খুঁজুন
                               
, ,
           

বিদায়ী ম্যাচে প্রথমবার বেনিনের মুখোমুখি মেসি

ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ২:২৯ অপরাহ্ণ
বিদায়ী ম্যাচে প্রথমবার বেনিনের মুখোমুখি মেসি

জাতীয় দলের জার্সিতে , বুধবার (৭ অক্টোবর) শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ বেনিন—এ তথ্যও এখন সবার জানা। তবে এই ম্যাচে রয়েছে আরও একটি বিশেষত্ব। দুই দলের ফুটবল ইতিহাসে এটিই হতে যাচ্ছে প্রথম আন্তর্জাতিক সাক্ষাৎ।

বিশ্বকাপ না খেলা বেনিনের সামনে মেসি

পশ্চিম আফ্রিকার দেশ বেনিন এখনো ফিফা বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ পায়নি। ফিফা র‍্যাংকিংয়েও দলটির অবস্থান ৯৩তম। এবার দক্ষিণ আমেরিকার কোনো দলের বিপক্ষে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে বেনিন।

এর আগে আর্জেন্টিনা ও বেনিন কখনো মুখোমুখি হয়নি। ফলে প্রতিপক্ষ সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা না থাকায় ম্যাচটি আর্জেন্টিনার জন্যও কিছুটা ভিন্ন পরীক্ষা হতে পারে।

তবে আফ্রিকান দলগুলোর বিপক্ষে আর্জেন্টিনার সাম্প্রতিক রেকর্ড আশাবাদী করছে সমর্থকদের। আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে সবশেষ ৩১ ম্যাচে ২৪টিতেই জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। এই সময়ে হার ৪টি এবং ড্র হয়েছে ৩ ম্যাচে।

শেষ অনুশীলন সেরে প্রস্তুত মেসি

বেনিনের বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনা দলের সঙ্গে যোগ দিয়েছেন মেসি। শেষ ট্রেনিং সেশনও সম্পন্ন করেছেন তিনি।

অনুশীলনের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। মেসি লিখেছেন, ‘বিশেষ কিছু মুহূর্ত, যেগুলো আমি জানি খুব মিস করবো।’

জাতীয় দলের জার্সিতে দীর্ঘ ক্যারিয়ারের শেষ অধ্যায়ে দাঁড়িয়ে থাকা মেসির জন্য তাই বেনিন ম্যাচটি হয়ে উঠেছে বিশেষ আবেগের।

জয়ের ধারায় আর্জেন্টিনা

চলমান ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে এটি আর্জেন্টিনার শেষ ম্যাচ। আগের দুই ম্যাচে মেসিকে ছাড়াই দুর্দান্ত জয় পেয়েছে লিওনেল স্কালোনির দল।

বলিভিয়াকে ৪-০ গোলে এবং বুরকিনা ফাসোকে ৭-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দুই ম্যাচেই প্রতিপক্ষের জালে একাধিকবার বল পাঠালেও কোনো গোল হজম করেনি বিশ্বচ্যাম্পিয়নরা।

বেনিনের বিপক্ষেও সেই ধারাবাহিকতা ধরে রেখে মেসির বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে তুলতে চায় আর্জেন্টিনা। আর দুই দলের ইতিহাসের প্রথম সাক্ষাৎটি যে মেসির জাতীয় দল ক্যারিয়ারের শেষ ম্যাচ হিসেবে স্মৃতিতে থেকে যাবে, তা বলার অপেক্ষা রাখে না।

তথ্যসূত্র: আইএন

কালের আলো/এসএ

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯০

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯০ শিশু। এ ছাড়া ১০২ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে দুজন এবং নিশ্চিত হামে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে একজন ও সিলেটে একজন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪০ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে দেশে সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ২৯৩ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১১০ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ২০ জনে।

সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২২ হাজার ৩১৩ জন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

শাপলা চত্বর মামলা: ট্রাইব্যুনালে হাজির লতিফ সিদ্দিকী-দীপু মনিসহ ১১ জন

আদালত প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৪:৩২ অপরাহ্ণ
শাপলা চত্বর মামলা: ট্রাইব্যুনালে হাজির লতিফ সিদ্দিকী-দীপু মনিসহ ১১ জন

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে করা মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, দীপু মনিসহ ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে।

ট্রাইব্যুনালে হাজির করা ১১ আসামির মধ্যে রয়েছেন তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, তৎকালীন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা।

মামলায় মোট ৪১ আসামির মধ্যে শেখ হাসিনাসহ ৩০ জন পলাতক রয়েছেন। পলাতক আসামিদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, বাহাউদ্দিন নাছিম ও জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, মৃণাল কান্তি দাস ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ সাবেক সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন কর্মকর্তা রয়েছেন।

এ ছাড়া পলাতক আসামিদের তালিকায় সাবেক আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, তৎকালীন র‍্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, সাবেক ডিআইজি হারুন-অর-রশীদ, ডিআইজি বিপ্লব কুমার সরকার ও সৈয়দ নুরুল ইসলামসহ আরও অনেকে রয়েছেন।

বুধবারের শুনানিতে ট্রাইব্যুনাল অভিযোগপত্রের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করবেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

বিপ্লব ও সংহতি দিবসে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৪:০৯ অপরাহ্ণ
বিপ্লব ও সংহতি দিবসে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস (শিডিউল ওয়ান অব দ্য রুলস অব বিজনেস, ১৯৯৬)-এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশের ৩৭ নম্বর ক্রমিকের ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর মাধ্যমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ৭ নভেম্বরকে প্রতি বছর সাধারণ ছুটির দিন হিসেবে ঘোষণা করা হলো।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি