খুঁজুন
                               
, ,
           

বিশ্ববাজারে তেলের দাম ১০১ ডলার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ণ
বিশ্ববাজারে তেলের দাম ১০১ ডলার ছাড়াল

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরীয় অঞ্চলে ঝড়ের কারণে তেল ও গ্যাস সরবরাহে বিঘ্নের আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০১ ডলার ছাড়িয়েছে।

বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৯৩ সেন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৫১ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮২ সেন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ বেড়ে ৯০ দশমিক ২৫ ডলারে উঠেছে।

মেক্সিকো উপসাগরে ঝড়ের শঙ্কা

মেক্সিকো উপসাগরে সৃষ্ট একটি ক্রান্তীয় ঝড় দ্রুত শক্তিশালী হয়ে বছরের প্রথম আটলান্টিক হারিকেনে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস উৎপাদন এবং শোধনাগারের কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের মোট অপরিশোধিত তেল উৎপাদনের প্রায় ১৫ শতাংশ এবং প্রাকৃতিক গ্যাস উৎপাদনের ৫ শতাংশ মেক্সিকো উপসাগরীয় উপকূলীয় অঞ্চল থেকে আসে। ঝড়ের প্রভাবে ছয়টি শোধনাগারের কার্যক্রমও ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির মোট পরিশোধন সক্ষমতার প্রায় অর্ধেক রয়েছে উপসাগরীয় উপকূলীয় অঙ্গরাজ্যগুলোতে। যুক্তরাষ্ট্রের মোট পরিশোধন সক্ষমতা দৈনিক প্রায় ১ কোটি ৮২ লাখ ব্যারেল।

কমেছে যুক্তরাষ্ট্রের তেলের মজুত

তেলের দাম বাড়ার পেছনে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত কমে যাওয়াও ভূমিকা রাখছে। ২ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে দেশটির অপরিশোধিত তেলের মজুত কমেছে ২০ লাখ ৯০ হাজার ব্যারেল।

একই সময়ে পেট্রোলের মজুতও কমেছে। তবে পরিশোধিত জ্বালানি বা ডিস্টিলেটের মজুত সামান্য বেড়েছে।

মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ বাড়লেও উত্তেজনা কাটেনি

এদিকে মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। মঙ্গলবার সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন ৫৮ লাখ ব্যারেল তেল পরিবহন হয়েছে।

গত সাত থেকে ১০ দিনে মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিন প্রায় ১ কোটি ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এবং ২০ লাখ ব্যারেল পরিশোধিত জ্বালানি সরবরাহ করা হয়েছে।

তবে সরবরাহ বাড়লেও অঞ্চলটির ভূরাজনৈতিক উত্তেজনা এখনো কমেনি। সোমবার সন্ধ্যায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলের জাজান ও নাজরান বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর অভিযান চলার মধ্যেই এসব হামলা হয়েছে। অভিযানে রিয়াদ আকাশপথে সহায়তা দিচ্ছে।

সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে ঝড়ের কারণে সম্ভাব্য সরবরাহ সংকট এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা—দুইয়ের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এখনো ব্যারেলপ্রতি ১০০ ডলারের আশপাশে রয়েছে।

কালের আলো/জেএন

গঙ্গা চুক্তিতে গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৩:৫২ অপরাহ্ণ
গঙ্গা চুক্তিতে গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

ভারতের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন চুক্তি সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি জানিয়েছেন, এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) কারিগরি পর্যায়ের আলোচনা চলছে। এরপর মন্ত্রী পর্যায়ের বৈঠকের মাধ্যমে চুক্তির বাকি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘পানির ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা: তরুণ নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, উভয় দেশের জেআরসির মাধ্যমে বৈঠক হচ্ছে এবং দুই দেশের কারিগরি দল কাজ করছে। ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি সম্পন্ন করার বিষয়ে তারা আশাবাদী।

তিনি বলেন, বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার হলো নতুন চুক্তিতে ১৯৭৭ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তিতে থাকা গ্যারান্টি ক্লজ অন্তর্ভুক্ত করা। ১৯৭৭ সালে প্রথম পাঁচ বছরের জন্য চুক্তি হলেও ১৯৯৬ সালে ৩০ বছরের জন্য নতুন চুক্তি করা হয়। তবে ওই চুক্তিতে গ্যারান্টি ক্লজ রাখা হয়নি।

দীর্ঘমেয়াদি নতুন চুক্তির পাশাপাশি গ্যারান্টি ক্লজ অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে সরকার সক্রিয়ভাবে কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, জনগণ ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।

তিস্তা মহাপরিকল্পনা

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, প্রকল্পটির ফিজিবিলিটি স্টাডির কাজ চলমান রয়েছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞ এবং বুয়েটের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা হয়েছে। প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি সহায়তা নেওয়ার বিষয়েও কাজ চলছে।

তিনি বলেন, ফিজিবিলিটি স্টাডি শেষ করতে সময় লাগবে। ২০২৭ সালের মধ্যে স্টাডি শেষ করে ওই বছরই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার লক্ষ্য রয়েছে।

তিস্তা প্রকল্পে ভারতের কোনো চাপ বা প্রতিবন্ধকতা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের মানুষের স্বার্থই সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

পদ্মা ব্যারেজের কাজ শুরুর লক্ষ্য

পদ্মা ব্যারেজকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের প্রায় এক-তৃতীয়াংশ অঞ্চলের মানুষ এর সুফল পাবে।

তিনি জানান, পদ্মা ব্যারেজের কাজ দৃশ্যমান করার জন্য প্রকল্পটি ইতোমধ্যে একনেকে অনুমোদিত হয়েছে। আগামী বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে যেকোনো সময়ে প্রকল্পটির কাজ দৃশ্যমানভাবে শুরু হতে পারে।

মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজের ফিজিবিলিটি স্টাডি ২০০৪ সালে শুরু হয়ে ২০১৬ সালে শেষ হয়েছিল। পরবর্তী সময়ে প্রকল্পটি দৃশ্যমান হয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার দুই মাসের মধ্যে স্টাডি পুনরায় চূড়ান্ত করে প্রকল্পের কাজ হাতে নিয়েছে।

তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনাও বড় একটি প্রকল্প। এ ধরনের প্রকল্পের স্টাডি এক-দুই সপ্তাহ বা এক-দুই মাসে শেষ করা সম্ভব নয়। প্রয়োজনীয় কারিগরি ও প্রযুক্তিগত কাজ শেষ করেই তিস্তা মহাপরিকল্পনাকে দৃশ্যমান করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

কালের আলো/এসকে/এমএসআইপি 

মহাখালীতে দাঁড়িয়ে থাকা প্রাইম পরিবহনের বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ
মহাখালীতে দাঁড়িয়ে থাকা প্রাইম পরিবহনের বাসে আগুন

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা প্রাইম পরিবহনের একটি এসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে মহাখালী বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা প্রাইম পরিবহনের একটি এসি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে কী কারণে বাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার ঘটনায় আশপাশের লোকজনের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কালের আলো/এসকে/এমএসআইপি 

একনেকে অনুমোদন, পঞ্চগড়ে হচ্ছে দ্বিতীয় করতোয়া সেতু

পঞ্চগড় সংবাদদাতা
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৩:১৪ অপরাহ্ণ
একনেকে অনুমোদন, পঞ্চগড়ে হচ্ছে দ্বিতীয় করতোয়া সেতু

পঞ্চগড়ের যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। দীর্ঘদিনের দাবির পর বহুল প্রত্যাশিত ‘দ্বিতীয় করতোয়া সেতু’ নির্মাণ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ২০৩ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য সেতুটি জেলার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের একনেকের পঞ্চম সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। পঞ্চগড়ের ভজনপুর (নিজবাড়ী)-আটোরখাড়ি-ময়নাগুড়ি-আমতলী-মিরগড়-পঞ্চগড় (জেড-৫০৬০) সড়কের ১৫তম কিলোমিটারে করতোয়া নদীর ওপর নির্মিত হবে সেতুটি।

প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২০৩ কোটি ৫২ লাখ টাকা। চলতি অক্টোবর থেকে নির্মাণকাজ শুরু হয়ে ২০৩০ সালের জুনের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সেতুটি নির্মিত হলে ভজনপুর, আটোরখাড়ি, ময়নাগুড়ি, আমতলী ও মিরগড়সহ আশপাশের অন্তত ১০টি গ্রামের মানুষের জেলা শহরের সঙ্গে যোগাযোগ সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য ও পাথর পরিবহনে সময় ও খরচ কমবে। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও গতি আসবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

সড়ক ও জনপথ বিভাগের (সওজ) পঞ্চগড়ের উপ-বিভাগীয় প্রকৌশলী মোতাহার আলী প্রকল্পটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্বিতীয় করতোয়া সেতুর অনুমোদন জেলাবাসীর জন্য বড় সুখবর। ২০৩ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে আধুনিক মানের সেতুটি নির্মিত হলে সংশ্লিষ্ট এলাকার দীর্ঘদিনের যাতায়াত সমস্যা অনেকটাই দূর হবে। একই সঙ্গে সড়ক যোগাযোগ আরও নিরাপদ ও শক্তিশালী হবে।

স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে করতোয়া নদীর ওই স্থানে একটি টেকসই সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। একনেকের অনুমোদনের মধ্য দিয়ে সেই দাবির বাস্তবায়নের পথ খুলে গেল। সেতুটি নির্মিত হলে যোগাযোগের পাশাপাশি কৃষি, পাথর ব্যবসা ও স্থানীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন এলাকাবাসী।

কালের আলো/এএইচ/এমএসআইপি