খুঁজুন
                               
, ,
           

শাহজাদপুর হাসপাতালে শয্যা সংকট, মেঝেতেই চলছে চিকিৎসা

সিরাজগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ণ
শাহজাদপুর হাসপাতালে শয্যা সংকট, মেঝেতেই চলছে চিকিৎসা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু, হাম, ডায়রিয়া ও শ্বাসকষ্টজনিত রোগীর চাপ বাড়ায় তীব্র শয্যা সংকট দেখা দিয়েছে। শয্যা না পেয়ে হাসপাতালের মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। এতে বিশেষ করে শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের দুর্ভোগ বেড়েছে।

উপজেলার এই স্বাস্থ্য কমপ্লেক্সটি কাগজে-কলমে ৩০ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও বাস্তবে শয্যা রয়েছে ৩০টি। ফলে রোগীর সংখ্যা বাড়লেই দেখা দিচ্ছে সংকট।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ৮৭ জন ডেঙ্গু রোগী এ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শুধু সেপ্টেম্বর মাসেই বিভিন্ন বয়সের ৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। গত শনিবার হাসপাতালটিতে ৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন।

ডেঙ্গু রোগীদের জন্য আলাদা শয্যার ব্যবস্থা করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে রোগীর চাপ আরও বাড়লে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা দেওয়া ছাড়া উপায় থাকবে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শয্যা সংকটের কারণে অনেকে বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা নিচ্ছেন, যা তাদের জন্য বাড়তি ব্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।

হাসপাতাল সূত্র আরও জানায়, শাহজাদপুরে হামের প্রকোপ কিছুটা কমেছে। তবে গত নয় মাসে হাম উপসর্গ নিয়ে ৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা শেষে সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর পাশাপাশি সম্প্রতি ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া রোগীর চাপ।

মৌসুম পরিবর্তনের কারণে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। শ্বাসকষ্ট ও হৃদরোগের সমস্যা নিয়ে আসা অনেক রোগীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। ফলে সীমিত শয্যার ওপর চাপ আরও বাড়ছে।

হাসপাতালের নার্সিং সুপারভাইজার শাহানারা খাতুন বলেন, হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করা হলেও বেডের সংখ্যা এখনও ৩০টি। সেপ্টেম্বর মাসে ৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের জন্য আলাদা বেডের ব্যবস্থা করা হয়েছে। গত শনিবারও ৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, চলতি মৌসুমে হামের উপসর্গ নিয়ে ৪১ জন রোগীকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। বহির্বিভাগ থেকেও অনেক হাম রোগী চিকিৎসা নিয়েছেন।

তিনি বলেন, শ্বাসকষ্ট ও হৃদরোগের সমস্যা নিয়ে আসা রোগীদের পরীক্ষা-নিরীক্ষার জন্য ভর্তি করতে হচ্ছে। একইভাবে ডায়রিয়া ও পেটের পীড়া নিয়ে আসা অনেক রোগীকেও হাসপাতালে ভর্তি করা হচ্ছে। এতে প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে।

মো. মাসুদ রানা আরও বলেন, হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করা হলেও প্রয়োজনীয় জনবল, চিকিৎসক, অবকাঠামো ও শয্যা সংখ্যা বাড়ানো হয়নি। ফলে সেবার পরিধি বাড়ানো কঠিন হয়ে পড়েছে। শয্যা সংকটের কারণে বাধ্য হয়ে অনেক রোগীকে হাসপাতালের মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে।

কালের আলো/এসকে/এমএসআইপি 

সবার জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ
সবার জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘বিশ্ব বসতি দিবস-২০২৬’ উপলক্ষে রোববার দেওয়া এক বাণীতে তিনি বলেন, নাগরিকদের মৌলিক সাংবিধানিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবার জন্য বাসযোগ্য, নিরাপদ, সাশ্রয়ী ও পরিবেশসম্মত আবাসন নিশ্চিত করতে হবে।

