সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
আলোচিত কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। কয়েকটি ব্যাংকের কর্মকর্তারা চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএফআইইউর পাঠানো চিঠিতে সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম, গ্রাহক পরিচিতি-সংক্রান্ত নথি (কেওয়াইসি) এবং লেনদেনের বিস্তারিত বিবরণসহ সংশ্লিষ্ট তথ্য চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব তথ্য বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলবের বিষয়টি এমন সময়ে সামনে এলো, যখন রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজে তাঁর ব্রাউনফিশ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা নিয়ে আলোচনা চলছে। গত শনিবার রাতে ওই হামলায় স্টুডিওটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নিউগিনি প্রপার্টিজের কার্যালয় ও আশপাশের কয়েকটি স্থাপনাতেও হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে।
এ ঘটনায় নিউগিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। পুলিশ ও ডিবি এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে। মামলায় অনধিকার প্রবেশ, ভাঙচুর, লুটপাট ও চুরির অভিযোগ আনা হয়েছে।
হামলার পর সালমান মুক্তাদির শুরুতে চাঁদাবাজির অভিযোগ তুলেছিলেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে প্রায় ৩৫ কাঠা জমি নিয়ে বিরোধের জেরে হামলার তথ্য পাওয়া গেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, বিরোধটি নিউগিনি প্রপার্টিজের সঙ্গে একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার সঙ্গে সংশ্লিষ্ট পক্ষের মধ্যে।
পুলিশের পক্ষ থেকেও হামলার পেছনে জমি-সংক্রান্ত বিরোধের কথা বলা হয়েছে। ক্যান্টনমেন্ট থানার কর্মকর্তাদের ভাষ্য, নিউগিনি প্রপার্টিজের প্রবেশপথ ও চলাচল নিয়ে বিরোধের জেরে একদল লোক সেখানে হামলা চালায়।
এদিকে হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় সালমান মুক্তাদির দাবি করেন, ঘটনার রাতেই তিনি ক্যান্টনমেন্ট থানায় মামলা করতে গিয়েছিলেন। তাঁর অভিযোগ, পুলিশ প্রথমে মামলা নিতে চায়নি; পরে মামলা গ্রহণ করা হয়।
এর আগে ২৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান সালমান মুক্তাদিরের নাম উল্লেখ করে বলেন, বেশি মানুষের কাছে পৌঁছাতে সক্ষম কনটেন্ট নির্মাতাদের ভবিষ্যতে আরও দায়িত্বশীল আচরণ করা উচিত।
কালের আলো/এএইচ/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array