খুঁজুন
                               
, ,
           

মাউশির কারণ দর্শানোর নোটিশ

কারাগারে দুই মাস, তবুও বেতন-ভাতা উত্তোলন; প্রভাষককে শোকজ

কাউনিয়া (রংপুর) সংবাদদাতা
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ণ
কারাগারে দুই মাস, তবুও বেতন-ভাতা উত্তোলন; প্রভাষককে শোকজ

রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী বাবুর বিরুদ্ধে কারাগারে থাকা অবস্থায় বেতন-ভাতা উত্তোলন, দীর্ঘদিন অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা এবং হাজিরা খাতায় ভুয়া স্বাক্ষরের অভিযোগ উঠেছে। এসব অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) মাউশি রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর মো. গোলাম মাজেদের সই করা নোটিশে তাকে সাত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা লঙ্ঘন করে গভর্নিং বডির অনুমোদন ছাড়াই এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি না নিয়ে দীর্ঘদিন ‘শিক্ষা ছুটি’র নামে অনুপস্থিত ছিলেন মোহাম্মদ আলী বাবু। একই সঙ্গে কারাবন্দি থাকা অবস্থায় বেতন-ভাতা উত্তোলন ও হাজিরা খাতায় ভুয়া স্বাক্ষরের অভিযোগও আনা হয়েছে।

মাউশির নোটিশে এসব কর্মকাণ্ডকে গুরুতর অসদাচরণ, জালিয়াতি ও আর্থিক অনিয়ম হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযোগের দায়ে কেন তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে চাকরি থেকে বরখাস্ত করা হবে না, সাত কর্মদিবসের মধ্যে তার লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

মাউশি রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর গোলাম মাজেদ বলেন, মোহাম্মদ আলী বাবুর বিরুদ্ধে বিনা অনুমতিতে দীর্ঘদিন অনুপস্থিতি, কারাবন্দি অবস্থায় বেতন-ভাতা উত্তোলন এবং হাজিরা খাতায় ভুয়া স্বাক্ষরের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতেই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

জানা গেছে, হজযাত্রীদের সঙ্গে প্রতারণার একটি মামলায় ২০২৪ সালের শেষ দিকে নীলফামারী থেকে মোহাম্মদ আলী বাবুকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান। এরপর গত ১৫ মে দিবাগত রাতে রংপুর মহানগরীর একটি ভাড়া বাসা থেকে তাকে আবার গ্রেপ্তার করা হয়। প্রায় দুই মাস কারাগারে থাকার পর তিনি জামিনে বের হন।

অভিযোগ রয়েছে, ওই সময়ে তিনি কারাগারে থাকলেও কলেজের এমপিও শিটে তার নাম অন্তর্ভুক্ত ছিল। ফলে মে, জুন ও জুলাই—এই তিন মাসের বেতন-ভাতাও তিনি পেয়েছেন। অন্যদিকে কলেজের উপস্থিতি রেজিস্টারে ১০ মে থেকে তার নামের পাশে ‘শিক্ষা ছুটি’ উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় মাউশির নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কালের আলো/এমএসআইপি 

বাংলাদেশ-ব্রাজিল সম্পর্ক জোরদারে হুমায়ুন কবিরের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ণ
বাংলাদেশ-ব্রাজিল সম্পর্ক জোরদারে হুমায়ুন কবিরের বৈঠক

 

জাতিসংঘের বৈঠকের সাইডলাইনে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো লুইজ আইকার ভিয়েইরার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার (২৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিউইয়র্কে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনা

বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়। একই সঙ্গে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন তারা।

আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

নতুন খাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

বৈঠকে দুই পক্ষ উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি নতুন ও উদীয়মান খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাব্য উপায় নিয়েও আলোচনা হয়।

এ ছাড়া বাংলাদেশ ও ব্রাজিলের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং দুই দেশের প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ।

কালের আলো/এমএসআইপি 

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৩১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪০ অপরাহ্ণ
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৩১

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৩১টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে ১০৯ জন, তেজগাঁও বিভাগে ৮৩ জন, ওয়ারী বিভাগে ৬৫ জন, মতিঝিল বিভাগে ৪৭ জন, গুলশান বিভাগে ৪৬ জন, রমনা বিভাগে ৪৫ জন, লালবাগ বিভাগে ৩৯ জন, উত্তরা বিভাগে ২৭ জন, গোয়েন্দা বিভাগে তিনজন এবং সিটিটিসি বিভাগে একজন রয়েছেন।

মাদক ও অন্যান্য আলামত উদ্ধার

অভিযানকালে ৬৪৩ পিস ইয়াবা, ৬০ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ২১ গ্রাম হেরোইন এবং ৪ হাজার ৭০০ পিস টাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া ১১টি মোবাইল ফোন ও একটি ট্রাকও উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

কালের আলো/এমএসআইপি 

আবারও কমল সোনার দাম, নতুন মূল্য কার্যকর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ
আবারও কমল সোনার দাম, নতুন মূল্য কার্যকর

দেশের বাজারে সোনা ও রুপার দাম কমেছে। তেজাবি সোনা-রুপার দাম কমার পর নতুন করে মূল্য সমন্বয় করেছে জুয়েলারি ব্যবসায়ীরা। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে নতুন দাম ঘোষণা করা হয়। সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের সোনার দাম ১ হাজার ৩০১ টাকা কমে হয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

এদিকে সোনার পাশাপাশি কমেছে রুপার দামও। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২৯২ টাকা কমে ৪ হাজার ৮৪০ টাকা হয়েছে। ২১ ক্যারেটের রুপা ৩৫০ টাকা কমে ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ২৯১ টাকা কমে ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১৭৫ টাকা কমে ৩ হাজার ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ১৯ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ১১৭ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৮ দফা দাম বাড়ানো এবং ৫৯ দফা কমানো হয়েছে। গত বছর মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল।

চলতি বছরের ২৯ জানুয়ারি ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।

কালের আলো/এমএসআইপি