প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া শিক্ষকদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা এখনো নিয়োগপত্র পাননি, তাদের দ্রুত নিয়োগপত্র দেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে মন্ত্রী জানান, আগামী ১ অক্টোবরের মধ্যে কোনো উত্তীর্ণ প্রার্থী নিয়োগপত্র না পেলে বিষয়টি যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে পর্যায়ক্রমে দ্রুত নিয়োগপত্র পাঠানো হবে।
মন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর নিয়োগপত্র প্রাপ্তি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ বিষয়ে প্রার্থীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন বা ভেটিং একটি নিয়মিত প্রক্রিয়া। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যোগ্য উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হবে।
নিয়োগপত্র নিয়ে উদ্বিগ্ন প্রার্থীদের আশ্বস্ত করে মন্ত্রী বলেন, ১ অক্টোবর পর্যন্ত যারা নিয়োগপত্র পাননি, তাদের বিষয়টি পরবর্তীতে যাচাই-বাছাই করে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে নিয়োগপত্র পাঠানোর ব্যবস্থা করা হবে।
কালের আলো/এমএসআইপি





আপনার মতামত লিখুন
Array