খুঁজুন
                               
, ,
           

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ
চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

দেশের চার বিভাগে তুলনামূলক ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতে তাপমাত্রা কমতে পারে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, স্থল নিম্নচাপটি বর্তমানে উত্তর ছত্রিশগড় ও তৎসংলগ্ন উত্তরপূর্ব মধ্যপ্রদেশে অবস্থান করছে। এটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্য প্রদেশ, নিম্নচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

তিনি আরও জানান, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামীকাল রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামন্য কমতে পারে।

আগামী বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মরসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বর্ধিত পাঁচদিন আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে সংস্থাটি।

কালের আলো/আরডি/এমডিএইচ

বাংলাদেশ-ব্রাজিল সম্পর্ক জোরদারে হুমায়ুন কবিরের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ণ
বাংলাদেশ-ব্রাজিল সম্পর্ক জোরদারে হুমায়ুন কবিরের বৈঠক

 

জাতিসংঘের বৈঠকের সাইডলাইনে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো লুইজ আইকার ভিয়েইরার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার (২৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিউইয়র্কে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনা

বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়। একই সঙ্গে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন তারা।

আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

নতুন খাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

বৈঠকে দুই পক্ষ উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি নতুন ও উদীয়মান খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাব্য উপায় নিয়েও আলোচনা হয়।

এ ছাড়া বাংলাদেশ ও ব্রাজিলের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং দুই দেশের প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ।

কালের আলো/এমএসআইপি 

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৩১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪০ অপরাহ্ণ
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৩১

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৩১টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে ১০৯ জন, তেজগাঁও বিভাগে ৮৩ জন, ওয়ারী বিভাগে ৬৫ জন, মতিঝিল বিভাগে ৪৭ জন, গুলশান বিভাগে ৪৬ জন, রমনা বিভাগে ৪৫ জন, লালবাগ বিভাগে ৩৯ জন, উত্তরা বিভাগে ২৭ জন, গোয়েন্দা বিভাগে তিনজন এবং সিটিটিসি বিভাগে একজন রয়েছেন।

মাদক ও অন্যান্য আলামত উদ্ধার

অভিযানকালে ৬৪৩ পিস ইয়াবা, ৬০ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ২১ গ্রাম হেরোইন এবং ৪ হাজার ৭০০ পিস টাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া ১১টি মোবাইল ফোন ও একটি ট্রাকও উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

কালের আলো/এমএসআইপি 

আবারও কমল সোনার দাম, নতুন মূল্য কার্যকর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ
আবারও কমল সোনার দাম, নতুন মূল্য কার্যকর

দেশের বাজারে সোনা ও রুপার দাম কমেছে। তেজাবি সোনা-রুপার দাম কমার পর নতুন করে মূল্য সমন্বয় করেছে জুয়েলারি ব্যবসায়ীরা। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে নতুন দাম ঘোষণা করা হয়। সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের সোনার দাম ১ হাজার ৩০১ টাকা কমে হয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

এদিকে সোনার পাশাপাশি কমেছে রুপার দামও। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২৯২ টাকা কমে ৪ হাজার ৮৪০ টাকা হয়েছে। ২১ ক্যারেটের রুপা ৩৫০ টাকা কমে ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ২৯১ টাকা কমে ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১৭৫ টাকা কমে ৩ হাজার ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ১৯ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ১১৭ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৮ দফা দাম বাড়ানো এবং ৫৯ দফা কমানো হয়েছে। গত বছর মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল।

চলতি বছরের ২৯ জানুয়ারি ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।

কালের আলো/এমএসআইপি