রোনালদো প্রসঙ্গ এড়িয়ে গেলেন জেসুস
ডেনমার্কের বিপক্ষে দুর্দান্ত জয় পেলেও ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে প্রশ্ন এড়াতে পারেননি পর্তুগাল কোচ জর্জ জেসুস। তবে রোনালদোকে নিয়ে করা প্রথম দুটি প্রশ্নের উত্তরেই বিষয়টি সচেতনভাবে এড়িয়ে গিয়ে দলের পারফরম্যান্স ও আসন্ন ম্যাচের দিকে মনোযোগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
বুধবার (১ অক্টোবর) রাতে কোপেনহেগেনে নেশনস লিগের ম্যাচে ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়েছে পর্তুগাল। জর্জ জেসুসের অধীনে এটি দলটির টানা তৃতীয় জয়। মাঠের বাইরে রোনালদোকে ঘিরে বিতর্ক চললেও মাঠের খেলায় পর্তুগালের পারফরম্যান্সে তার প্রভাব পড়তে দেননি জেসুসের দল।
রোনালদোকে নিয়ে প্রশ্ন এড়ালেন জেসুস
ডেনমার্ক ম্যাচের পর সংবাদ সম্মেলনে রোনালদোকে নিয়ে প্রথম প্রশ্নটি ছিল—জাতীয় দলের অনুশীলন ক্যাম্প ছাড়ার আগে রোনালদো কোচকে কী বলেছিলেন?
জবাবে জেসুস সরাসরি বিষয়টি নিয়ে মন্তব্য না করে বলেন, দলের পাওয়া জয়ই এখন বেশি গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘দারুণ এক জয়। চার গোল করেছি। উঁচুমানের পারফরম্যান্স। এটা এড়িয়ে যাওয়ার উপায় নেই। অন্য যা কিছু ঘটেছে, তার চেয়ে এটা বেশি গুরুত্বপূর্ণ।’
এরপর পর্তুগাল কোচ বলেন, তিনি পরবর্তী ম্যাচ এবং সমর্থকদের নিয়েই মনোযোগ দিতে চান।
‘নিয়ম সবার জন্য সমান’
রোনালদোর নাম সরাসরি না করে পরের প্রশ্নে জানতে চাওয়া হয়, জাতীয় দলে খেলোয়াড়দের মর্যাদা বা ‘স্ট্যাটাস’ নিয়ে আগের মন্তব্যের জন্য তাঁর কোনো অনুশোচনা আছে কি না।
জেসুস স্পষ্ট জানিয়ে দেন, এ নিয়ে তাঁর কোনো অনুশোচনা নেই।
তিনি বলেন, ‘একদমই নেই। কোনো অনুশোচনা নেই এবং আমি আগের মতো একই কথাই ভাবছি। কিছু খেলোয়াড় মর্যাদাবান, এটা পরিষ্কার। তবে আমি আবার বলছি, নিয়ম সবার জন্য সমান। আমি সব সময় এভাবেই ভেবেছি এবং ভবিষ্যতেও এভাবেই ভাবব।’
বেঞ্চে বসা নিয়ে শুরু বিতর্ক
নরওয়ের বিপক্ষে আগের ম্যাচে রোনালদোকে মাঠে নামাননি জেসুস। ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে জয় উদ্যাপন না করে সরাসরি ড্রেসিংরুমে চলে যান ৪১ বছর বয়সী এই তারকা।
এরপর পরিস্থিতি সামাল দিতে রোনালদো, জেসুস ও পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পাওলো প্রোয়েনসার মধ্যে বৈঠক হয়।
বৈঠকের পর জেসুস বলেছিলেন, দলের অন্য খেলোয়াড়দের মতো রোনালদোর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। তাঁর ভাষায়, কোনো খেলোয়াড়ের ক্যারিয়ার বা অতীত তাঁর সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে, কিন্তু ম্যাচের সময় সবাইকে একইভাবে বিবেচনা করা হবে।
অনুশীলন ক্যাম্প ছাড়েন রোনালদো
জেসুসের ওই মন্তব্যের পর ডেনমার্ক ম্যাচের আগে পর্তুগালের অনুশীলন ক্যাম্প ছেড়ে যান রোনালদো। এমনকি মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনেও ছিলেন না তিনি।
রোনালদোকে নিয়ে পর্তুগালের সংবাদমাধ্যমেও তৈরি হয়েছে বিভক্তি। দেশটির সংবাদমাধ্যমের একটি অংশ তাঁর আচরণের সমালোচনা করেছে। অন্যদিকে, রোনালদোর সঙ্গে সংশ্লিষ্ট কিছু সংবাদমাধ্যম ও টেলিভিশন জেসুসের সমালোচনা করেছে। তাদের দাবি, নরওয়ে ম্যাচে রোনালদোকে বদলি হিসেবে মাঠে নামানোর প্রতিশ্রুতি দিয়েও তা রাখা হয়নি।
তবে জেসুসের ব্যাখ্যা ছিল, ম্যাচের পরিস্থিতি বিবেচনায় রোনালদোকে মাঠে নামানোর উপযুক্ত সময় তিনি পাননি।
পর্তুগালের সমর্থন নিয়ে জেসুসের অনিশ্চয়তা
ডেনমার্ককে হারানোর পর জেসুসের কাছে জানতে চাওয়া হয়, পুরো পর্তুগাল তাঁর পাশে আছে কি না।
জবাবে পর্তুগাল কোচ বলেন, ‘পুরো দেশ আমার সঙ্গে আছে কি না, আমি জানি না… জানি না, তবে আমি সেটাই চাই।’
নেশনস লিগে পর্তুগালের পরবর্তী ম্যাচে আবারও নরওয়ের মুখোমুখি হবে দলটি। স্বাগতিক হিসেবে দ্রাগাও স্টেডিয়ামে সেই ম্যাচে পর্তুগিজ সমর্থকদের কাছ থেকে জেসুস কেমন প্রতিক্রিয়া পান, সেটিই এখন দেখার বিষয়।
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array