খুঁজুন
                               
, ,
           

জাতিসংঘকে ভবিষ্যৎ উপযোগী করতে সংস্কারের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:১০ অপরাহ্ণ
জাতিসংঘকে ভবিষ্যৎ উপযোগী করতে সংস্কারের আহ্বান

জাতিসংঘ নিখুঁত নয়, তবে এটি অপরিহার্য এবং এর কোনো বিকল্প অকল্পনীয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পোস্টে জাতিসংঘের ৮১তম অধিবেশনের উদ্বোধনী বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে তিনি এসব কথা বলেন।

ড. খলিলুর রহমান বলেন, জাতিসংঘের কোথায় কোথায় সীমাবদ্ধতা রয়েছে, তা চিহ্নিত করতে হবে। যেসব বিষয় বর্তমানে কার্যকর নয়, সেগুলোতে প্রয়োজনীয় সংস্কার আনতে হবে।

তিনি বলেন, সিদ্ধান্ত গ্রহণের আলোচনায় শিল্পখাতের নেতা থেকে শুরু করে তরুণ পরিবর্তনকারীদের মতো আরও বেশি কণ্ঠকে যুক্ত করা প্রয়োজন। এর মাধ্যমে জাতিসংঘের কার্যক্রমে অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব আরও বিস্তৃত করা সম্ভব হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বলেন, ‘আস্থা চাওয়া যায় না, এটি অর্জন করতে হয়।’

তিনি আরও বলেন, এবারের অধিবেশন এমন একটি জাতিসংঘ গড়ে তোলার সুযোগ তৈরি করেছে, যা কঠিন বাস্তবতা মোকাবিলায় যথেষ্ট বাস্তববাদী, সংস্কারের জন্য সাহসী এবং প্রয়োজনীয় অংশীজনদের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে উন্মুক্ত।

ড. খলিলুর রহমানের মতে, প্রয়োজনীয় সংস্কার ও বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিত করার মধ্য দিয়েই জাতিসংঘকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও উপযোগী করে তোলা সম্ভব।

কালের আলো/এমএসআইপি 

প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের নজির স্থাপন করেছে সরকার: নাহিদ ইসলাম

কালের আলো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৬ অপরাহ্ণ
প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের নজির স্থাপন করেছে সরকার: নাহিদ ইসলাম

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে সরকার চূড়ান্ত প্রহসনের নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে নাহিদ ইসলাম লেখেন, শিক্ষিত বেকারদের সবশেষ আশ্রয়স্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগেও চূড়ান্ত প্রহসনের নজির স্থাপন করেছে তারেক রহমানের সরকার। গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশনের নামে নিয়োগপ্রাপ্ত অন্তত এক হাজার মেধাবী তরুণের স্বপ্নকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। লিখিত ও অন্যান্য ধাপের পরীক্ষায় মেধার প্রমাণ দেওয়ার পরও তাদের নিয়ে দীর্ঘ আট মাস ধরে চলেছে ভেরিফিকেশনের নামে এক অনিশ্চয়তা ও হয়রানির প্রক্রিয়া। শেষ পর্যন্ত এসব তরুণদের নিয়োগপত্র না দিয়ে গভীর হতাশার মধ্যে ঠেলে দেয়া হয়েছে।

বিরোধীদলীয় চিফ হুইপ লেখেন, আরও উদ্বেগের বিষয় হলো, বাদ পড়াদের অধিকাংশের বিরুদ্ধে থানায় কোনো ফৌজদারি মামলা বা সাধারণ ডায়েরির (জিডি) তথ্য নেই। তাদের বিরুদ্ধে অতীতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে কিংবা সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার তথ্যও পাওয়া যায়নি। এরপরও কোনো স্বচ্ছ, সুস্পষ্ট ও জবাবদিহিমূলক প্রক্রিয়া অনুসরণ না করে তাদের নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

তিনি আরও লেখেন, মেধা, যোগ্যতা ও পরীক্ষার সব ধাপ সফলভাবে সম্পন্ন করার পরও যদি কোনো নাগরিককে অস্বচ্ছ ভেরিফিকেশনের ভিত্তিতে চাকরি থেকে বঞ্চিত করা হয়, তাহলে তা শুধু সংশ্লিষ্ট তরুণদের প্রতি অবিচার নয়, বরং রাষ্ট্রের নিয়োগব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে।

