ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানপন্থী হুতি বিদ্রোহীরা। বুধবার স্থানীয় সময় ভোরে চালানো এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এডেনের নিরাপত্তা বিভাগের মিডিয়া কার্যালয় হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এমন সময় এ হামলা হলো, যখন কয়েক সপ্তাহ ধরে হুতিদের অগ্রযাত্রার পর সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর পাল্টা অভিযানে দেশটির বিভিন্ন এলাকায় নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে।
বাব আল-মানদেব ঘিরে নতুন উত্তেজনা
ইয়েমেনের লোহিত সাগর উপকূলীয় এলাকায় হুতিদের অগ্রযাত্রার পর সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান সহায়তায় পাল্টা অভিযান শুরু করেছে ইয়েমেনি সরকারি বাহিনী।
পাল্টা হামলায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালির আশপাশের কয়েকটি এলাকা পুনর্দখল করেছে সরকারি বাহিনী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথগুলোর একটি এই প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহন হয়ে থাকে।
এডেন বিমানবন্দর হুতিদের নিয়ন্ত্রণের বাইরে থাকা ইয়েমেনের বিভিন্ন এলাকার মানুষের জন্য অন্যতম প্রধান আন্তর্জাতিক প্রবেশপথ। ফলে বিমানবন্দরটিকে লক্ষ্য করে হামলা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সৌদি আরবেও ক্ষেপণাস্ত্র প্রতিহত
এডেন বিমানবন্দরে হামলার আগে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছিল, হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে।
সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর খামিস মুশাইতের দিকে ছোড়া হয়েছিল।
জোটের দাবি, হুতিদের নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানা এবং সাদা ও আমরান প্রদেশ থেকেই এ ধরনের ক্ষেপণাস্ত্র হামলার হুমকি আসছে।
পাল্টাপাল্টি হামলায় বাড়ছে উত্তেজনা
সৌদি নেতৃত্বাধীন জোটের বিবৃতির পর হুতিদের সঙ্গে সংশ্লিষ্ট আল-মাসিরাহ টেলিভিশন দাবি করেছে, সৌদি বাহিনী মধ্যাঞ্চলীয় ইব ও তাইজ প্রদেশের মধ্যবর্তী একটি এলাকায় হামলা চালিয়েছে।
তবে এ দাবির বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে হুতিদের অগ্রযাত্রা এবং সরকারি বাহিনীর পাল্টা অভিযানকে কেন্দ্র করে ইয়েমেনে নতুন করে সংঘাত তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে বাব আল-মানদেব প্রণালির আশপাশের পরিস্থিতি আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক নৌ চলাচলের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ফলে এডেন বিমানবন্দরকে লক্ষ্য করে সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার পর ইয়েমেনের সংঘাত কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের।
কালের আলো/জেএন
