খুঁজুন
                               
, ,
           

পোশাক বিতর্কের পর কৃতির বার্তা, ‘লড়াইটা পিতৃতন্ত্রের বিরুদ্ধে’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ
পোশাক বিতর্কের পর কৃতির বার্তা, ‘লড়াইটা পিতৃতন্ত্রের বিরুদ্ধে’

পোশাক নিয়ে বিতর্কের কয়েক সপ্তাহ পর এবার নারীর স্বাধীনতা, পোশাক ও সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন।

কৃতি বলেছেন, বিষয়টি কোনোভাবেই ‘পুরুষ বনাম নারী’র লড়াই নয়। বরং এটি পিতৃতান্ত্রিক মানসিকতা এবং সেই মানসিকতাকে সমর্থন করে চলা মানুষের বিরুদ্ধে লড়াই।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেন কৃতি। সেখানে বলা হয়েছে, নারীর অধিকার ও স্বাধীনতা নিয়ে চলমান বিতর্ককে শুধু নারী-পুরুষের দ্বন্দ্ব হিসেবে দেখার সুযোগ নেই। বরং পিতৃতান্ত্রিক ও নারীবিদ্বেষী চিন্তাধারার বিরুদ্ধেই মূল লড়াই।

কৃতির এই পোস্ট প্রকাশ্যে আসার পর তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ভারতের বিহারের জমুইয়ে এক কিশোরী ও তার সহপাঠীকে একদল যুবকের আটকে রেখে মারধর ও হেনস্তার অভিযোগ নিয়ে দেশটিতে যখন ব্যাপক আলোচনা চলছে, তখনই কৃতির এই পোস্ট সামনে আসে।

গত ১৯ সেপ্টেম্বরের ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ মামলা করে। পরে এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

তবে কৃতি তাঁর পোস্টে জমুইয়ের ঘটনার কোনো সরাসরি উল্লেখ করেননি। তাঁর পোস্টের সময়কাল ও বক্তব্যের বিষয়বস্তুর কারণে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বিষয়টি নিয়ে আলোচনা করেছে।

নারীদের প্রতি সহিংসতা এবং অভিনেত্রীদের পোশাক নিয়ে সামাজিক প্রতিক্রিয়ার পার্থক্য তুলে ধরা আরেকটি পোস্টেও কৃতি ‘লাইক’ দিয়েছেন। ওই পোস্টে প্রশ্ন তোলা হয়, নারীর পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে মাত্রায় ক্ষোভ দেখা যায়, নারী নির্যাতন, গার্হস্থ্য সহিংসতা কিংবা পণপ্রথাজনিত মৃত্যুর মতো ঘটনায় কেন একই মাত্রার প্রতিক্রিয়া দেখা যায় না।

এর আগে গত আগস্টে রাখিবন্ধন উপলক্ষে একটি গহনার বিজ্ঞাপনে কৃতির পোশাক নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। বিজ্ঞাপনে তাঁর আধুনিক পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করেন অনেকে।

পরে সেই সমালোচনার জবাব দিয়ে কৃতি বলেছিলেন, উৎসবের মূল বিষয় আবেগ ও ঐতিহ্য। কোনো নারীর পোশাকের ধরন দিয়ে তাঁর সংস্কৃতির প্রতি সম্মান বা মূল্যবোধ বিচার করা উচিত নয় বলেও তিনি মন্তব্য করেছিলেন।

বিতর্কের পর সংশ্লিষ্ট গহনা প্রতিষ্ঠানটি বিজ্ঞাপনটি সরিয়ে নেয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, কারও অনুভূতিতে আঘাত করা তাদের উদ্দেশ্য ছিল না। সম্মানের বিষয়টি বিবেচনা করে বিজ্ঞাপনটি সব মাধ্যম থেকে প্রত্যাহার করা হয়েছে।

এর পর আবারও নারীর নিরাপত্তা, পোশাক এবং পিতৃতান্ত্রিক মানসিকতা নিয়ে কৃতির নতুন পোস্ট আলোচনায় এসেছে। তবে অভিনেত্রী নিজে তাঁর বক্তব্যকে কোনো নির্দিষ্ট ঘটনা বা ব্যক্তির সঙ্গে সরাসরি যুক্ত করেননি।

কালের আলো/এসএ

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, জারি জরুরি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, জারি জরুরি সতর্কতা

টানা ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। প্রধান সড়কগুলোতে কোথাও কোথাও কোমরসমান পানি জমেছে। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় শনিবার (২৬ সেপ্টেম্বর) শহরটিকে দুর্যোগকবলিত এলাকা ঘোষণা করেছেন ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপান।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৪৮ ঘণ্টায় ব্যাংককে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে নগরীর বিভিন্ন সড়ক ও নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। অনেক স্থানে যানবাহন আংশিক পানিতে ডুবে থাকতে দেখা গেছে।

আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহান্তে ব্যাংককে আরও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গভর্নর চাদচার্ট সিত্তিপান বলেছেন, বন্যা মানুষের জীবন ও সরকারি-বেসরকারি সম্পত্তির জন্য ঝুঁকি তৈরি করেছে। খালসংলগ্ন এলাকাগুলোর পরিস্থিতি সবচেয়ে বেশি নাজুক বলে জানিয়েছেন তিনি।

দুর্গত মানুষের সহায়তায় আশ্রয়কেন্দ্র ও অস্থায়ী রান্নাঘর স্থাপন করছে সেনাবাহিনী। ব্যাংকক মহানগর প্রশাসন স্কুলগুলোকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত করেছে। একই সঙ্গে বাসিন্দাদের অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

খালের কাছাকাছি বসবাসকারীদের জরুরি সতর্কবার্তা দিয়ে প্রয়োজনীয় মালপত্র নিরাপদ ও উঁচু স্থানে সরিয়ে নিতে বলা হয়েছে। বন্যার আশঙ্কায় খাবার ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য কিনতে সুপারমার্কেটগুলোতেও মানুষের ভিড় দেখা গেছে।

এদিকে বন্যার মধ্যেও ব্যাংককের প্রধান সুবর্ণভূমি বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে সড়কে জলাবদ্ধতার কারণে বিমানযাত্রীদের যাতায়াতে অতিরিক্ত দুই থেকে তিন ঘণ্টা সময় হাতে রাখার পরামর্শ দিয়েছে পর্যটন কর্তৃপক্ষ।

এর আগে ২০২৫ সালের নভেম্বরে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় বহু মানুষ প্রাণ হারান এবং হাজারো বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

বনানীতে বহুতল ভবনের ২৩ তলায় আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
বনানীতে বহুতল ভবনের ২৩ তলায় আগুন

রাজধানীর বনানীতে আলোচিত এফ আর টাওয়ারের পাশের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, বিকেল ৫টা ৩৬ মিনিটে বনানীর একটি ২৬ তলা ভবনের ২৩ তলায় আগুন লাগার খবর আসে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ মার্চ বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত ও ৭০ জন আহত হন। ওই ঘটনার পর বনানীর বহুতল ভবনগুলোর অগ্নিনিরাপত্তা নিয়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছিল।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

লিংকডইন প্রোফাইল যুক্ত করলেই মিলবে পেশাগত পরিচয়, অ্যান্ড্রয়েডে চালু সুবিধা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
লিংকডইন প্রোফাইল যুক্ত করলেই মিলবে পেশাগত পরিচয়, অ্যান্ড্রয়েডে চালু সুবিধা

অপরিচিত নম্বর থেকে ফোন এলে কলারের নাম ও ফোন নম্বরের পাশাপাশি এবার তাঁর কর্মস্থল ও পদবির তথ্যও দেখা যেতে পারে ট্রুকলারে। পেশাগত যোগাযোগের ক্ষেত্রে কলারের পরিচয় সম্পর্কে বাড়তি তথ্য দিতে লিংকডইনের সঙ্গে অংশীদারত্ব করে নতুন এ সুবিধা চালু করেছে কল শনাক্তকরণ সেবা ট্রুকলার।

নতুন সুবিধার আওতায় কোনো ব্যবহারকারী তাঁর লিংকডইন প্রোফাইল ট্রুকলারের সঙ্গে যুক্ত করলে তাঁর পেশাগত পরিচয়ের তথ্য কলার আইডিতে দেখানো হতে পারে। তবে লিংকডইন প্রোফাইল যুক্ত করলেই সেখানে থাকা সব তথ্য স্বয়ংক্রিয়ভাবে ট্রুকলারে প্রদর্শিত হবে না। কোন তথ্য দেখানো হবে, সে বিষয়ে ব্যবহারকারীর নিয়ন্ত্রণ থাকবে।

ধরা যাক, কোনো নিয়োগকর্তা, গ্রাহক, সরবরাহকারী, পরামর্শক বা ব্যবসায়িক সহযোগী এমন একটি নম্বর থেকে ফোন করেছেন, যা ফোনে সংরক্ষিত নেই। ওই ব্যক্তি যদি নিজের লিংকডইন প্রোফাইল ট্রুকলারের সঙ্গে যুক্ত করে রাখেন, তাহলে কলার আইডিতে তাঁর নাম, প্রোফাইল ছবি, পদবি ও প্রতিষ্ঠানের নাম দেখা যেতে পারে। চাইলে সেখান থেকেই তাঁর লিংকডইন প্রোফাইলেও প্রবেশ করা যাবে।