পোস্টের শেষে তিনি লেখেন, আমরা দ্ব্যর্থহীন ভাষায় দাবি জানাচ্ছি, যাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট ও আইনসম্মত অভিযোগ নেই, এমন প্রত্যেক নিরপরাধ প্রার্থীর নিয়োগ অবিলম্বে নিশ্চিত করতে হবে। একইসঙ্গে বাদ দেওয়ার প্রক্রিয়া ও ভেরিফিকেশনের মানদণ্ড জনসমক্ষে স্পষ্ট করতে হবে।

কালের আলো/আরডি/এমডিএইচ

সবজির বাজারে বড় পরিবর্তন নেই, কমেছে ইলিশের দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সবজির বাজারে বড় পরিবর্তন নেই, কমেছে ইলিশের দাম

জ্বালানি তেলের দাম বাড়লেও সরবরাহ পর্যাপ্ত থাকায় রাজধানীর সবজির বাজারে বড় ধরনের কোনো প্রভাব পড়েনি। গত সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজির দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। একই সঙ্গে বাজারে ইলিশের সরবরাহ বাড়ায় কমেছে দামও।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর শেওড়াপাড়া, তালতলা ও আগারগাঁও বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ব্যবসায়ীরা জানান, দক্ষিণাঞ্চলের পাইকারি বাজার ও আড়ত থেকে ঢাকায় ইলিশের সরবরাহ বেড়েছে। ফলে সপ্তাহখানেক আগের তুলনায় মাছটির দাম কেজিতে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত কমেছে।

বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায়, যা গত সপ্তাহে ছিল ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা। ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশের দাম নেমে এসেছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়। ছোট আকারের ইলিশ পাওয়া যাচ্ছে ৬০০ থেকে ৯০০ টাকার মধ্যে।

তালতলা বাজারের মাছ বিক্রেতা আবুল কাশেম বলেন, গত সপ্তাহের তুলনায় ইলিশের দাম কেজিতে ২০০ থেকে ৩০০ টাকা কমেছে। কয়েকদিন বাজারে এমন পরিস্থিতি থাকতে পারে বলেও জানান তিনি।

স্থিতিশীল সবজির বাজার

শীতের আগাম সবজি বাজারে আসা এবং মৌসুমি সবজির সরবরাহ স্বাভাবিক থাকায় সবজির বাজারও মোটামুটি স্থিতিশীল রয়েছে। পটল, ঢেঁড়স ও চিচিঙ্গা ৬০ থেকে ৭০ টাকা কেজি, বেগুন মানভেদে ৮০ থেকে ১২০ টাকা এবং কাঁচা মরিচ ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

টমেটো ও গাজর বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি। পেঁপে ২০, আলু ৩০ এবং পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া কচুর লতি ৭০-৮০, কচুরমুখি ৫০-৬০, শসা ৬০-৮০, বটবটি ৬০-৮০ এবং মিষ্টি কুমড়া ৪০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

আগাম শীতকালীন সবজির মধ্যে শিম ১৬০ থেকে ২০০ টাকা, মুলা ৬০ এবং ফুলকপি ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছোট বাঁধাকপি প্রতি পিস ৮০ টাকা।

কমেছে কিছু মাংসের দাম

বাজারে সোনালি কক মুরগি ৩০০, সোনালি হাইব্রিড ২৭০ এবং লাল লেয়ার ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম ১০ টাকা কমে হয়েছে ১৭০ টাকা এবং দেশি মুরগির দাম ৫০ টাকা কমে ৬৫০ টাকা কেজি।

গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শাকসবজির মধ্যে লাল শাকের আঁটি ১৫, লাউ শাক ৫০, কলমি শাক দুই আঁটি ২০, পুঁই শাক ৪০ এবং ডাটা শাক দুই আঁটি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

কালের আলো/এমএসআইপি

নরসিংদীতে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

নরসিংদী সংবাদদাতা
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৬ অপরাহ্ণ
নরসিংদীতে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

নরসিংদীর পাঁচদোনায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কার্ভাডভ্যানের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়নের অন্তরামপুর এলাকার খোরশেদ আলমের ছেলে সাইদুল ইসলাম (২২) এবং আশুলিয়ার মাতাইল দক্ষিণ পাড়ার হারিস মোল্লার ছেলে নুর উদ্দিন (৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গাজীপুর থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা নরসিংদীর উদ্দেশে ছেড়ে আসে। পাঁচদোনার ভাটপাড়া সড়কে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি কার্ভাডভ্যানের সঙ্গে যানটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী নুর উদ্দিন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সাইদুল ইসলামও মারা যান। পরে মাধবদী থানা পুলিশ নুর উদ্দিনের মরদেহ উদ্ধার করে।

মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালের আলো/আরডি/এমডিএইচ