রাষ্ট্রপতি বলেন, নগরগুলো এখন শুধু নাগরিক সুবিধাসম্পন্ন মানুষের বসবাসের স্থান নয়; এগুলো কর্মসংস্থান, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা ও উদ্ভাবনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। তাই পরিকল্পিত ও পরিবেশবান্ধব নগরায়ণ টেকসই উন্নয়নের অন্যতম শর্ত।

বাংলাদেশের নগরাঞ্চল ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ, যানজট, দূষণ এবং অপর্যাপ্ত ও মানহীন আবাসনের মতো নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে উল্লেখ করে তিনি বলেন, এ বাস্তবতায় এবারের বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তিনি বলেন, নিরাপদ, সাশ্রয়ী, দূষণমুক্ত, পর্যাপ্ত ও মর্যাদাপূর্ণ আবাসন মানুষের অন্যতম মৌলিক চাহিদা। দ্রুত নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি, ভূমির উচ্চমূল্য ও জলবায়ু পরিবর্তনের কারণে দেশে আবাসন সংকট ক্রমেই তীব্র হচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য এ সংকট আরও প্রকট।

অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়ন ও সবার জন্য আবাসন নিশ্চিত করতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানান রাষ্ট্রপতি। সুবিধাবঞ্চিতদের আবাসন কর্মসূচি, জলবায়ু সহিষ্ণু অবকাঠামো, নিরাপদ ভবন নির্মাণবিধির যথাযথ প্রয়োগ, ভূমির সুষ্ঠু ব্যবহার এবং স্মার্ট ও টেকসই নগর ব্যবস্থাপনায় সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, এ কাজে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ, পেশাজীবী, গবেষক ও তরুণ প্রজন্মের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। সুপরিকল্পিত নগরায়ণ ও দায়িত্বশীল ব্যবস্থাপনার মাধ্যমে নগরাঞ্চলের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা করে বাসযোগ্য ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও আশা প্রকাশ করেন তিনি।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

মানবতাবিরোধী অপরাধ: ইনুর মৃত্যুদণ্ড চেয়ে আপিল

আদালত প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ
মানবতাবিরোধী অপরাধ: ইনুর মৃত্যুদণ্ড চেয়ে আপিল

২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেছে প্রসিকিউশন।

আপিলে ইনুর সাজা বাড়িয়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানানো হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ আপিল করা হয়। পরে সাংবাদিকদের বিষয়টি জানান প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম।

এর আগে গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন।

ওই রায়ের বিরুদ্ধে প্রসিকিউশনের আপিলের মাধ্যমে এখন ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানানো হলো।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

পাটওয়ারীর ওপর হামলা: দ্রুত হামলাকারীদের বিচারের দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:২৬ অপরাহ্ণ
পাটওয়ারীর ওপর হামলা: দ্রুত হামলাকারীদের বিচারের দাবি

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগের ঘটনায় ক্ষোভ জানিয়েছেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি দাবি করেছেন, বিএনপি সরকার গঠনের পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর এটি পঞ্চম হামলার ঘটনা।

রোববার (৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

পোস্টে তিনি অভিযোগ করেন, কুষ্টিয়ায় একটি মাজারের ভেতরে প্রবেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির নেতা-কর্মীদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়েছে। এ হামলার জন্য তিনি বিএনপির নেতা-কর্মীদের দায়ী করেন।

নাহিদ ইসলাম বলেন, বিএনপি সরকার গঠনের পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর এটি পঞ্চমবারের মতো হামলা। একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা এমন আচরণ করতে পারেন, সেই প্রশ্নও তোলেন তিনি।

হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান এনসিপির আহ্বায়ক। একই সঙ্গে তিনি বলেন, ভয়ভীতি, দমন-পীড়ন বা হামলা চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না।

এর আগে কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগের খবর প্রকাশিত হয়। সর্বশেষ ঘটনায় নাহিদ ইসলাম বিএনপির নেতা-কর্মীদের দায়ী করলেও এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি