খুঁজুন
                               
, ,
           

একই দিনে দুই ওটিটি প্রজেক্ট মুখোমুখি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১:৫৯ অপরাহ্ণ
একই দিনে দুই ওটিটি প্রজেক্ট মুখোমুখি

দেশীয় ওটিটি অঙ্গনে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহেই জমে উঠছে নতুন উত্তেজনা। আগামী ৮ অক্টোবর একই দিনে দুটি ভিন্ন ঘরানার আলোচিত প্রজেক্ট মুক্তি পেতে যাচ্ছে দুই জনপ্রিয় প্ল্যাটফর্মে। একদিকে চরকিতে আসছে রোমান্টিক কমেডি ও দাম্পত্যের মনস্তাত্ত্বিক টানাপড়েনের গল্প ‘হ্যাপিলি ম্যারিড’। অন্যদিকে হইচইতে মুক্তি পাচ্ছে নারীকেন্দ্রিক থ্রিলার ‘প্রেসার কুকার’।

মুক্তির তারিখ একই হওয়ায় ইতোমধ্যে দুই প্রজেক্ট ঘিরে দর্শকের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। গল্প, অভিনয় ও নির্মাণের ধরনেও রয়েছে স্পষ্ট ভিন্নতা। ফলে ৮ অক্টোবর ওটিটি দর্শকদের জন্য দিনটি হয়ে উঠতে যাচ্ছে বেশ জমজমাট।

দাম্পত্যের টানাপড়েনে শুভ-কেয়া

চরকি অরিজিনাল ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’ নির্মিত হয়েছে আধুনিক দাম্পত্য জীবনের নানা বাস্তবতা ও সম্পর্কের জটিলতা ঘিরে। এই প্রজেক্টে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী কেয়া পায়েল।

প্রকাশিত পোস্টারে দুজনের রোমান্টিক উপস্থিতি ইতোমধ্যে দর্শকের নজর কেড়েছে। তবে পর্দার এই রোমান্টিক আবহের আড়ালে রয়েছে সম্পর্কের নানা সংকট ও মানসিক দ্বন্দ্ব।

হাসির আড়ালে সম্পর্কের কঠিন বাস্তবতা

গল্পে দেখা যাবে, ভিন্ন মানসিকতার দুই মানুষ হঠাৎ বিয়ের সম্পর্কে জড়িয়ে পড়েন। শুরুতে সম্পর্কটি মধুর থাকলেও সময়ের সঙ্গে সামনে আসতে থাকে পারিবারিক প্রত্যাশা, সামাজিক চাপ এবং ব্যক্তিস্বাধীনতার দ্বন্দ্ব।

রোমান্স ও হাস্যরসের পাশাপাশি দাম্পত্য জীবনে তৈরি হওয়া মানসিক দূরত্বকেও গল্পে গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে ‘হ্যাপিলি ম্যারিড’ শুধু বিনোদন নয়, আধুনিক সম্পর্কের কিছু বাস্তব দিকও তুলে ধরবে বলে ধারণা করা হচ্ছে।

আগামী ৮ অক্টোবর চরকির সাবস্ক্রাইবাররা ওয়েব ফিল্মটি দেখতে পারবেন।

চার নারীর জীবনে জমছে রহস্য

একই দিনে হইচইতে মুক্তি পাচ্ছে নারীকেন্দ্রিক থ্রিলার ‘প্রেসার কুকার’। এতে প্রধান চার চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত।

প্রকাশিত পোস্টারে চার অভিনেত্রীকে ভিন্ন সাজ ও আবহে দেখা গেছে। তবে তাদের অভিব্যক্তিতে স্পষ্ট রহস্য ও অস্বস্তির ছাপ। সেই সঙ্গে গল্পের থ্রিলার উপাদান নিয়েও দর্শকের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

‘প্রেসার কুকার’-এ ফুটবে নারীর চাপা ক্ষোভ

চার ভিন্ন পটভূমির নারীর জীবনকে কেন্দ্র করে এগিয়েছে ‘প্রেসার কুকার’-এর গল্প। পিতৃতান্ত্রিক সমাজের চাপ, ব্যক্তিগত সংকট, গোপন অতীত এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্যে কীভাবে তাদের জীবন ক্রমেই অসহনীয় হয়ে ওঠে, সেটিই গল্পের অন্যতম মূল বিষয়।

গল্পের নামের মতোই চরিত্রগুলোর ভেতরে জমতে থাকে চাপ। সেই চাপ যখন বিস্ফোরণের পর্যায়ে পৌঁছায়, তখন সামনে আসে একের পর এক অজানা সত্য ও রহস্য।

একই দিনে দুই ভিন্ন স্বাদের লড়াই

একদিকে সম্পর্ক, প্রেম ও দাম্পত্যের হাস্যরসাত্মক গল্প; অন্যদিকে চার নারীর জীবনসংগ্রাম ও রহস্যে মোড়া থ্রিলার। দুই ভিন্ন ঘরানার এই দুই প্রজেক্ট একই দিনে মুক্তি পাওয়ায় দর্শকদের সামনে তৈরি হচ্ছে পছন্দের সুযোগও।

এখন দেখার বিষয়, ৮ অক্টোবর চরকির ‘হ্যাপিলি ম্যারিড’ নাকি হইচইয়ের ‘প্রেসার কুকার’—কোনটি দর্শকের আগ্রহ ও আলোচনায় এগিয়ে যায়।

কালের আলো/জেএন

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯০

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯০ শিশু। এ ছাড়া ১০২ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে দুজন এবং নিশ্চিত হামে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে একজন ও সিলেটে একজন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪০ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে দেশে সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ২৯৩ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১১০ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ২০ জনে।

সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২২ হাজার ৩১৩ জন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

শাপলা চত্বর মামলা: ট্রাইব্যুনালে হাজির লতিফ সিদ্দিকী-দীপু মনিসহ ১১ জন

আদালত প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৪:৩২ অপরাহ্ণ
শাপলা চত্বর মামলা: ট্রাইব্যুনালে হাজির লতিফ সিদ্দিকী-দীপু মনিসহ ১১ জন

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে করা মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, দীপু মনিসহ ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে।

ট্রাইব্যুনালে হাজির করা ১১ আসামির মধ্যে রয়েছেন তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, তৎকালীন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা।

মামলায় মোট ৪১ আসামির মধ্যে শেখ হাসিনাসহ ৩০ জন পলাতক রয়েছেন। পলাতক আসামিদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, বাহাউদ্দিন নাছিম ও জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, মৃণাল কান্তি দাস ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ সাবেক সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন কর্মকর্তা রয়েছেন।

এ ছাড়া পলাতক আসামিদের তালিকায় সাবেক আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, তৎকালীন র‍্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, সাবেক ডিআইজি হারুন-অর-রশীদ, ডিআইজি বিপ্লব কুমার সরকার ও সৈয়দ নুরুল ইসলামসহ আরও অনেকে রয়েছেন।

বুধবারের শুনানিতে ট্রাইব্যুনাল অভিযোগপত্রের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করবেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

বিপ্লব ও সংহতি দিবসে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৪:০৯ অপরাহ্ণ
বিপ্লব ও সংহতি দিবসে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস (শিডিউল ওয়ান অব দ্য রুলস অব বিজনেস, ১৯৯৬)-এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশের ৩৭ নম্বর ক্রমিকের ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর মাধ্যমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ৭ নভেম্বরকে প্রতি বছর সাধারণ ছুটির দিন হিসেবে ঘোষণা করা হলো।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি