্রাথমিক অনুমোদন পাওয়া কড়ি ডিজিটাল ব্যাংককে এলওআই দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ডিজিটাল ব্যাংকিং অব ভুটানের উদ্যোক্তা ভুটানের ডিকে ব্যাংক। বিকাশ ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা বিকাশের শেয়ারধারীরা। নোভা ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন ও স্কয়ার গ্রুপ। আর বুস্ট ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা রবির মূল প্রতিষ্ঠান আজিয়াটা লিমিটেড।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, দেশে ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য মোট ১২টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। এসব আবেদনের মধ্যে ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক, আমার ডিজিটাল ব্যাংক, ৩৬ ডিজিটাল ব্যাংক, আমার ব্যাংক, অ্যাপ ব্যাংক-ফার্মার্স, মৈত্রী ডিজিটাল ব্যাংক, উপকারী ডিজিটাল ব্যাংক এবং মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংকও ছিল।

এর আগে ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন গ্রহণ করে বাংলাদেশ ব্যাংক। ওই সময়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ছিলেন আহসান এইচ মনসুর।

পরবর্তী সময়ে সরকার পরিবর্তনের পর গভর্নর পদে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়। আগের সময়ে জমা পড়া আবেদনগুলোর মধ্য থেকেই এবার পাঁচটি প্রস্তাবিত ডিজিটাল ব্যাংককে এলওআই দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কালের আলো/এমএসআইপি 

দাবার চালে সরগরম রাজশাহী, প্রতিযোগিতায় ৩০ দাবাড়ু

রাজশাহী সংবাদদাতা
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৬ অপরাহ্ণ
দাবার চালে সরগরম রাজশাহী, প্রতিযোগিতায় ৩০ দাবাড়ু

রাজশাহীতে দুইদিনব্যাপী জুনিয়র, সাব-জুনিয়র, মহিলা ও সিনিয়র দাবা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা দাবা সমিতির সাবেক সভাপতি ও ক্রীড়া সংগঠক শেখ মনিরুল ইসলাম আলমগীর।

আয়োজকরা জানান, প্রতিযোগিতায় রাজশাহীর বিভিন্ন পর্যায়ের প্রায় ৩০ জন দাবাড়ু অংশ নিচ্ছেন। দুইদিনব্যাপী এ প্রতিযোগিতায় জুনিয়র, সাব-জুনিয়র, মহিলা ও সিনিয়র—এই চার বিভাগে প্রতিযোগীরা অংশ নেবেন।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করছেন মোঃ কাওসার আলী ইতি ও মোঃ মাহাবুবুর রহমান মিলন।

আয়োজকদের আশা, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে রাজশাহীতে দাবা খেলায় নতুন খেলোয়াড় তৈরি হবে এবং স্থানীয় পর্যায়ে দাবার চর্চা আরও বিস্তৃত হবে।

কালের আলো/এমএসআইপি 

মোবাইল ব্যাংকিংয়ে বাড়ছে গ্রাহক, হিসাব ২৫ কোটি ৮৭ লাখ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ণ
মোবাইল ব্যাংকিংয়ে বাড়ছে গ্রাহক, হিসাব ২৫ কোটি ৮৭ লাখ

দেশে মোবাইল আর্থিক সেবা (এমএফএস) ব্যবহারের পরিধি ক্রমেই বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জুলাই শেষে দেশে মোট এমএফএস হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ২৮৫টি। আগের মাস জুনের তুলনায় জুলাইয়ে হিসাব বেড়েছে প্রায় ১৭ লাখ ১৭ হাজার ৭৬৮টি।

বাংলাদেশ ব্যাংকের ই-ব্যাংকিং অ্যান্ড ই-কমার্স স্ট্যাটিসটিকস ইউনিটের তথ্য অনুযায়ী, জুলাইয়ে মোট এমএফএস হিসাবের মধ্যে পুরুষ গ্রাহকের হিসাব ১৪ কোটি ৭৫ লাখ ৫৪ হাজার ৯৫৩টি। মোট হিসাবের প্রায় ৫৭ শতাংশ পুরুষ গ্রাহকের। অন্যদিকে নারী গ্রাহকের হিসাব রয়েছে ১০ কোটি ৯৫ লাখ ৫৫ হাজার ১৪৭টি, যা মোট হিসাবের প্রায় ৪২ শতাংশ। লিঙ্গ পরিচয় জানানো হয়নি এমন হিসাব রয়েছে ৮ লাখ ৯০ হাজার ৪৯৭টি।

কিশোর-কিশোরীদের হিসাবেও বৃদ্ধি

এমএফএস ব্যবহারে ১৪ থেকে ১৮ বছর বয়সী কিশোর-কিশোরীদের অংশগ্রহণও বেড়েছে। জুলাইয়ে কিশোরদের হিসাব সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৫ হাজার ১০০টি। একই সময়ে কিশোরীদের হিসাব রয়েছে ১ লাখ ৪৮ হাজার ৫৮৮টি।

কমেছে এজেন্ট হিসাব, বেড়েছে মার্চেন্ট

জুলাইয়ে এজেন্ট হিসাবের সংখ্যা সামান্য কমেছে। এ মাসে এজেন্ট হিসাব দাঁড়িয়েছে ২০ লাখ ৮২ হাজার ৫৪৫টি, যা জুনে ছিল ২০ লাখ ৮৩ হাজার ৫২২টি।