যেসব তথ্য দেখা যেতে পারে

লিংকডইন প্রোফাইল ট্রুকলারের সঙ্গে যুক্ত করার পর কলার আইডিতে ব্যবহারকারীর বিভিন্ন পেশাগত তথ্য প্রদর্শিত হতে পারে। এর মধ্যে রয়েছে নাম, প্রোফাইল ছবি, বর্তমান কর্মস্থল বা প্রতিষ্ঠানের নাম, পদবি, লিংকডইনে যাচাই করা পরিচয়ের তথ্য এবং লিংকডইন প্রোফাইলের লিংক।

লিংকডইনের পরিচয় যাচাইব্যবস্থার মাধ্যমে কোনো ব্যক্তির পরিচয় বা কর্মস্থলের তথ্য যাচাই করা যায়। ‘ভেরিফায়েড অন লিংকডইন’ কর্মসূচির মাধ্যমে এখন লিংকডইনের বাইরের বিভিন্ন সেবাতেও এসব যাচাইয়ের তথ্য প্রদর্শনের সুযোগ তৈরি হয়েছে। ট্রুকলার এ কর্মসূচির নতুন অংশীদার।

যেভাবে কাজ করবে

নতুন ট্রুকলার ব্যবহারকারীরা অ্যাকাউন্ট তৈরির সময় ‘লগইন উইথ লিংকডইন’ অপশন ব্যবহার করে নিজেদের লিংকডইন প্রোফাইল যুক্ত করতে পারবেন। এ ক্ষেত্রে লিংকডইন অ্যাকাউন্টে থাকা নাম ও প্রোফাইল ছবির মতো তথ্য ট্রুকলার প্রোফাইলে যুক্ত হতে পারে।

যাঁরা আগে থেকেই ট্রুকলার ব্যবহার করছেন, তাঁরাও ‘ভেরিফায়েড অন লিংকডইন’ সুবিধার মাধ্যমে নিজেদের লিংকডইন প্রোফাইল যুক্ত করতে পারবেন। এর মাধ্যমে কর্মস্থল ও পদবির তথ্য ট্রুকলার প্রোফাইলে যোগ করা যাবে।

দুটি প্রোফাইল যুক্ত হওয়ার পর ওই ব্যক্তি যখন অন্য কোনো ট্রুকলার ব্যবহারকারীকে ফোন করবেন, তখন কলার আইডিতে তাঁর পেশাগত পরিচয়ের তথ্য দেখা যেতে পারে। লিংকডইনে তাঁর কর্মস্থল যাচাই করা থাকলে ট্রুকলারে প্রতিষ্ঠানের নামের পাশে যাচাইয়ের নির্দেশকও দেখা যেতে পারে।

ফলে ফোন ধরার আগেই ব্যবহারকারী কলারের পেশাগত পরিচয় সম্পর্কে অতিরিক্ত একটি তথ্যসূত্র পাবেন।

১১ কোটি ৫০ লাখের বেশি পরিচয় যাচাই

লিংকডইন জানিয়েছে, ২৩ সেপ্টেম্বর পর্যন্ত তাদের প্ল্যাটফর্মে ১১ কোটি ৫০ লাখের বেশি সদস্যের পরিচয় যাচাই করা হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচয় যাচাইব্যবস্থা ট্রুকলারের পাশাপাশি অ্যাডোবি, ট্রাস্টরেডিয়াস, ইউজারটেস্টিং ও পিয়ারস্পটের মতো অংশীদার প্রতিষ্ঠানের সেবাতেও সম্প্রসারণ করা হচ্ছে।

অ্যান্ড্রয়েডে চালু, আইফোনে পরে

ট্রুকলার জানিয়েছে, লিংকডইনের সঙ্গে অংশীদারত্বের নতুন এ সুবিধা বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। আইফোন ব্যবহারকারীদের জন্য সুবিধাটি পরে চালু করা হবে।

ব্যবহারকারীরা চাইলে ট্রুকলারে তাঁদের কর্মস্থল ও পদবির তথ্য প্রদর্শন বন্ধ করতে পারবেন। একইভাবে যেকোনো সময় ট্রুকলার থেকে লিংকডইন প্রোফাইলের সংযোগ বিচ্ছিন্ন করাও সম্ভব হবে।

ট্রুকলার জানিয়েছে, লিংকডইনের সঙ্গে অংশীদারত্বের এ সুবিধা তাদের বিদ্যমান পরিচয় যাচাইব্যবস্থার বিকল্প নয়। ট্রুকলারে আগে থেকেই ব্যক্তিগত পরিচয় ও ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্য যাচাইয়ের বিভিন্ন ব্যবস্থা রয়েছে।

সূত্র: নিউজ১৮ ডটকম

কালের আলো/এসএ