খুঁজুন
                               
, ,
           

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে: মাহ্‌দী আমিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৪:০৮ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর ছবি নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে: মাহ্‌দী আমিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ও অপপ্রচার ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন।

রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

মাহ্‌দী আমিন বলেন, লাইক, শেয়ার, কমেন্ট ও ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় অনেক সময় সত্যের ভিত্তিতে আলোচনা-সমালোচনা না করে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি প্রকাশের পরও অনেকে সেটি নিয়ে অপপ্রচার করেছেন।

তিনি বলেন, ছবিটি হোয়াইট হাউস থেকে প্রকাশ করা হয়েছে। পরে ঢাকায় মার্কিন দূতাবাসও ছবিটি নিজেদের মাধ্যমে শেয়ার করেছে। এরপরও কেন এ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে—এমন প্রশ্ন করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন—এটি স্বাভাবিক বিষয়। তাদের মধ্যে আন্তরিক ও স্বতঃস্ফূর্ত আলোচনা হয়েছে। এ নিয়ে সরকারপ্রধান মিথ্যাচার করবেন কেন, সে প্রশ্নও তোলেন তিনি।

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়েও ভুল তথ্য ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেন মাহ্‌দী আমিন। তার দাবি, জাইমা রহমান যোগ্যতা ও মেধার ভিত্তিতে জাতিসংঘে চাকরি পেয়েছেন। এর সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সম্পর্ক নেই। অথচ চাকরিটি সরকার দিয়েছে বলে প্রচার করা হয়েছে।

সম্প্রতি বিএনপিকে নিয়ে চাঁদাবাজির অভিযোগ ছড়ানোর বিষয়েও কথা বলেন তিনি। মাহ্‌দী আমিনের দাবি, সংশ্লিষ্ট জায়গাটি অবৈধ হওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ ছিল এবং এর সঙ্গে রাজনীতির সংশ্লিষ্টতা ছিল না। তবে ভাঙচুরের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তিনি বলেন, সরকার এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে এবং গ্রেপ্তার, মামলা ও তদন্ত চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ঘটনা ব্যাপক ভিউ বা প্রচার পেলেই সেটিকে সত্য ধরে না নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সত্য ও ন্যায্য বিষয় তুলে ধরার পাশাপাশি অনৈতিক ও অন্যায় কর্মকাণ্ডেরও নির্মোহ সমালোচনা করার আহ্বান জানান।

বর্তমান সরকারের সময়ে সর্বোচ্চ বাক্‌স্বাধীনতা রয়েছে দাবি করে মাহ্‌দী আমিন বলেন, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, সমালোচনা করা যাবে, তবে অশোভন ও অশালীন আচরণ না করে বাক্‌স্বাধীনতার প্রতি শ্রদ্ধা, পারস্পরিক সম্মান ও সৌজন্যবোধ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তিনি।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

রোহিঙ্গা প্রত্যাবাসনে সুইডেনের সহযোগিতা চাইল বাংলাদেশ

কালের আলো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৫:৪০ অপরাহ্ণ
রোহিঙ্গা প্রত্যাবাসনে সুইডেনের সহযোগিতা চাইল বাংলাদেশ

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখার জন্য সুইডেনের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি, সবুজ প্রযুক্তি, ওষুধ, প্রকৌশল ও টেলিযোগাযোগসহ বিভিন্ন খাতে সুইডিশ বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। এ সময় দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা, বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন, জলবায়ু পরিবর্তন এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে সুইডেনকে বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত অংশীদার হিসেবে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, গণতান্ত্রিক উত্তরণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারে সুইডেনের সহযোগিতার প্রশংসা করেন তিনি।

হুমায়ুন কবির বলেন, অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানি, সবুজ প্রযুক্তি, ওষুধ, প্রকৌশল ও টেলিযোগাযোগ খাতে সুইডিশ বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।

বৈঠকে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের পর সম্ভাব্য বাণিজ্য ব্যবস্থা এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভবিষ্যৎ বাণিজ্যিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়। পাশাপাশি নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে দক্ষ জনশক্তি তৈরি ও কারিগরি প্রশিক্ষণে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

অন্যদিকে সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস বাংলাদেশ-সুইডেন সম্পর্ক আরও জোরদারে তার দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কারের উদ্যোগ এবং রোহিঙ্গাদের প্রতি মানবিক সহায়তার প্রশংসা করেন।

বহুপাক্ষিক ফোরামসহ বিভিন্ন ক্ষেত্রে রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন সুইডিশ রাষ্ট্রদূত।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

ফের বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডারে ২৫২ টাকা বেশি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৫:৩৩ অপরাহ্ণ
ফের বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডারে ২৫২ টাকা বেশি

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (৪ অক্টোবর) বিকেলে নতুন দাম ঘোষণা করে বিইআরসি। ঘোষিত দাম একই দিন থেকে কার্যকর হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তার আগে আগস্ট মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।

ফলে সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২৫২ টাকা বেড়েছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

স্থায়ী ঠিকানা না থাকায় আটকে ছিল নিয়োগ, অবশেষে নিয়োগপত্র পাচ্ছেন মিশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ
স্থায়ী ঠিকানা না থাকায় আটকে ছিল নিয়োগ, অবশেষে নিয়োগপত্র পাচ্ছেন মিশন

স্থায়ী ঠিকানা বা নিজস্ব ভিটেবাড়ি না থাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ আটকে যাওয়া মিশন আচার্য অবশেষে নিয়োগপত্র পেতে যাচ্ছেন।

রোববার (৪ অক্টোবর) প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, চট্টগ্রাম ও কক্সবাজারে দুই দিনের সফর শেষে মিশন আচার্যকে সঙ্গে নিয়ে তার নিয়োগের বিষয়টি চূড়ান্ত করতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিয়োগের বিষয়টি চূড়ান্ত করেন মন্ত্রী।

নিজের ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, ‘মিশন আচার্য নিয়োগপত্র হাতে পেতে যাচ্ছেন।’ একই সঙ্গে বিষয়টি চূড়ান্ত করায় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

ঝিনাইদহের প্রার্থী মিশন আচার্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য নির্বাচিত হলেও স্থায়ী ঠিকানা বা নিজস্ব ভিটেবাড়ি না থাকার কারণে তার নিয়োগ আটকে যায়। পরে বিষয়টি নিয়ে আলোচনা ও সংশ্লিষ্টদের উদ্যোগের পর তার নিয়োগের জটিলতা নিরসন হয়েছে।

এখন মিশন আচার্যকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া এগোবে।

সন্ধানী বার্তা/ডিএইচ/এমএসআইপি