তবে মার্চেন্ট ও ব্যক্তিগত খুচরা হিসাব (পিআরএ) বেড়েছে। জুনে মার্চেন্ট হিসাব ছিল ৬ লাখ ৫০ হাজার ৪১৩টি, জুলাইয়ে তা বেড়ে হয়েছে ৬ লাখ ৬১ হাজার ১৭৮টি। একই সময়ে পিআরএ হিসাব ১০ লাখ ২৯ হাজার ৪০৯টি থেকে বেড়ে ১০ লাখ ৬২ হাজার ৫৯৪টিতে পৌঁছেছে।

নগদের তথ্য যুক্ত হওয়ায় হিসাব বেড়েছে

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, প্রযুক্তিগত জটিলতার কারণে ২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত নগদ তাদের হিসাবের তথ্য জমা দিতে পারেনি। ২০২৬ সালের মার্চ থেকে নগদের তথ্য পুনরায় যুক্ত হওয়ায় মোট এমএফএস হিসাবের সংখ্যায় বড় উত্থান দেখা যায়।

ফেব্রুয়ারিতে মোট হিসাব ছিল ১৪ কোটি ৫১ লাখের কিছু বেশি। মার্চে তা এক লাফে বেড়ে দাঁড়ায় ২৫ কোটি ৩২ লাখ ৭৯ হাজারে। এরপরও হিসাবের সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে। মার্চ থেকে জুলাই পর্যন্ত চার মাসে মোট হিসাবের সঙ্গে যুক্ত হয়েছে আরও প্রায় ৫৪ লাখ।

গ্রামাঞ্চলে হিসাব বেশি

এমএফএস হিসাবের দিক থেকে গ্রামাঞ্চল এখনো শহরের কাছাকাছি অবস্থানে রয়েছে। জুলাইয়ে গ্রামাঞ্চলে মোট এমএফএস হিসাব ছিল ১৩ কোটি ২ লাখ ৩৯ হাজার ৬৬৩টি। অন্যদিকে শহরাঞ্চলে হিসাবের সংখ্যা ছিল ১২ কোটি ৮৪ লাখ ৪৪ হাজার ৬২২টি।

কালের আলো/এমএসআইপি 

দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু

টাঙ্গাইল সংবাদদাতা
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১০ অপরাহ্ণ
দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু

জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপির আয়োজনে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে’ অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘কেউ বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘একটা গোষ্ঠী, ফ্যাসিস্ট এ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। জনগণ দ্বারা বিতাড়িত হয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে। তারা গুম, খুন, নির্যাতন ও নিপীড়ন করেছে। এ দেশের মানুষকে হত্যা করেছে, নির্বিচারে গুলি করেছে। তারা আজ আবার বিভিন্ন কায়দায় দেশকে অস্থিতিশীল করতে চায়।’

প্রতিমন্ত্রী বলেন, ‘তাদের এখনো বোধোদয় হয়নি, যে কী কারণে পালিয়ে গেল। তারা একবারও লজ্জিত হয়ে জাতির কাছে ক্ষমা চাচ্ছে না। এমন দুরভিসন্ধি করে কী বাংলাদেশে রাজনীতি করতে পারবেন? পারবেন না। আপনাদের এই দেশের জনগণ বিতাড়িত করেছে। জনগণই আপনাদের প্রতিহত করবে। কারণ বাংলাদেশের জনগণ গণতন্ত্রপ্রিয়।’

বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংস করেছে। সেই ধ্বংসস্তূপ থেকে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন তারেক রহমান।’

তিনি আরও বলেন, ‘জনগণের দল বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করে এত সহজে পার পাবেন; ভাবলে তা আহাম্মকের স্বর্গে বাস করা ছাড়া কিছুই না। জনগণ ভোটের জন্য আন্দোলন-সংগ্রাম করেছে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে। জনগণের দাবি ও অধিকার নিয়ে যখনই কেউ ষড়যন্ত্র করেছে, তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণই তাদের দাঁতভাঙা জবাব দিয়েছে, ভবিষ্যতেও দেবে।’

রাজপথে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর জনগণের দাবি নিয়ে রাজপথে আন্দোলন করেছে। কাজেই যারা বিশৃঙ্খলা করবে, জনগণকে সঙ্গে নিয়ে তাদের দাঁতভাঙা জবাব দেব, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘কোনো অপশক্তি, কোনো ফ্যাসিস্ট যাতে এ দেশের ক্ষতি করতে না পারে, সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। এ ব্যাপারে সজাগ থেকে একদিকে আমরা সাংগঠনিক কাজ করব, অন্যদিকে সরকারকে দেশ পরিচালনায় সহযোগিতা করব। আর জনগণের উন্নয়নের জন্য সমান্তরালভাবে কাজ করে যাব।’

সমাবেশে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু। জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে সমাবেশে অংশ নেন।

সমাবেশে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী শফিকুল রহমান লিটন, সাবেক যুগ্ম আহ্বায়ক অমল ব্যানার্জি, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও শফিকুর রহমান খান শফিক, টাঙ্গাইল জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি আহমেদুল হক শাতিলসহ অনেকে।

এ ছাড়া জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

কালের আলো/আরডি/এমডিএইচ