অনলাইন নিউজ পোর্টাল ও নিউজ পেজের নিবন্ধন নিয়ে সরকারের উদ্যোগ
অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদমাধ্যমের নামে পরিচালিত পেজগুলোর বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, ওয়েব ব্রাউজারের মাধ্যমে পরিচালিত অনলাইন নিউজ পোর্টালের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে পেজ খুলে নিজেদের অনলাইন নিউজ মিডিয়া হিসেবে পরিচয় দেওয়ার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। অনিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ নিয়ে আন্তমন্ত্রণালয় বৈঠকে আলোচনা চলছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
সাংবাদিকের গ্রহণযোগ্য সংজ্ঞা নির্ধারণের উদ্যোগ
সাংবাদিকের একটি গ্রহণযোগ্য সংজ্ঞা নির্ধারণের ওপর গুরুত্বারোপ করে ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিক সংগঠন, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুযোগ-সুবিধা ও নীতিমালার ক্ষেত্রেও নির্দিষ্ট মাপকাঠি থাকা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। সাংবাদিক নেতাদের কাছ থেকেই সাংবাদিকের গ্রহণযোগ্য সংজ্ঞা নির্ধারণে পরামর্শ নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
টিভি সাংবাদিকদের ন্যূনতম বেতন কাঠামো
টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের জন্য ন্যূনতম বেতন কাঠামো থাকা উচিত বলেও মন্তব্য করেন তথ্য প্রতিমন্ত্রী। এ বিষয়ে সরকার কাজ করছে এবং দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা চলছে বলে জানান তিনি।
ডিআরইউর সঙ্গে বৈঠকে টেলিভিশন সাংবাদিকদের বেতন কাঠামো এবং গণমাধ্যমকর্মীদের বেতন-ভাতা ও ইনক্রিমেন্ট নিয়ে দীর্ঘদিনের সমস্যার বিষয়টি উঠে আসে। প্রতিমন্ত্রী বলেন, ন্যূনতম বেতন কাঠামো নিশ্চিত করা গেলে টেলিভিশন সাংবাদিকদের মানোন্নয়ন, প্রশিক্ষণ ও চাকরির সুযোগ বাড়ানোর পাশাপাশি গণমাধ্যমের সামগ্রিক মানও উন্নত হবে।
নতুন ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং গণমাধ্যমকর্মীদের বেতন-ভাতা নিশ্চিত করার বিষয়েও কাজ চলছে বলে জানান তিনি। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। বাস্তবায়নের দায়িত্বে থাকা শ্রম মন্ত্রণালয়ের সঙ্গেও এ বিষয়ে কথা বলবেন বলে জানান তথ্য প্রতিমন্ত্রী।
বৈঠকে ডিআরইউর বিভিন্ন দাবি-দাওয়া নিয়েও আলোচনা হয়। এসব দাবি কীভাবে পূরণ করা যায় এবং গণমাধ্যমের উন্নয়নে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে বিষয়ে সাংবাদিকদের পরামর্শ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array